ফাইনালের স্বপ্ন পূরণ নিউজিল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই বিশ্বকাপ ফাইনালের স্বপ্নটা পায়ে ঠেলল দক্ষিণ আফ্রিকা ছবি: এএফপি
এভাবেই বিশ্বকাপ ফাইনালের স্বপ্নটা পায়ে ঠেলল দক্ষিণ আফ্রিকা ছবি: এএফপি

এর আগে ছয়বার বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। একবারও ফাইনালে খেলতে না পারার দুঃখটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল দেশটির ক্রিকেটের সঙ্গে। আজ অকল্যান্ডে সেই দুঃখটাকে ধুয়ে-মুছে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিল তারা। নিউজিল্যান্ডের এই অনন্য সাফল্যের দিনে নিজেদের বিষাদের ইতিহাসটা আরও দীর্ঘ করল দক্ষিণ আফ্রিকা। আরও একটি বার ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সঙ্গী না পাওয়ার বেদনাই।
নিউজিল্যান্ড ম্যাচটা জিতেছে ৪ উইকেটে। ৪৩ ওভারে ২৯৮ রান তাড়া করে এই জয় অনন্য-অসাধারণ। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে ফাইনালে ওঠার কঠিন মিশনের চ্যালেঞ্জটা প্রথমে নিয়েছিলেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামই। তাঁর ২৬ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস ভিত্তি তৈরি করে দিয়েছিল দৃপ্ত পদক্ষেপে লক্ষ্যের দিকে এগিয়ে চলার। অধিনায়কের দেখিয়ে দেওয়া পথে নিউজিল্যান্ডের অন্যান্য ব্যাটসম্যানরাও নিজেদের মেলে ধরেছিলেন দুর্দান্ত রূপেই। কোরি অ্যান্ডারসনের ৫৮ রানের সঙ্গে গ্রান্ট এলিয়টের হার না মানা ৮৪। বলের হিসেবের সঙ্গে পাল্লা দিয়ে গড়া প্রতিটি ইনিংস। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে কেন সেরা দল বলা হচ্ছে তাঁর নমুনাটা রেখেই যেন মেলবোর্নের ফাইনালে অন্যতম স্বাগতিক নিউজিল্যান্ড।

টসে জিতে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৮তম ওভারে বৃষ্টি এসেই যেন গড়ে দিয়েছিল প্রোটিয়াদের ভাগ্য। অথচ, বৃষ্টির দুর্বিপাকে নির্ধারিত ওভার ৫০ থেকে কমে ৪৩ হয়ে যাওয়ার পর সুবিধাজনক অবস্থানে কিন্তু ছিল দক্ষিণ আফ্রিকাই। ৪৩ ওভারে তাদের করা ২৮১ রান ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের জন্য বেড়ে হয় ২৯৮। রান তাড়া করার রাস্তায় বাধার পরিমাণ বেড়ে গেলে মানসিকভাবে একটু পিছিয়ে থেকেই শুরু করতে হয়। কিন্তু নিউজিল্যান্ডের রান তাড়ার মধ্যে মানসিকভাবে পিছিয়ে থাকার কোনো কিছু কখনোই দেখা যায়নি। বরং লক্ষ্য ১৭ রান বেড়ে গেলেও শক্তিশালী মানসিকতা দিয়েই এই কঠিন মিশনে সফল কিউইরা। নিজেদের পুঁজি রক্ষায় প্রোটিয়াদের জীবনপণ লড়াইও শেষ পর্যন্ত তুচ্ছ নিউজিল্যান্ডের অসাধারণ ব্যাটিংয়ের কাছে। নিউজিল্যান্ডের ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রথমে ফাফ ডু প্লেসি ও পরে ফারহান বেহারডিয়েনের দুটি ক্যাচ নিতে না পারাটা খেলার ফলাফলে অবশ্যই প্রভাব রেখেছে। শুধু ক্যাচই নয়, গুরুত্বপূর্ণ সময়ে একাধিক রান আউট ফসকে যাওয়াটাকেও আজ দক্ষিণ আফ্রিকার পরাজয়ে বড় ভূমিকা রেখেছে।

