ফাইনালের অনুজ্জ্বল সাকিব আজ কি জ্বলবেন

ফাইনালের আগে নিজেকে শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছেন সাকিব আল হাসানছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচবার!

মাশরাফি বিন মুর্তজাকে টপকে গেলেন সাকিব আল হাসান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) এত দিন সর্বোচ্চসংখ্যক ফাইনাল খেলার তালিকায় সমান অবস্থানে ছিলেন মাশরাফি-সাকিব।

চারবার করে ফাইনাল খেলেছেন দুজন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ফরচুন বরিশাল অধিনায়ক হিসেবে সাকিব টস করতে নামবেন। ব্যস, পেছনে পড়বেন মাশরাফি, সাকিবের মুকুটে সংযুক্ত হবে আরেকটি পালক।

সেই ‘পালক’ ফাইনালের, আর কে না জানে বড় মঞ্চে সাকিব সব সময়ই জ্বলে ওঠেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ তার সবচেয়ে উজ্জ্বল প্রমাণ। দেশের হয়ে এমন আরও অনেক পারফরম্যান্সই তাঁর আছে। ফাইনাল তো ফাইনালই—বড় মাপের ক্রিকেটারদের পারফরম্যান্সের মঞ্চ।

সাকিব সে মঞ্চে অর্থাৎ বিপিএল ফাইনালের মঞ্চে কতটা সফল, সে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অবশ্য ভক্তরা হতাশ হবেন।

ফাইনালে সাকিবের কাছ থেকে ব্যাটে–বলে পারফরম্যান্স চায় বরিশাল
ছবি: প্রথম আলো

বিপিএলে প্রথম দুই সংস্করণে (২০১২ ও ২০১৩) টুর্নামেন্ট–সেরা হয়েছিলেন সাকিব। ২০১৮ সালের সংস্করণেও হয়েছেন টুর্নামেন্ট–সেরা। এর মধ্যে ২০১৩ সালের টুর্নামেন্টে ফাইনালে তাঁর অবদান ছিল। আগে ব্যাটিংয়ে নেমেছিল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ঢাকা গ্লাডিয়েটরস।

ষষ্ঠ ওভারে (২/৪৫) মোহাম্মদ আশরাফুল আউট হওয়ার পর নেমে ২৯ বলে ৪১ রানের দারুণ এক ইনিংস খেলেন সাকিব। ২ চার ও ২ ছক্কায় ১৪১.৩৭ স্ট্রাইক রেটে সাজানো সে ইনিংসে ১৭২ তুলে ফেলে ঢাকা। বোলিংয়ে ৩ ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট না পেলেও খারাপ করেননি। সেটাই সাকিবের প্রথম শিরোপা।

মাঝে এক মৌসুম পর আবারও ফাইনালের (২০১৬) দেখা পান সাকিব। এবার ঢাকার হয়েই তবে গ্লাডিয়েটরস নামটা আর নেই—ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমেছিল ঢাকা। কুমার সাঙ্গাকারা, ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলদের পর আটে নামেন সাকিব।

১৫.৫ ওভারে দলীয় ১৩৩/৬ রানে ব্যাটিংয়ে নামেন। ২ ছক্কায় ৭ বলে ১২ রান করে আউট হন। আর কিছুক্ষণ থাকলে ঢাকা ১৫৯/৯ রানের বেশি তুলতে পারত। অবশ্য ফাইনাল জিততে এই সংগ্রহই পরে পর্যাপ্ত হয় আবু জায়েদ (৩-০-১২-২) ও সানজামুল ইসলামদের (৪-০১৭-২) বোলিংয়ের জন্য।

এবার বিপিএলে ভালোই ফর্মে আছেন সাকিব। ফাইনালেও কি ফর্মটা টেনে নিতে পারবেন
ছবি: শামসুল হক

২ উইকেট নিয়েছিলেন অধিনায়ক সাকিবও। ৪ ওভারে দেওয়া ৩০ রানে আবু জায়েদ ও সানজামুলকে ছাপিয়ে যেতে পারেননি। বিপিএলে অধিনায়ক সাকিবের সেটাই প্রথম শিরোপা।

