গত বিপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারি এলোমেলো করে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটকেই। এবার তাই বিষয়টা নিয়ে একটু বেশি সচেতন বিসিবি। আইসিসির দুর্নীতি দমন বিভাগের কালো তালিকাভুক্ত বাজিকরদের পাশাপাশি বিশেষ নজরদারিতে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারও।
সূত্র জানিয়েছে, বিপিএলে অংশ নেওয়া জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের ওপর বিসিবির দুর্নীতি দমন ইউনিটের দৃষ্টি থাকলেও বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে দুই ক্রিকেটারকে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে যাঁদের অতীত ইতিহাস সন্দেহজনক, তাঁরাও থাকবেন আতশি কাচের নিচে। আর আইসিসির দুর্নীতি দমন বিভাগের সরবরাহ করা কালো তালিকাভুক্ত বাজিকরদের ওপর সতর্ক চোখ তো থাকবেই। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য সরাসরি জাতীয় দলের ক্রিকেটারদের ওপর নজরদারির কথা বললেন না, ‘খেলোয়াড়, কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি মালিক কেউই নজরদারির বাইরে থাকবেন না।’
গত বিপিএলে এই নজরদারির দায়িত্বে ছিলেন মাত্র দুজন ভাড়া করা দুর্নীতি দমন কর্মকর্তা, তাও একজন ছিলেন খণ্ডকালীন। প্রয়োজনে তাদের সহায়তা দিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। সে তুলনায় ফিক্সিং ঠেকাতে বিসিবির এবারের সক্ষমতা অনেক বেশি বলে মনে করেন প্রধান নির্বাহী, ‘এবার আমাদের নিজস্ব দুর্নীতি দমন ইউনিট আছে। আইসিসিও সরাসরি টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত। তারা বিভিন্ন তথ্য-উপাত্ত ও আন্তর্জাতিকভাবে সন্দেহভাজনদের তালিকা দিয়ে আমদের সাহায্য করছে। সাহায্য-সহযোগিতার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে।’
গত বছরের অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের আগে থেকে কাজ শুরু করে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরপর এ বছর হওয়া চারটি হোম সিরিজেও আইসিসিকে সাহায্য করেছে তারা। তবে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের আসল পরীক্ষাটা হবে এবারের বিপিএলেই।
কাল টুর্নামেন্টের সব দলের খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে সচেতনতামূলক সভা করেছেন ইউনিট কর্মকর্তারা। ফিক্সিং-বিরোধী একটা প্রামাণ্যচিত্রও দেখানো হয়েছে সেসব সভায়। তাতে গত বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, একটি ভুলে কিভাবে নষ্ট হয়ে গেছে তাঁর ১৩ বছরের অর্জন। এর আগে ফ্র্যাঞ্চাইজি মালিক ও টিম ম্যানেজমেন্ট সদস্যদের সচেতনতামূলক সভায় ফিক্সিংবিরোধী প্রচারণায় অংশ নিয়েছেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান ওয়াই পি সিংও।
বিপিএলের প্রতিটি ম্যাচে নিয়োজিত থাকবে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের অন্তত ২০ জন করে কর্মী। নজরদারি থাকবে টিম হোটেলগুলোতেও। এসব কাজে এর আগে সরকারি নিরাপত্তা সংস্থার সরঞ্জামের ওপরই নির্ভরশীল থাকতে হতো। এবার তাতেও স্বয়ংসম্পূর্ণ বিসিবি।