ফাইনালে সাকিব বনাম স্যামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান  ও  ড্যারেন স্যামি
সাকিব আল হাসান ও ড্যারেন স্যামি

‘আজ কথা বলব না’—অনুশীলন শেষে বিসিবি একাডেমি মাঠ ছেড়ে দ্রুত বেরিয়ে গেলেন সাকিব আল হাসান। বিপিএল ফাইনাল নিয়ে কাল তাই ঢাকা ডায়নামাইটস অধিনায়কের ভাবনাটা জানা হলো না। তবে সাকিব যে তৃষিত চোখে শিরোপার অপেক্ষায়, সেটি জানিয়েছেন আগেই, ‘চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আমার আর কোনো লক্ষ্য নেই।’
শিরোপার স্বপ্ন ড্যারেন স্যামির চোখেও। ঢাকাকে রাজশাহী কিংস অধিনায়ক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন খুলনা টাইটানসের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতেই, ‘আমাদের আরেকটি খেলা বাকি আছে। ফাইনালে নিজেদের সেরাটা দিতে আমরা অপেক্ষায় আছি। আশা করি, সেটা পারব।’
ঢাকা-রাজশাহীর লড়াইয়ের মোড়কে বিপিএল ফাইনাল স্যামি-সাকিবের লড়াইও। দুজনই ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সফল খেলোয়াড়। তবে দুজনের সাফল্যের ক্যানভাসটা দুই রকম। স্যামি দুবার টি-টোয়েন্ট বিশ্বকাপজয়ী অধিনায়ক। জাতীয় দলের না হলেও আইপিএল-সিপিএলে শিরোপা জেতার অভিজ্ঞতা আছে সাকিবের।
বিপিএলেও ঢাকা এগিয়ে চলেছে সাকিবের অসাধারণ নেতৃত্বে। যদিও বাঁহাতি অলরাউন্ডারের ব্যক্তিগত পারফরম্যান্সটা খুব একটা উজ্জ্বল নয়। বিপিএলের প্রথম দুই আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট সাকিব এবার ম্যান অব দ্য ম্যাচই প্রথম হয়েছেন দলের অষ্টম ম্যাচে। ঢাকা অধিনায়ক অবশ্য জানিয়েছেন নিজের পারফরম্যান্স নিয়ে মোটেও চিন্তিত নন, ‘আমি অবদান রাখি না-রাখি, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো দলের পারফরম্যান্স।’
স্যামি দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই। এলিমিনেটর ম্যাচে অপরাজিত ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে চিটাগং ভাইকিংসকে একাই বিদায় করে দিয়েছেন রাজশাহী অধিনায়ক। খুলনা টাইটানসের বিপক্ষে স্যামির অপরাজিত ৭১ কিংবা রংপুর রাইডার্সের সঙ্গে অপরাজিত ৪৪ রানের দুটি ইনিংসও বিশেষ স্মরণীয়। শুধু ভালো খেলাই নয়, ক্যারিবীয় অলরাউন্ডার মাঠে-মাঠের বাইরে সারাক্ষণ মাতিয়ে রাখছেন সতীর্থদের। স্যামির সাহচর্য যেন উজ্জীবিত হওয়ার দারুণ টোটকা। আজ ফাইনালেও কি দ্যুতি ছড়াবেন স্যামি?
২৩০টি টি-টোয়েন্টি খেলা স্যামির জানা আছে বড় মঞ্চে কীভাবে আলো ছড়াতে হয়, ‘এটা শুধু আরেকটা ম্যাচ। তবে অবশ্যই বড় ম্যাচ। নিশ্চয়ই জানেন টি-টোয়েন্টির ফাইনালের অভিজ্ঞতা খুব একটা খারাপ নয়। আশা করি, এবারও পারব। ভালো একটা উদ্যাপন হবে। আমাদের যাত্রাটা অসাধারণ হয়েছে, আগামী দুই দিনেও এটা ধরে রাখার চেষ্টা করব।’
এখন পর্যন্ত কোনো বিদেশি অধিনায়কের হাতে ওঠেনি বিপিএল শিরোপা। অধিনায়ক হিসেবে সাকিবেরও কখনো জেতা হয়নি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সাকিব-স্যামি যিনিই জিতুন, ব্যতিক্রম এই ছবিটা অন্তত এবার দেখা যাবে।

এই বিপিএলে তাঁরা দুজন
ম্যাচ রান সর্বোচ্চ উইকেট সেরা
সাকিব ১৩ ২১৪ ৪১* ১১ ২/১১
স্যামি ১৪ ২৭০ ৭১* ৫ ২/৩৪