ফাইনালে মোহামেডান

ওপেনিংয়ে জুটি বেঁধে দুজন দলকে এনে দিলেন শক্ত ভিত্তি। পরে অফ স্পিনে দুজন হয়ে উঠলেন প্রতিপক্ষের জন্য দুর্বোধ্য। সাথিরা জাকির ও আয়েশা রহমানের অলরাউন্ড পারফরম্যান্সে মেট্রোপলিটন মহিলা ক্রিকেটের ফাইনালে উঠেছে মোহামেডান। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে গুলশান ইয়ুথকে হারিয়েছে তারা ৯৯ রানে।
বৃষ্টির কারণে গত ২১ জুন স্থগিত হয়েছিল এই টুর্নামেন্ট। বৃষ্টি দফায় দফায় বাগড়া দিয়েছে কালও। মোহামেডানের জয় তাই বৃষ্টিকে হারিয়েও। টসজয়ী মোহামেডানকে ১০২ রানের দারুণ এক শুরু এনে দেন সাথিরা ও আয়েশা। ৬৭ বলে ৪২ রানে আয়েশার আউটের পর গতি হারায় ইনিংস। ৬২ বলে ৫ চারে ৪৩ রানে ফিরে যান সাথিরা। ৪২ রানের মধ্যে মোহামেডান হারায় ৬ উইকেট!
বৃষ্টিতে ইনিংস থমকে যায় ৩৩ ওভারেই। ডাকওয়ার্থ-লুইসে গুলশান ইয়ুথের লক্ষ্য দাঁড়াল ৩৩ ওভারে ১৫৯। কিন্তু শুরু থেকে উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে তারা জয় থেকে ১০০ রান দূরে। সাথিরা ও আয়েশা দুজনই চার ওভার বোলিং করে দুটি মেডেন নিয়ে পেয়েছেন দুটি করে উইকেট। ম্যাচসেরার লড়াইয়ে যদিও জিতেছেন সাথিরা জাকির। আগামীকাল দ্বিতীয় সেমিতে মুখোমুখি আবাহনী ও খেলাঘর।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান: ৩৩ ওভারে ১৪৬/৬ (সাথিরা ৪৩, আয়েশা ৪২, সালমা ১১, সুলতানা ১০, বৃষ্টি ২/৩০, ফাহিমা ১/১৬, জেসমিন ১/২১, হ্যাপি ১/২৪); গুলশান ইয়ুথ: ২৭.১ ওভারে ৫৯ (ফাহিমা ২৩, জান্নাতুল ১৯, মাহমুদা ১১, সাথিরা ২/৫, আয়েশা ২/৯, ইতি ১/১, তাজিয়া ১/৭, তাহিন ১/১৪)।
ফল: মোহামেডান ৯৯ রানে জয়ী (ডাকওয়ার্থ-লুইসে); ম্যান অব দ্য ম্যাচ: সাথিরা জাকির।