
পঞ্চম ব্যাটসম্যান হিসেবে যখন অধিনায়ক মিসবাহ-উল-হক আউট হলেন, জয়ের জন্য পাকিস্তানের দরকার ২২.৩ ওভারে ১৭০ রান। ওভারপ্রতি ৭.৫।
অসম্ভব যে নয়, সেটা তো প্রমাণিতই। তবে কঠিন ছিল অবশ্যই। কাল হাম্বানটোটায় সেই কঠিন কাজটা পাকিস্তান করে দেখাল ফাওয়াদ আলম আর সোহেব মাকসুদের ষষ্ঠ উইকেট জুটিতে। জয় থেকে ২২ রান দূরে থাকতে আউট হয়ে গেছেন ফাওয়াদ (৬২)। তবে এর আগেই কাজের কাজ করে গেছেন পাকিস্তানের পক্ষে ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৪৭ রানের জুটি গড়ে। মাকসুদকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সেরেছেন শহীদ আফ্রিদি। আফ্রিদি যখন নামেন, তখনো প্রয়োজন ছিল ১৮ বলে ২২। এ রকম অবস্থায় পাকিস্তানের ম্যাচ হারার উদাহরণ কম নেই। কাল সেই ভয়কে অবশ্য উড়িয়ে দিলেন আফ্রিদি। কুলাসেকারাকে চার মেরে এক বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় এনে দিলেন পাকিস্তানকে।
এই ম্যাচে নেমেই ইনজামামকে টপকে পাকিস্তানিদের মধ্যে সর্বোচ্চ ওয়ানডে (৩৭৯) খেলার রেকর্ড গড়েছেন আফ্রিদি। এমন কীর্তির ম্যাচে একটা ছাপ তো রাখতেই হয়। গত তিন বছরে মাত্র দ্বিতীয়বার ২৫০-এর বেশি লক্ষ্য তাড়া করে জয়ে ম্যাচটি স্মরণীয়ই হয়ে থাকল। ৭৩ বলে অপরাজিত ৮৯ রান করে মাকসুদ ম্যাচসেরা।
বৃষ্টির কারণে ৪৫ ওভারে কমে আসা ম্যাচে জয়াবর্ধনে-ম্যাথুস-প্রিয়াঞ্জনদের শেষ দিকের ঝড়ে শ্রীলঙ্কা গড়ে ২৭৫ রানের পুঁজি। ৭৫ রানে ৪ উইকেট হারানোর পর জয়াবর্ধনের সঙ্গে পঞ্চম উইকেটে অধিনায়ক ম্যাথুসের ১১৬ রানের জুটি। টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেওয়া জয়াবর্ধনে ৬৬ বলে করেছেন ৬৩, ম্যাথুস ৮৫ বলে ৮৯। শেষ দিকে প্রিয়াঞ্জনের ১৫ বলে অপরাজিত ৩৯ রানের ঝড় মিলিয়ে শ্রীলঙ্কা শেষ ১০ ওভারে তুলে ১০৫ রান। শেষ পর্যন্ত সেটাও যথেষ্ট হলো না। তিন ম্যাচের দ্বিতীয়টি হবে আগামী পরশু মঙ্গলবার। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪৫ ওভারে ২৭৫/৭ (থারাঙ্গা ১৮, দিলশান ৬, সাঙ্গাকারা ২৫, জয়াবর্ধনে ৬৩, চান্ডিমাল ৬, ম্যাথুস ৮৯, থিসারা ১৩, প্রিয়াঞ্জন ৩৯*, কুলাসেকারা ৩*; ইরফান ২/৪৮, জুনাইদ ০/৭৫, ওয়াহাব ৩/৫০, হাফিজ ১/৩২, আফ্রিদি ০/৫৭, ফাওয়াদ ০/১০)। পাকিস্তান: ৪৪.৫ ওভারে ২৭৭/৬ (শেহজাদ ৪৯, হাফিজ ২১, ইউনিস ৩, উমর ১৫, মিসবাহ ১৩, ফাওয়াদ ৬২, মাকসুদ ৮৯*, আফ্রিদি ১৪*; মালিঙ্গা ১/৬০, কুলাসেকারা ০/৫৬, ম্যাথুস ২/৪৮, থিসারা ২/৪৩, হেরাথ ১/৪৯, দিলশান ০/১৭)।
ফল: ডি/এল পদ্ধতিতে পাকিস্তান ৪ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সোহেব মাকসুদ।