অধিনায়ক সাকিব সেখানেই থামতে চাননি। পরের মৌসুমে (২০১৭) আবারও ঢাকা ডায়নামাইটসকে তোলেন ফাইনালে। এবার অবশ্য ‘খলনায়ক’! আগে ব্যাটিংয়ে নামা রংপুর রাইডার্সের হয়ে ৬৯ বলে অপরাজিত ১৪৯ রানের ‘সাইক্লোন’ ইনিংস খেলেন ক্রিস গেইল। ২০৬/১ রানের পাহাড় দাঁড় করায় রংপুর।

তবে রংপুর এত বড় সংগ্রহ পেত না কিংবা গেইলও শতক পেতেন না যদি ক্যারিবিয়ান তারকা ২২ রানে থাকতে কাভারে তাঁর ক্যাচ না ফেলতেন সাকিব।

৩ ওভারে ১ মেডেনে ২৬ রানে ১ উইকেট নেওয়া সাকিব সেদিন কেন নিজের বোলিংয়ের কোটা পূরণ করলেন না—এ প্রশ্নটা তাঁর সাহসকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। কারণ, তাঁর শুরুটা দারুণ ছিল।

উইকেট-মেডেন নিয়ে শুরু করেছিলেন। গেইল-ঝড়ের সামনে বুঝি আর দাঁড়াতে চাননি! পরে ব্যাটিংয়ে চারে নেমে ১৬ বলে তাঁর ২৬ রানের ইনিংস দলের জয়ের জন্য মোটেও পর্যাপ্ত হয়ে ওঠেনি।

আজ ফাইনালে আগে ফিল্ডিং করবে সাকিবের বরিশাল
ছবি: প্রথম আলো

অধিনায়ক সাকিব নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন। আগের ফাইনালে গেইলের রুদ্রমূর্তির কাছে হারতে হয়। পরের সংস্করণে অর্থাৎ ২০১৮ বিপিএলে ঢাকাকে আবারও ফাইনালে তোলেন সাকিব। এই নিয়ে টানা তিনবার! তার মধ্যে শেষ দুবার হার মানতে হয় দুই বাঁহাতির কাছে। ২০১৭ সংস্করণে গেইল, ২০১৮ সংস্করণে তামিম ইকবাল—দুজনের ইনিংসের ধরনও প্রায় একই।

২০১৮ সংস্করণের ফাইনাল অনুষ্ঠিত হয় ৮ ফেব্রুয়ারি ২০১৯ সালে। সে ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম ইকবাল ৬১ বলে ১৪১ রানের দানবীয় ইনিংস খেলেন। ৪ ওভারে ৪৫ রানে ১ উইকেট নেওয়া সাকিব কোনোভাবেই তামিমকে থামাতে পারেননি। ১৯৯/৩ রান তোলে কুমিল্লা।

তাড়া করতে নামা ঢাকার হয়ে নিজের ক্যারিয়ারে খেলা আগের তিনটি বিপিএলের ফাইনাল তুলনায় সেবারই সবচেয়ে বাজে ব্যাট করেন সাকিব। চারে নেমে ৫ বলে ৩ রানে আউট। কুমিল্লার ১৭ রানের জয় দেখে মনে হতেই পারে, সাকিব আরেকটু দাঁড়ালেই হয়তো...।

আজও অধিনায়ক সাকিবের সামনে তেমন এক মুহূর্ত। নিজের দলে ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো ও মুজিব উর রেহমান থাকলেও সবাই জানে বরিশালের এবার ফাইনালে ওঠায় সাকিবই ‘নিউক্লিয়াস।’

ফাইনালে সাকিব–গেইলের ব্যাটে তাকিয়ে বরিশাল
ছবি: প্রথম আলো

স্রেফ মনঃসংযোগ ধরে রাখতে পারলেই বিপিএল ফাইনালে প্রথমবারের মতো হয়তো দলকে একাই জেতানোর মতো পারফরম্যান্স দেখা যেতে পারে সাকিবের কাছ থেকে। আগের চার ফাইনালে তাঁর পারফরম্যান্স—৪ ম্যাচে বল হাতে ৪ উইকেট, ব্যাটিংয়ে ৮২। বড় মঞ্চে সাকিব আল হাসান নামের পাশে কতটা মানানসই?