ফাইনালেই প্রথম হার

১০৫ রান করার পরও খুব নিরাশ হওয়ার কারণ ছিল না। টুর্নামেন্টে যে বাংলাদেশের বিপক্ষে ৫৯ রানের বেশি তুলতে পারেনি কোনো দলই। কিন্তু মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে কাল বাংলাদেশের বেঁধে দেওয়া ১০৬ রানের লক্ষ্য আয়ারল্যান্ড ছুঁয়ে ফেলল ২ উইকেট হাতে রেখেই।
ফাইনালে ওঠাতেই আগামী মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত। ব্যাংককের ফাইনালটা ছিল বাছাইপর্বের শ্রেষ্ঠত্বের লড়াই। তাতে হারল বাংলাদেশ, মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে প্রথম হার।
টস জিতে ব্যাটিংয়ে যাওয়া বাংলাদেশকে ৫ ওভার শেষে ২১ রান এনে দিয়েছিলেন দুই ওপেনার শারমিন আখতার ও নিগার সুলতানা। এরপর যখন একটু চড়াও হওয়ার কথা, তখনই আসে জোড়া আঘাত। ষষ্ঠ ওভারের প্রথম দুই বলেই শারমিন ও লতা মণ্ডলকে (০) ফিরিয়ে দেন লেগ স্পিনার সিয়ারা মেটক্যাফ। তৃতীয় উইকেটে নিগার ও রুমানা আহমেদ ৭৪ রানের জুটি গড়লেও তাঁরা খেলে ফেলেন ১৩.২ ওভার। নিগার সুলতানা ২টি চারে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন। রুমানা ৪৩ বলে ৩৮ করে থাকেন অপরাজিত।
হাতে ৭ উইকেট জমিয়ে রেখেও রানটা কম ওঠায় বোলিংয়ে ভালো শুরুটা ছিল জরুরি। কিন্তু বল হাতে অধিনায়ক জাহানারা নিজেই প্রথম ওভারে দেন ১১ রান। সাবেক অধিনায়ক সালমা তাঁর প্রথম ওভারে দিয়েছেন ১৩। আইরিশ ওপেনার সেসেলিয়া জয়েস ৩০ বলে ৩২ রান করে দলকে দেন দারুণ ভিত্তি। তাঁর হাত থেকেই ব্যাটন নিয়ে বাকি কাজটা সারেন লরা ডিলানি।
তবে ৯০ থেকে ৯৭—এই ৭ রানে আয়ারল্যান্ড ৩ উইকেট হারালে কী হয় কী হয় উত্তেজনা ছড়িয়ে পড়ে ম্যাচে। শেষ ওভারে আইরিশদের দরকার ছিল ৮ রান, শেষ বলে ১। কিন্তু হার এড়াতে পারল না বাংলাদেশ। প্রথম হারল ফাইনালেই। ব্যাটিংয়ে অপরাজিত ৩৮ রানের পর ১৬ রানে ২ উইকেট—রুমানা আহমেদই পেয়েছেন ফাইনাল-সেরার স্বীকৃতি। টুর্নামেন্টজুড়েই উজ্জ্বল বোলিংয়ে ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট-সেরাও তিনি। তবে ফাইনালের হারটা হয়তো একটু অতৃপ্তির কাঁটার মতোই বিঁধছে রুমানাকে। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১০৫/৩ (নিগার ৪১, রুমানা ৩৮*, শারমিন ৯, ফারজানা হক ৬*; সিয়ারা ৩/১৪)।
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১০৬/৮ (জয়েস ৩২, ডিলানি ২৬*; রুমানা ২/১৬, নাহিদা ২/১৮, সালমা ১/২৯)।
ফল: আয়ারল্যান্ড ২ উইকেটে জয়ী।