ফিঞ্চ আবারও অধিনায়ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ব্যর্থতায় দল থেকেই ছিটকে পড়েছিলেন। দল যখন পাকিস্তানের বিপক্ষে খেলছে, অ্যারন ফিঞ্চ তখন ব্যস্ত বিগ ব্যাশ নিয়ে। ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দেওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরেছেন এই ওপেনার। নিয়িত সম্ভবত তখনই হেসে নিয়েছিল। নিয়মিত অধিনায়ক স্টিভ স্মিথের পর ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েডও চোট পান প্রথম ওয়ানডের আগে। দলে ফিরতে না ফিরতেই ফিঞ্চ অধিনায়ক! আগামীকালের ওয়ানডেতেও দলকে নেতৃত্ব দেওয়ার কথা তাঁর। এর মাঝেই ফিঞ্চ পেয়ে গেছেন আরেকটি সুসংবাদ। এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতেও তাঁকেই অধিনায়ক করার ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথের আগে এই দায়িত্বটা ফিঞ্চেরই ছিল। সে কথা মনে করিয়ে দিয়েছেন তিনি নিজেই, ‘স্টিভের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেব ভেবে আমি রোমাঞ্চিত। পুরো ব্যাপারটি হলো নাগরদোলায় চড়ার মতো। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত অধিনায়ক ছিলাম। এরপরই চোট, দায়িত্ব পড়ল স্টিভের ঘাড়ে। তবু দেশের হয়ে যেকোনো সংস্করণে অধিনায়ক হতে পারাটা আনন্দের ব্যাপার।’ শ্রীলঙ্কা সিরিজের পরদিনই ভারত সফরে প্রথম টেস্ট খেলতে শুরু করবে অস্ট্রেলিয়া। তাই এই সিরিজেও বিশ্রাম দেওয়া হচ্ছে স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। এএফপি