ফাইনালে সুপার ওভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে বলা হয়েছিল, বিশ্বকাপের ফাইনাল যদি টাই হয়, তাহলে দুদলকে যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে৷ কিন্তু টুর্নামেন্ট শুরুর দিন পনেরো আগেই এল আইসিসির নতুন ঘোষণা। ফাইনাল টাই হলে যুগ্ম বিজয়ী নয়, শিরোপা মীমাংসা হবে সুপার ওভারে। দুবাইয়ে সদ্য সমাপ্ত আইসিসির বোর্ড সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। তবে সুপার ওভার শুধু ফাইনালের ক্ষেত্রেই প্রযোজ্য৷ কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে টাই হলে পয়েন্টের বিচারে এগিয়ে থাকা দলই যাবে পরের রাউন্ডে৷ দুবাইয়ের সভা একটা স্বস্তির খবর এনেছে বিশ্বকাপে অধিনায়কদের জন্যও। মন্থর ওভার রেটের কারণে আগে পাওয়া কম গুরুতর সতর্কবার্তা ধরা হবে না বিশ্বকাপে। অর্থাৎ শুধু বিশ্বকাপে কেউ দুবার মন্থর ওভার রেটের জন্য সতর্কবার্তা পেলে, তবেই সেটি শাস্তিযোগ্য হবে। তাই বলে আগে পাওয়া সতর্কবার্তা থেকে রেহাই মিলবে না। বিশ্বকাপের পর প্রথম দ্বিপক্ষীয় সিরিজ থেকেই সেগুলো আবার ধরা হবে। আইসিসিক্রিকেটডটকম।