২৯৮ রান তাড়া করতে নেমে ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ডকে এনে দিয়েছিলেন উড়ন্ত সূচনা। ২৬ বলে ৫৯ রানের এই ইনিংসটিতে ছিল দারুণ কিছু করে দেখানোর প্রত্যয়। ৮টি চার ও ৪টি ছয়ে সাজানো এই ইনিংসটিই এলোমেলো করে দেয় স্টেইন-মরকেল-ফিল্যান্ডারদের নিয়ে গড়া ‘শক্তিধর’ প্রোটিয়া বোলিংকে। ম্যাককালামকে স্টেইনের ক্যাচ বানিয়ে মরকেল ফেরালে আশার সঞ্চার হয়েছিল দক্ষিণ আফ্রিকা শিবিরে। কিন্তু মার্টিন গাপটিল (৩৪) আর রস টেলর(৩০) অধিনায়কের দেখিয়ে দেওয়া পথে হেঁটে আরও অনেক খানি এগিয়ে দেন দলকে। তবে নিউজিল্যান্ডের রান তাড়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেছেন গ্রান্ট এলিয়ট। ৭৩ বলে ৮৪ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। এর ফাঁকে এলিয়টকে দারণ সঙ্গ দিয়েছেন কোরি আন্ডারসন। তাঁর ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ৫৮ রানের দারুণ কার্যকর এক ইনিংস। 

দক্ষিণ আফ্রিকার বোলারদের জন্য আজকের দিনটা দুঃস্বপ্নের মতোই। স্টেইনের মতো বোলার তাঁর এক উইকেটের জন্য খরচ করেছেন ৭৬ রান। শেষ ওভারেও ডুবিয়েছেন তিনি। শেষ ওভারে দরকার ছিল ১২, শেষ দুই বলে ৬। পঞ্চম বলেই স্টেইনকে উড়িয়ে মেরে জয় নিশ্চিত করেন এলিয়ট। মরকেল ৩ উইকেট নিয়েছেন বটে, কিন্তু তা ৫৯ রানের খরচে। ফিল্যান্ডার ৮ ওভারে দিয়েছেন ৫২। ইমরান তাহির ছিলেন উইকেট শূন্য। জেপি ডুমিনিও তাঁর এক উইকেট নিয়েছেন ওভারপ্রতি সাড়ে আট রান খরচ করে! রান আউট মিস ও ক্যাচ নিতে না পারার ব্যর্থতার কথা তো বলা হয়েছেই।

সকালে টসে জিতে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্টের বোলিং তোপের মুখে একটু বিপদেই ছিল দক্ষিণ আফ্রিকা। তবে শুরুর বিপর্যয় সামলে ফ্যাফ ডু প্লেসি ও এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যাচ্ছিলেন বড় সংগ্রহের পথেই। নিউজিল্যান্ডের ফিল্ডাররাও বেশ কয়েকটি ক্যাচ ফেলে প্রোটিয়া ব্যাটসম্যানদের আধিপত্যের সুযোগটা করে দিয়েছিলেন বেশ ভালোভাবেই। রাইলি রুশোও খারাপ খেলেননি। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা যখন স্বস্তিদায়ক সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই বৃষ্টি এসে বাদ সাধে অকল্যান্ডের ইডেন পার্কে।

বৃষ্টি শেষে মাত্র ৫ ওভার খেলার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সময় নায়ক ছিলেন ডেভিড মিলার। তিনি ১৮ বলে ৪৯ রান করে অকল্যান্ডে ছোটখাট এক ঝড়ই তুলে দিয়েছিলেন। মূলত মিলার-ঝড়েই রানটাকে স্বস্তিদায়ক করতে পেরেছিল তারা। কিন্তু লাভ হলো কই।

আরেকটি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার জন্য আরেকটি দুঃখগাথা। ওদিকে স্বপ্নের ফাইনালে নিউজিল্যান্ড, স্বপ্নটাকে আরও দীর্ঘায়িত করার অপেক্ষায়!