ফাইনালে মুশফিক, সাব্বির-নাসিররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের জন্যই সমীকরণটা ছিল সরল। ম্যাচ জেতো, ফাইনালে ওঠো। কাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সরল অঙ্কটা মিলিয়ে ফেলল বিসিবি উত্তরাঞ্চল। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে ৮৮ রানে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম ওয়ানডে আসরের ফাইনালে উঠে গেল উত্তরাঞ্চল। ১২ এপ্রিলের ফাইনালে দলটির প্রতিপক্ষ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।
টস জিতে ব্যাট নিয়ে ৩২১ রান তুলেই দক্ষিণাঞ্চলের জন্য অঙ্কটা জটিল করে ফেলে উত্তরাঞ্চল। যদিও ইনিংসের প্রথম ২৫ ওভার শেষেও বোঝা যায়নি ৩০০ পেরিয়ে যাবে উত্তরের ইনিংস। উইকেট হাতে থাকার সুবিধাটা কাজে লাগিয়েই শেষ ২৫ ওভার ২১২ রান তোলে নাসির হোসেনের দল। এর ১০৯ রান এসেছে আবার শেষ ১০ ওভারে। ২২ বলে ৩৯ রান করে শেষের ধ্বংসযজ্ঞে ভালোই অংশ নিয়েছেন অধিনায়ক নাসির। তবে নাসিরের চেয়েও ভয়ংকর ছিলেন বিশ্বকাপে নিজের জাত চেনানো সাব্বির রহমান। পাঁচ নম্বরে নেমে ৩৪ বলে ৭ চারও ৩ ছয়ে ৬৬ রান করেছেন। সাব্বিরের চেয়ে আবার একটি ছক্কা বেশি মেরেছেন চারের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ম্যাচের সেরা মুশফিক ৬৬ বলে করেছেন ৭৮। তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে ১২০ রানের জুটি গড়া নাঈম ইসলাম ১০৭ বলে করেছেন ৮০। পঞ্চম উইকেটে ৪৪ বলে ৭৯ রান যোগ করেন সাব্বির-নাসির।
৩২২ রানের লক্ষ্য, তার ওপর জয়ের বাধ্যবাধকতা। চাপে পড়েই ১১৭ রানে ৬ উইকেট নেই দক্ষিণাঞ্চলের। এরপর মাশরাফির দলের বোলিং অলরাউন্ডাররা চেষ্টা করলেন শুধু ব্যবধান কমানোর। এবং তাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক মাশরাফিই। আগের ম্যাচে ৩৩ বলে অপরাজিত ৫০ রান করা মাশরাফির কালও আট নম্বরে ব্যাট করে ইনিংস সর্বোচ্চ ৬৯ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া মাশরাফির ৪৪ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছয়। ২৮ বলে ৩৯ রান তুলে অধিনায়ককে ভালোই সঙ্গ দিয়েছেন অফ স্পিনার সোহাগ গাজী।