ফাস্ট বোলারের খোঁজে বিসিবি ও রবি
মাশরাফি বিন মুর্তজা-রুবেল হোসেনদের প্রতিজ্ঞাবদ্ধ চোয়াল ও আগুনে চোখ নতুন চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান জানাচ্ছে। চ্যালেঞ্জটা পেসার হওয়ার। টিভি পর্দায় বিজ্ঞাপনটি দেখে হয়তো এর মধ্যেই বুঝে গেছেন আবারও শুরু হচ্ছে পেসার অন্বেষণ কর্মসূচি। তবে এবার নামটা ভিন্ন। বিসিবির উদ্যোগ ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের পৃষ্ঠপোষণায় ১৭ জানুয়ারি থেকে শুরু এবারের অন্বেষণ কর্মসূচিকে বলা হচ্ছে ‘রবি ফাস্ট বোলার হান্ট।’
শুধু ছেলেদের নয়, মেয়েদেরও রাখা হচ্ছে এবারের কর্মসূচির আওতায়। প্রাথমিক যোগ্যতা, বয়স ১৬ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা ছেলেদের ক্ষেত্রে কমপক্ষে সাড়ে ৫ ফুট, মেয়েদের ক্ষেত্রে ৫ ফুট। গত ১ জানুয়ারি নিবন্ধন শুরু হয়েছে, শেষ হবে আগামীকাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হলো, এর মধ্যেই প্রায় ৩৫ হাজার আবেদন জমা পড়েছে। অবশ্য নিবন্ধনের শর্ত পূরণ করতে পেরেছেন সাড়ে সাত হাজার আবেদনকারী। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রবি ফাস্ট বোলার হান্ট কার্যক্রম চলবে দেশের ১৬টি স্টেডিয়ামে। দুই দফা বাছাইয়ের পর সেরা ৬৪ জনকে বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটের ক্যাম্পে ডাকা হবে। সেখান থেকে চূড়ান্ত যাচাই-বাছাইয়ের পর ‘বিজয়ী’ ঘোষণা করা হবে ১০ জন ছেলে ও দুজন মেয়ে পেসারকে। জাতীয় দলে খেলার উপযুক্ত করে গড়ে তুলতে হাইপারফরম্যান্স ইউনিটের অধীনে অনুশীলন চলবে তাদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির সহসভাপতি ও হাইপারফরম্যান্স ইউনিট-প্রধান মাহবুবুল আনাম, মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ ও হাইপারফরম্যান্স ইউনিটের মহাব্যবস্থাপক স্টুয়ার্ট কার্পিনেন। আগের পেসার অন্বেষণ কর্মসূচিগুলোর কোনো কোনো আবিষ্কার পরবর্তী সময়ে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বেশি দূর এগোতে পারেননি, এমন উদাহরণও আছে। সে জন্য এবার শুরু থেকেই সতর্ক থাকা হবে বলে জানিয়েছেন কার্পিনেন। বিসিবির পেস বোলিং কোচরা যদি মনে করেন, কারও অ্যাকশনে বড় ত্রুটি আছে, তাহলে তাকে নির্বাচনই করা হবে না।
পেসার খোঁজার এমন উদ্যোগ প্রথম নেওয়া হয়েছিল ২০০৫ সালে। এক বছরের বিরতি দিয়ে ২০০৭ সালে আবার। এতে দারুণ ফলও মিলেছিল। রুবেল হোসেন, রবিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বী, শুভাশিস রায়দের মতো পেসাররা এই কর্মসূচিরই উপহার। আরেক পেসার শফিউল ইসলামও উঠে এসেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের পেসার অন্বেষণ কর্মসূচি থেকে।
প্রত্যন্ত অঞ্চল থেকে পেসার তুলে আনার আগের দুই কর্মসূচির সঙ্গেই ছিলেন পেস বোলিং কোচ সরওয়ার ইমরান। থাকছেন এবারও। কয়েক দিন আগে তিনি এটির তাৎপর্যের দিকটি ব্যাখ্যা করছিলেন, ‘এতে পেসার-সংকট দূর হবে কি না, এখনই বলা কঠিন। তবে এটা একটা সেতু হিসেবে কাজ করবে। জাতীয় দল, ‘এ’ দল, একাডেমি ও বয়সভিত্তিক পর্যায়ে আলাদা পেসার প্রস্তুত রাখা যাবে।’ এটি তাই নিয়মিত চালানোর পরামর্শ তাঁর, ‘এবার আট বছর বিরতিতে হচ্ছে। এটা নিয়মিত হওয়া উচিত।’ জাতীয় দলে ভালো পেসার পেতে একটা পেস বোলিং একাডেমি গড়ে তোলাকেও সময়ের দাবি বলে মনে করেন জাতীয় দলের সাবেক এই কোচ।