ফাইনালের স্বপ্নে আফগান-ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে একসঙ্গে চার ব্যাটসম্যান! আইসিসি রানার নেওয়ার নিয়ম বাতিল করে দিলেও যৌক্তিক কারণেই শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেটে নিয়মটি আছে। বিকেএসপিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যেমন একটা সময় বাংলাদেশের দুই ব্যাটসম্যানই খেললেন রানার নিয়ে l প্রথম আলো
মাঠে একসঙ্গে চার ব্যাটসম্যান! আইসিসি রানার নেওয়ার নিয়ম বাতিল করে দিলেও যৌক্তিক কারণেই শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেটে নিয়মটি আছে। বিকেএসপিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যেমন একটা সময় বাংলাদেশের দুই ব্যাটসম্যানই খেললেন রানার নিয়ে l প্রথম আলো

অল্প কিছু দর্শকের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ চিৎকারেই প্রকম্পিত গ্যালারি। জিততে হলে শেষ ২ ওভারে ১৪ রান চাই আফগানিস্তানের। ৩ বল হয়ে গেছে। রান হয়েছে ২, পড়ে গেছে সপ্তম উইকেট। বাকি ৯ বলে দরকার ১২। সম্ভাবনাটা ৩ উইকেট হাতে থাকা আফগানদের দিকেই ঝুঁকে থাকলেও দর্শকদের উল্লাসধনিতে উল্টো তারাই যেন চাপে!
মাত্র তিন বলেই সেই চাপ উধাও। বাঁহাতি স্পিনার দ্রুপম পত্রনবিশের চতুর্থ বলে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে দিলেন সাঙ্গার (১৯*)। উইকেটকিপারের ব্যর্থতায় পরের বলে বাই চার। শেষ বলে ক্যাচ দিয়েও বেঁচে গিয়ে সাঙ্গার প্রান্ত বদলালেন আবদুল্লাহর সঙ্গে। শেষ ওভারে লাগে মাত্র ১ রান। প্রথম বলেই কাঙ্ক্ষিত সেই রানটা নিয়ে উল্লাসে মাতলেন দুই আফগান ব্যাটসম্যান। কেউ খুঁড়িয়ে, কেউ অদ্ভুতভাবে লাফিয়ে যোগ দিলেন জয়োৎসবে। সবার মধ্যে ইতিহাসের অংশ হয়ে যাওয়ার আনন্দ। শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটে এটাই যে আফগানিস্তানের প্রথম জয়!
বিকেএসপিতেই দিনের অন্য ম্যাচে ভারতকে ৪৩ রানে হারিয়েছে পাকিস্তান। হ্যাটট্রিক করেছেন জয়ী দলের ফাইয়াজ আহমেদ। এই জয়ে ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ। আফগানিস্তানকে হারাতে পারলে ফাইনালে উঠে যাবে ইংল্যান্ড। আর যদি আফগানরা এই ম্যাচেও জিতে যায়, কাগজে-কলমে ইংল্যান্ডের সঙ্গে ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে তাদের এবং বাংলাদেশ-ভারত ম্যাচে জয়ী দলেরও। বিকেএসপিতে এই ম্যাচটিও আজ। পয়েন্ট সমান হয়ে গেলে প্রথমে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, সেটাতেও নিষ্পত্তি না হলে নেট রানরেট।
বাংলাদেশের ৬ উইকেটে ১১৯ রানের জবাবে আফগানদের জয়টা সহজ হয়েছে ওপেনার মোহাম্মদউল্লাহর ৩০ বলে ৩২ রানের সুবাদে। ৭ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন। ডান পায়ে তাই তেমন শক্তি পান না। তবে হাতে যে শক্তির অভাব নেই, তার প্রমাণ চার বাউন্ডারি আর দুই ছক্কা। ম্যাচসেরার পুরস্কার হাতে চোখে-মুখে তৃপ্তির আভা, ‘আমাদের দল এবং দেশের জন্যও এটা আনন্দের দিন। আফগানিস্তান শারীরিক প্রতিবন্ধী দল এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতল। তাতে ম্যাচসেরা হওয়ায় আমি আরও বেশি খুশি।’
মোহাম্মদউল্লাহর ইনিংসের কাছে মার খেয়ে গেছে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান শাহরিয়া শামীমের অপরাজিত ৪৭ বলে ৫৬ রানের ইনিংসটি। মাত্র ৯ মাস বয়সে বাঁ পায়ে পচন ধরেছিল। গ্রাম্য কবিরাজি চিকিৎসা তো কাজে লাগেইনি, বরং চিকিৎসা শুরুর দিনই খসে পড়ে পায়ের পাতাটা। তবে শারীরিক এই অপূর্ণতা নিয়েও শাহরিয়া বড় হয়েছেন খেলাধুলাকে আঁকড়ে ধরে, ‘ফুটবলে আমি গোলকিপিং করেছি, গোপালগঞ্জ লিগে ক্রিকেট খেলেছি। এ ছাড়া ক্লাস সেভেনে থাকতে সুস্থ খেলোয়াড়দের সঙ্গে হাই জাম্পে থানা এবং জেলা পর্যায়ে প্রথম হয়েছি। জাতীয় পর্যায়ে হয়েছিলাম চতুর্থ।’ ফুটবল, হাইজাম্প, ক্রিকেটের বাইরে ব্যাডমিন্টনও ভালো খেলেন। এতটাই যে, বেইজিং প্যারালিম্পিকেও খেলেছেন। কিন্তু কাল সেসব স্মৃতি রোমন্থন করার সময়ও শাহরিয়ার চোখেমুখে হতাশা। ম্যাচের একমাত্র হাফ সেঞ্চুরিটি করার পরও যে হারতে হয়েছে।