ফিক্সারদের আজীবন নিষেধাজ্ঞা চান আমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পট-ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন আমির। ছবি: এএফপি।
স্পট-ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন আমির। ছবি: এএফপি।

২০১০ সালে লর্ডস স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন পাঁচ বছরের জন্য। জেলও খেটেছেন। তার চেয়েও বড় কথা, ঘৃণিত অপরাধটির জন্য অনেক অপমানও তাঁকে সইতে হয়েছে। ছয় বছর পর আবারও লর্ডস টেস্ট দিয়েই পাঁচ দিনের ক্রিকেটে ফেরার অপেক্ষায় মোহাম্মদ আমির। এই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে পাকিস্তানি ফাস্ট বোলারের উপলব্ধি হচ্ছে, ফিক্সারদের আসলে আজীবন নিষিদ্ধই করা উচিত। ফিক্সিং নামের বিষবৃক্ষটাকে ক্রিকেট থেকেই চিরদিনের জন্য উপড়ে ফেলা দরকার এখন।
প্রশ্নটা উঠেছে আসলে অ্যালিস্টার কুকের কথার সূত্র ধরে। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে চার টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। সেটি নিয়ে কথা বলতে গিয়ে কদিন আগে আমিরের প্রসঙ্গে ইংলিশ টেস্ট অধিনায়ক বলেছিলেন, ‘আমিরের বিপক্ষে খেলতে আমার কোনো সমস্যা নেই। তবে আমি মনে করি, ফিক্সারদের আজীবন নিষিদ্ধ করা উচিত।’
কুকের সেই কথারই প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল আমিরের কাছে। সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে আজ রওনা হয়েছে পাকিস্তান দল। তার আগে এক সাক্ষাৎকারে আমির বললেন, ‘ফিক্সিং যদি এখনো চলতে থাকে, তাহলে সেটি উদ্বেগজনক। ফিক্সারদের আজীবন নিষিদ্ধ করার বিষয়টাকে আমিও পুরোপুরি সমর্থন করি।’

গত সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন আমির। এবার টেস্টেও খেলবেন। সেটিও আবার ক্যারিয়ার থমকে যাওয়া সেই লর্ডসেই। এই চক্রপূরণ ‘আশীর্বাদ’ই মনে হচ্ছে আমিরের কাছে, ‘সত্যি বলতে আমি ভাবিনি কখনো ফিরতে পারব। আবারও টেস্ট ক্রিকেট খেলতে পেরে আমি আসলেই খুব ভাগ্যবান। আপনারা এটাকে কাকতালীয় ভাবতে পারেন, কিন্তু আমার জন্য এটা আশীর্বাদ। ২০১০ সালে যেখানে থেমে গিয়েছিলাম, সেই লর্ডসেই আবার শুরু করছি।’
অবশ্য শুরুর পথটা একেবারে মসৃণ হবে না আমিরের জন্য। লর্ডসের দর্শকেরা নিশ্চয়ই ‘অপরাধী’কে সহজে ছাড়বে না। গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরেও বাজে অভিজ্ঞতা হয়েছে আমিরের। তাঁর ওভারের আগে স্টেডিয়ামের ঘোষক মাইকে ক্যাশ রেজিস্টারের আওয়াজ বাজিয়েছিলেন। এবারও দর্শকদের এমন আচরণের মুখোমুখি হতে ভেবে প্রস্তুতি নিয়ে রেখেছেন আমির, ‘দর্শকদের তেমন কিছু করাই স্বাভাবিক। কিন্তু আপনাকে তখনই পেশাদার বলা যাবে, যখন এসবের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবেন। আমার কাজই হবে খেলায় মনোযোগ দেওয়া। স্লেজিং খেলারই অংশ, তবে আমি শুধু আমার পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিচ্ছি।’
পারফরম্যান্স দিয়েই অতীতের ‘নষ্ট স্মৃতিটা’কে নতুন করে রাঙিয়ে দিতে চান ২৪ বছর বয়সী বাঁহাতি ফাস্ট বোলার, ‘বলব না আমি অতীত ভুলে গেছি বা ওই স্মৃতিগুলো আমাকে তাড়া করে না। তবে আমি এটিকে ইতিবাচকভাবেই দেখছি। অতীতটাকে আরও ভালো ভবিষ্যৎ দিয়ে বদলেও দিতে চাই। ২০১০-এর স্মৃতিগুলো এখনো তাজা। তবে আমি ভালো করতে চাই, লর্ডসের অনার বোর্ডে আরেকবার নাম লেখাতে চাই।’
স্পট ফিক্সিংয়ের সেই টেস্টে ৮৪ রানে ৬ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে (লর্ডসে কেউ টেস্টে পাঁচ উইকেট বা ১০০ রান নিলেই এখানে তাঁর নাম উঠে যায়) নাম লিখিয়েছিলেন আমির। সূত্র : এএফপি।