ফিজিও কনওয়ের চুক্তি বাতিল করল বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎই ফিজিও-সংকটে পড়ে গেল বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় দলের সঙ্গে যাননি ডিন কনওয়ে। বিসিবির সঙ্গে চুক্তিটা অকালে বাতিল হয়ে যাওয়ায় সে সম্ভাবনা আর নেইও। বিসিবি কাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সফরে আপত্কালীন ফিজিও হিসেবে কাজ করবেন অস্ট্রেলিয়ার থিহান চন্দ্রমোহন।
কনওয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন নিউজিল্যান্ড সফরের আগে, অস্ট্রেলিয়ার অনুশীলন ক্যাম্পে। ২০১৯ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই ব্রিটিশ ফিজিওর যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়ও। কিন্তু টিকিট কাটা হয়ে যাওয়ার পরও দল দেশ ছাড়ার আগের দিন ঠিক হয়, কনওয়ে যাবেন না। তাঁর পরিবর্তে পাঠানো হয় স্থানীয় ফিজিও খাদেমুল ইসলামকে।
কনওয়ের সঙ্গে হঠাৎ কেন চুক্তি বাতিল হলো, সে ব্যাপারে বিস্তারিত বলতে রাজি হননি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। শুধু বলেছেন, ‘চুক্তি নিয়ে তাঁর সঙ্গে কিছু জটিলতা তৈরি হওয়ায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’ অবশ্য আগেই জানা গিয়েছিল, সমস্যাটা বেতন-ভাতাসংক্রান্ত। বিসিবির সঙ্গে বেতন-ভাতা নিয়ে মতৈক্য হচ্ছিল না তাঁর। এ ছাড়া প্রতিদিনের কাজের সময় নিয়েও নাকি কিছু শর্ত ছিল কনওয়ের।
দক্ষিণ আফ্রিকান ফিজিও বিভব সিং বাংলাদেশ দলের সঙ্গে কাটিয়ে গেছেন তিন বছরেরও বেশি সময়। ২০১৪ সােলর সেপ্টেম্বরে তিনি চলে যাওয়ার পর থেকে বাংলাদেশের ফিজিও বায়েজিদুল ইসলাম জাতীয় দলের সঙ্গে নির্ভরতার সঙ্গেই কাজ করে যাচ্ছিলেন। তাঁকে সরিয়ে হঠাৎ কনওয়ে আনার কারণ যেমন পরিষ্কার ছিল না, মাত্র তিন মাসের মধ্যে তাঁর চুক্তি বাতিল করাটাও বিস্ময়কর।
আপত্কালীন ফিজিও থিহান অস্ট্রেলিয়ান হলেও তাঁর জন্ম ইংল্যান্ডে, বড় হয়েছেন শ্রীলঙ্কা ও ভারতীয় ঐতিহ্যে। এর আগে তিনি কাজ করেছেন ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টারস এবং ভিক্টোরিয়া বুশরেঞ্জার্সের হয়ে।