প্রচেষ্টা ছিল, তবে সাফল্য মিলল না। নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার আগের ম্যাচের চেয়ে অনেক ভালো ছিল এ ম্যাচের উইকেটটা। তবে এর আগে থেকেই দুই দলের ‘থিঙ্কট্যাংকের’ চিন্তাভাবনার মধ্যে বেশ বড় একটা পার্থক্য দেখলাম। অধিনায়ক দাসুন শানাকাকে ছাড়াই শ্রীলঙ্কা চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে নামল, সঙ্গে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। অন্যদকে আমরা তাসকিন আহমেদকে বাদ দিয়ে বাড়তি একজন স্পিনার খেলালাম। তবে আমার ধারণা, মাঠ ছোট বলে স্পিনার কম খেলিয়েছে তারা। এটা জেনেও আমরা স্পিনার বেশি খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।
নাঈম-মুশফিকের ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছিল, তারা নির্ভার। বল ব্যাটে আসছে। মুশফিকের ছন্দে ফেরা দেখেই বুঝেছি, এ ম্যাচটা সহজ হবে না। তবে ব্যাটিং অর্ডারে গতকালও একটা খটকা লেগেছে। ম্যাচের ৪ ওভারের মতো বাকি থাকতে মাহমুদউল্লাহ না এসে আফিফ এল। মাহমুদউল্লাহর তো নিজের সামর্থ্যের ওপর আরেকটু আস্থা রাখা উচিত। সব সময় অন্যদের যোগ্য মনে করারও কারণ নেই। আমার ধারণা, মাহমুদউল্লাহ সে পজিশনে খেলার উপযুক্ত।
এরপরও মনে হচ্ছিল, ১৭১ রানের সম্বল নিয়েই জিততে পারব। নাসুম শুরুতে তার কাজটা করে দিল। তবে এমন উইকেটে এ রান নিয়ে জিততে হলে আসলে সবকিছুই ঠিকঠাক করতে হয়। বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও। শুরুতে রানআউটের সুযোগও হাতছাড়া করেছি। আমি আসলে জানি না, লিটনের কী হয়েছিল। সে ভালো ফিল্ডার। এমনিতে উইকেটকিপার, বাইরেও অভ্যস্ত। ক্যাচ মিসকে আমরা ম্যাচের অংশ বলি—এটা হতেই পারে। তবে মাঝেমধ্যে এর চড়া মূল্য দিতে হয়। ওই দুইটা ক্যাচ মিসের পরই আসলে ম্যাচটা একেবারে বের হয়ে গেছে।
সাকিব তার অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে ঠিকই ম্যাচে ফিরিয়ে এনেছিল, অন্যদিকে হাসারাঙ্গা আবার অতি-উত্তেজনায় শ্রীলঙ্কাকে আরেকটু পেছনে ঠেলেছিল। তবে আমার মনে হয়েছে, প্রথম ওভারটা বাজে হলেও মোস্তাফিজকে আরেকটা ওভার করানো উচিত ছিল সে সময়। সে টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন বোলার। তার ওপর আরেকটু আস্থা তো রাখাই যায়! আবার এটাও আসলে বুঝিনি, মাহমুদউল্লাহ এবং আফিফের সে সময় ৩ ওভার করার মানে কী।
আফিফ সুযোগ তৈরি করেছিল বটে, তবে কার ওভার পুষিয়ে দিতে ওই ৩ ওভার? নাসুম? নাকি মোস্তাফিজ? বাঁহাতি ব্যাটসম্যান আছে বলে বাঁহাতি বোলার দেওয়া যাবেই না, তা তো নয়। এমন হোক বা মাঠ একদিকে ছোট—এ চ্যালেঞ্জগুলো তো জাতীয় দলের খেলোয়াড়দের নিতে হবে আসলে। মাহমুদউল্লাহর একটা ওভার পর্যন্ত করা ঠিক থাকলেও এরপর সেরা বোলারদেরই আনা দরকার ছিল।
আরেকটা কথা। এর আগে চারিত আসালাঙ্কার খেলা সেভাবে দেখিনি। তবে রেকর্ড যা দেখলাম, মাস কয়েক আগে আন্তর্জাতিক অভিষেক। সে খেলোয়াড়টা এত বড় মঞ্চে এসে এমন দুর্দান্ত একটা ইনিংস খেলে ফেলল। আমাদের তো এক তামিম ছাড়া অভিজ্ঞ সবাই আছে, শ্রীলঙ্কার যেটা নেই। বোধ হয় আমাদের পাইপলাইন নিয়ে আমাদের বোর্ডের ভাবনা আরেকটু বাড়ানো উচিত। আর সব ম্যাচ দিনে, আজও খেলোয়াড়দের বেশ শ্রান্ত মনে হয়েছে। আশা করি সবাই ঠিকঠাক থেকে টুর্নামেন্ট শেষ করতে পারবে। এখানে বাংলাদেশ হোক বা যে দলই হোক, এমন সূচি করে আইসিসি একটা অবিচারই করেছে।