ফাইনালের টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>অতি প্রত্যাশার চাপে ফাইনালটা প্রায়ই জমে না। চতুর্থ বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস দারুণ এক প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শিরোপা লড়াইটা হলো একেবারেই একপেশে। রাজশাহীকে ৫৬ রানে হারিয়ে চতুর্থ টুর্নামেন্টে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নিল ঢাকা। ম্যাচটা শেষ পর্যন্ত নিষ্প্রাণ হলেও ম্যাচ জুড়ে হাজারো দর্শকের উচ্ছ্বাসের মধ্যে তৈরি হলো টুকরো টুকরো গল্প—

দর্শকের ঢল

ক্রিস গেইল আসার পর ঢাকা ডায়নামাইটস-চিটাগং ভাইকিংস ম্যাচেও দর্শকের ঢল দেখা গেছে। তবে কাল বিপিএল ফাইনাল ছাড়িয়ে গেছে আগের সব ম্যাচ। প্রায় ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল আসলেই তিল ধারণের জায়গা ছিল না। এমনিতে ফাইনাল উপলক্ষে টিকিটের দাম বাড়ানো হয়েছে। কালোবাজারে সেই টিকিটের দাম বেড়ে দ্বিগুণ-তিন গুণ হয়েছে। তবু ফাইনালের সাক্ষী হতে দর্শকদের আগ্রহের কমতি নেই! দর্শকের এই বিপুল উপস্থিতি একটা আক্ষেপও জাগিয়েছে, টুর্নামেন্টজুড়ে যদি গ্যালারি এমন ভরা থাকত!

মিরপুরে ড্রোন
ড্রোন শব্দটাই যেন আতঙ্কের! সামরিক অভিযানে নিয়মিত ব্যবহার হওয়া যন্ত্রটি বেশ ভীতি জাগানিয়া। কাল মিরপুরে দেখা গেছে এই ড্রোন। অবশ্য ভিডিওর কাজেই ব্যবহৃত হয়েছে এটি। ড্রোনটি পাখির মতো উড়ে উড়ে দর্শক ও মাঠের ছবি ধারণ করেছে। যখনই সেটি গ্যালারিতে গেছে, দর্শকদের হর্ষধ্বনি দেখে কে! মাঠে অবশ্য ড্রোনের ব্যবহার নিয়ে প্রশ্ন আছে। গত বছরের জুলাইয়ে মিরপুরে অনুশীলনে ড্রোন উড়িয়ে সমালোচিত হয় দক্ষিণ আফ্রিকা।

ফরহাদের ক্যাচ
শুরুতেই রাজশাহীর ফিল্ডারদের হাত যেন ভীষণ পিচ্ছিল হয়ে উঠল কাল। ফাইনালের চাপেই কি না শুরুতেই একের পর এক ক্যাচ পড়ল তাদের হাত গলে। প্রথম পাঁচ ওভারে ক্যাচ উঠেছে পাঁচটি। রাজশাহী ধরতে পেরেছে এর একটি। তবে বাজে ফিল্ডিংয়ের মধ্যেই দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন ফরহাদ রেজা। আন্দ্রে রাসেলের উড়িয়ে মারা বলটা শূন্যে থেকেই সীমানার ভেতরে এনেছেন, এরপর ঝাঁপিয়ে লুফে নিয়েছেন। মজাটা হলো, ফরহাদ ক্যাচটা ধরার পর সবাই ধন্দে পড়ে যায়। ফরহাদের গায়ে যে সালমানের জার্সি!

সেলফির জবাব সেলফি!
উইকেট পাওয়ার পরই অদৃশ্য ক্যামেরায় সতীর্থদের নিয়ে ড্যারেন স্যামির সেলফি তোলার উদ্যাপনটা এবারের বিপিএলে বেশ সাড়া ফেলেছে। তবে কাল এই উদ্যাপনটাই কাঁটা হয়ে বিঁধেছে তাঁদের কাছে। আগের দুই সাক্ষাতে ঢাকার বিপক্ষে রাজশাহীর জয়ের নায়ক সামিত প্যাটেল কালও স্বপ্ন দেখাচ্ছিলেন রাজশাহীকে। কিন্তু ১৪.৩ ওভারে সেই স্বপ্নের সমাধি! সানজামুল ইসলামকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে রাসেলের অসাধারণ এক ক্যাচ হয়েছেন ইংলিশ অলরাউন্ডার। তখনই ঢাকার উদ্যাপন—অদৃশ্য ক্যামেরায় সেলফি!

ছক্কা-অক্কা!
ঢাকা রাজশাহীর লড়াইয়ের মোড়কে বিপিএল ফাইনালটা ছিল স্যামি-সাকিবের লড়াইও। ক্যারিবীয় অলরাউন্ডার যখন বাংলাদেশ অলরাউন্ডারকে বিশাল এক ছক্কা মারলেন, মনে হচ্ছিল দুই অধিনায়কের যুদ্ধটা ভালোই জমবে। ঠিক এর পরের বলেই স্যামিকে বোল্ড করে দিলেন সাকিব। ঢাকা অধিনায়ককে ছক্কা মারার পরের বলেই রাজশাহী অধিনায়কের ‘অক্কা’! পুরো ম্যাচের প্রতীকী ছবিও এটা। ফাইনাল জয়ের হাসি শেষ পর্যন্ত সাকিবের মুখেই।

ডিজে ব্রাভো
রাজশাহীকে হারানোর পর ঢাকা ডায়নামাইটসের ল্যাপ অব অনার শেষে ডিস্ক জকির (ডিজে) মঞ্চে উঠলেন ডোয়াইন ব্রাভো। নিজেকে ‘ডিজে ব্রাভো’ পরিচয় দিতে ভালোবাসেন ক্যারিবীয় অলরাউন্ডার। ডিজের কাজটা যে ভালোই পারেন, সেটিই করে দেখালেন ঢাকা অলরাউন্ডার। তাঁর বিখ্যাত গান ‘চ্যাম্পিয়ন’-এর তালে গাইলেন, নাচলেন।

.
.