ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াকার ইউনিস
ওয়াকার ইউনিস

ঠিক অভিযোগ নয়, তবে সন্দেহটা প্রথম প্রকাশ করেছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। গত মঙ্গলবার শারজায় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে পাকিস্তান হারার পর টুইট করেছিলেন, ‘পাকিস্তানিদের ৩টি রানআউট আর কিছু বাজে শট...এমনটা আগে দেখিনি। তারা নিশ্চয়ই সবাইকে বোকা মনে করে। ক্রিকেট খেলাটা এ রকম সন্দেহ নিয়ে দেখা আমি খুবই অপছন্দ করি। এটা তো হওয়ার কথা নয়!’
সরাসরি আর কিছু বলেননি, কিন্তু ভনের ওই টুইট কিছুটা হলেও সন্দেহ ছড়িয়ে দিয়েছিল। পরে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলও সন্দেহ প্রকাশ করেছে ম্যাচটি নিয়ে। পত্রিকাটির দাবি, আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটও (আকসু) নাকি এই ম্যাচটিকে ঘিরে তদন্তে নেমেছে।
তবে স্রেফ সন্দেহ বা অভিযোগ, যা-ই হোক, সেটি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস। সাবেক পাকিস্তানি পেসার জোর গলাতেই বলেছেন, ‘এই অভিযোগ আমি নানা জায়গা থেকে পাচ্ছি। তবে আমি আমার দলের খেলোয়াড়দের ব্যাপারে খুবই পরিষ্কার এবং নিশ্চিন্ত।’
নিষ্প্রাণ ব্যাটিং উইকেটে ওই ম্যাচে পাকিস্তান অলআউট হয়ে যায় ২০৮ রানে। রানআউট হয়েছেন তিন পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। আবার তাড়া করতে নেমে একপর্যায়ে ৯৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পরও খুব সহজেই ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। তবে এ সবকিছুকেই খেলার অংশ বলে মনে করছেন ওয়াকার, ‘খেলায় জয় যেমন আছে, পরাজয়ও থাকবে। মঙ্গলবারের পরাজয়টাকে আমি দুঃখজনক মনে করি। কিন্তু আমার দলের কোনো খেলোয়াড় দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি না।’
ওয়াকার কোচ থাকাকালীন ফিক্সিংয়ের অভিযোগ এই প্রথম উঠল, এমন নয়। ২০১০ সালে লর্ডস টেস্টের কেলেঙ্কারির সময়ও ওয়াকারই পাকিস্তানের কোচ ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষের ওই ম্যাচে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পরে বিভিন্ন মেয়াদের নিষিদ্ধ হন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। সাবেক পাকিস্তানি পেসার সরফরাজ নেওয়াজের সন্দেহের তির তাই ওয়াকারের দিকেই, ‘আমার তো মনে হয় ওয়াকারকে সরিয়ে নতুন কোচ নিয়োগ দেওয়া উচিত।’
ফিক্সিংয়ের সঙ্গেও অবশ্য এরও অনেক আগে থেকেই জড়িয়ে পাকিস্তানের নাম। ২০০০ সালে সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান সেলিম মালিককে ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। স্পট ফিক্সিংয়ের কারণে আজীবন নিষেধাজ্ঞা ভোগ করছেন সাবেক পাকিস্তানি লেগ স্পিনার দানিশ কানেরিয়াও।
তবে এবারের অভিযোগ ও ভনের টুইট দুটিই উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান। ভন অবশ্য টুইট করার কিছুক্ষণ পরই সেটি মুছে দিয়েছেন। কিন্তু তাতেও তাঁর ওপর শাহরিয়ার খানের ক্ষোভ যায়নি, ‘আমরা ব্যাপারটা আইসিসিকে জানাব। সে সবাইকে একটা ভুল বার্তা দিল। যদিও সে পরে টুইটটি মুছে দিয়েছে, কিন্তু ক্ষতি যা করার, সেটি তো করে ফেলেছে।’ তথ্যসূত্র: এএফপি, ডন।