ফারুক সরলে হাবিবুলের ব্যাপারে পুনর্বিবেচনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি ফারুক আহমেদ। তবে পরশু যুক্তরাষ্ট্র থেকে সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে পরিষ্কার, বিসিবির নতুন দল নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে তিনি রাজি নন।
কাল ফারুকের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসানও পরিষ্কার জানিয়ে দিলেন, তাঁর পদত্যাগ সহজভাবেই নেওয়া হবে। তবে বিসিবি সভাপতি বুঝতে পারছেন না ফারুক কেন এত ক্ষুব্ধ! ‘এভাবেই তো কাজ করে এসেছে! পার্থক্যটা কোথায়?’—বিকেএসপিতে কাল আবাহনী-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচ শেষে নাজমুল হাসানের পাল্টা প্রশ্ন। ব্যাখ্যা করেছেন পার্থক্য খুঁজে না পাওয়ার কারণটাও। যার সারমর্মটা একটু বিস্ময়করই—দল নির্বাচনে এত দিন নাকি নির্বাচক কমিটির কথাই শেষ কথা ছিল না! ‘তাঁকে (ফারুক) জিজ্ঞেস করতে হবে, এমন কখনো হয়েছে কি না, তিনি যে দল নির্বাচন করে পাঠিয়েছেন আর সেটা পরিবর্তন করতে হয়নি? প্রতিটি খেলার আগে আমাকে বারবার ওদের সঙ্গে মিটিংয়ে বসতে হয়েছে।’ নাজমুল হাসান চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘কেউ যদি এখন অস্বীকার করে, প্রত্যেকটা জিনিস আমি প্রমাণসহ আপনাদের দেখাতে বাধ্য হব।’
ফারুক আহমেদের নির্বাচক কমিটির মেয়াদে বাংলাদেশ দলের সাফল্যের হারই বেশি। প্রধান নির্বাচক হিসেবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সফল ছিলেন এর আগেও। তবে বর্তমান পরিস্থিতিতে সেসব বিবেচনায়ই নিতে রাজি নন সভাপতি। এমনকি ফারুক পদত্যাগ করতে চাইলেও তাঁর সঙ্গে এ নিয়ে আলোচনার কোনো সুযোগ দেখেন না তিনি।
বিসিবি সভাপতির বরং পাল্টা দাবি, ফারুক আহমেদের সম্মান রক্ষার্থেই নির্বাচক কমিটিতে প্রধান নির্বাচকের পদ রাখা হয়েছে, ‘আমাদের প্রাথমিক আলাপে প্রধান নির্বাচক পদটা ছিলই না। তাঁকে (ফারুক) সম্মান দিতেই এই পদ রাখা হয়েছে। এরপরও যদি তিনি মনে করেন এখানে তাঁর অস্বস্তি আছে, তিনি পদত্যাগ করতে পারেন। ঝামেলা করার কোনো দরকার নেই। দ্বিধাদ্বন্দ্ব ছড়ানোরও কিছু নেই। আমি সবাইকে সরাসরি বলে দেব কী হয়েছে।’
ফারুক আহমেদ দায়িত্বে না থাকলে হাবিবুল বাশারকে মহিলা দলের নির্বাচকের দায়িত্ব দেওয়ার বিষয়টি নতুন করে ভাবা হতে পারে বলে জানিয়েছেন নাজমুল হাসান। হাবিবুল তখন থেকে যেতে পারেন মূল নির্বাচক প্যানেলেই।
দল নির্বাচনপ্রক্রিয়ায় ম্যানেজারের অন্তর্ভুক্তি নিয়ে সভাপতি পুরোনো কথাই বলেছেন। ম্যানেজারের নিজস্ব কোনো মতামত দল নির্বাচনে থাকবে না। তিনি শুধু অধিনায়ক ও সহ-অধিনায়কের বার্তাবাহকের কাজ করবেন। আর এতে নাকি খেলোয়াড়েরাও খুশি।
এ প্রসঙ্গে জাতীয় দলে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের অভিষেকের প্রসঙ্গটা নিজেই টেনে এনেছেন নাজমুল হাসান। মুস্তাফিজকে খুঁজে বের করার কৃতিত্বটা মাহমুদকে দিয়ে তিনি বলেছেন, ‘একটা পত্রিকায় দেখলাম, কোনো এক নির্বাচক নাকি মুস্তাফিজকে জাতীয় দলে নিয়ে এসেছেন। এটা একদমই অযৌক্তিক। ওরা তো খেলতেই দেবে না, আনা দূরে থাক! পাকিস্তানের সঙ্গে যে ম্যাচ খেলল, তাতে খেলতেই নামতে দেবে না।’ সভাপতির দাবি, যেভাবে এত দিন ধরে ফলাফল এসেছে, বিসিবি এখনো তাই করছে। মুস্তাফিজের মতো সৌম্য সরকার, জুবায়ের হোসেনদের উঠে আসায়ও নির্বাচকদের চেয়ে ‘চলমান সিস্টেমে’র অবদানই নাকি অনেক বেশি।