ফিঞ্চ-আলোয় ম্লান বাবরের পাকিস্তান
দিনটা বাবর আজমের হওয়ার কথা ছিল। অ্যারন ফিঞ্চ সেটা হতে দিলেন না। দুদিন আগেও বাজে ফর্মের জন্য সমালোচনার শিকার হওয়া ফিঞ্চের আলোয় আজ ম্লান হলেন বাবর। ম্লান হলো পাকিস্তানও। সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফিঞ্চের দায়িত্বশীল ইনিংসের সুবাদে ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে বাবর আজমের ৬৬ রানের ওপর ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে পাকিস্তান। ব্যাটে এমনিতেও রানখরা, এই অবস্থায় আরও একটা ম্যাচ রানহীন থেকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবেন কি না, এ নিয়ে সমালোচনা আজ আর বাড়তে দেননি ফিঞ্চ। ৪৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন, দল যখন জয় থেকে মাত্র ৫ রান দূরে, তখনই আউট হয়েছেন। ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। ফিঞ্চকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন ট্রাভিস হেড, জশ ইংলিশ ও মার্কাস স্টয়নিস। তাতেই দিনশেষে জয়ের হাসি হেসেছে অস্ট্রেলিয়া।
মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের দুর্দান্ত উদ্বোধনী জুটির সুবাদে শুরুটা বেশ মনমতোই হয়েছিল পাকিস্তানের। ট্রাভিস হেডকে শুরুতেই বোলিংয়ে এনে ফিঞ্চ বাবরদের চমকে দিতে চেয়েছিলেন, লাভ হয়নি। উলটো ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে রিজওয়ান বুঝিয়েছেন, ওসব পার্টটাইম বোলার দিয়ে শুরুতে উইকেট পাওয়ার আশা করে লাভ নেই। হেড পরে আরও এক ওভার বল করেছেন, রান দিয়েছেন ১৭। উইকেট পাননি কোনো। ফিঞ্চের ফাটকাটা কাজে লাগেনি।
প্রথম তিন ওভারে নিয়মিত বাউন্ডারি না এলেও রানের চাকা ঠিকই সচল ছিল পাকিস্তানের। চতুর্থ ওভারে নাথান এলিসের বলে টানা তিনটা চার মেরে খোলস থেকে বেরিয়ে আসেন পাকিস্তানের অধিনায়ক। অপর প্রান্তে কখনও বেন ডোয়ারশুইস, আবার কখনও শন অ্যাবট - দুজনই রান দিয়েছেন উদার হাতে। সপ্তম ওভারে রিস্ট স্পিনার অ্যাডাম জাম্পা বল করতে এলে পাকিস্তানের রানের গতি একটু আটকে যায়।
জাম্পার ওভারে সেভাবে রান তুলতে পারেননি দেখেই কি না, ক্যামেরন গ্রিনের করা পরের ওভারে মেরে খেলতে চাইলেন রিজওয়ান। ব্যস, আর যায় কোথায়! অনসাইডে মারতে গিয়ে বলের লেংথ মিস করলেন, ফলাফল - বোল্ড! পরের বলে আবারও উইকেট। এবার গ্রিনের ফুলটসের শিকার ফখর জামান। মিড অনে তেড়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন ফিঞ্চের হাতে। হুট করেই ম্যাচের লাগাম চলে এল অস্ট্রেলিয়ার হাতে।
এক ওভারে দুই উইকেট হারিয়েই কিনা, পরের তিন ওভার একটু সাবধানে খেললেন বাবর আর ক্রিজে নতুন আসা ইফতেখার আহমেদ। তবে ওভারে অন্তত একটা করে চার ঠিকই বের করে আনতে পেরেছেন দুজন। কিছুক্ষণ আগেই বাবরের কাছে মার খেতে থাকা এলিস এবার শিকার করলেন ইফতেখারের উইকেট, পেছনে থাকা ইংলিশের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নমুখী হলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
খুশদিল শাহকে নিয়ে ইনিংস মেরামত করার কাজটা শুরু করতে না করতেই জাম্পাকে নিজের উইকেটটা দিয়ে আসলেন বাবর। ততক্ষণে ৪৬ বলে ৬৬ রান করা হয়ে গিয়েছে তাঁর। সব ফরম্যাট মিলিয়ে শেষ সাত ইনিংসের প্রত্যেকটাতে পঞ্চাশোর্ধ্ব স্কোর করলেন পাক অধিনায়ক।
বাবর চলে যাওয়ার পর শেষ দিকে পাকিস্তানের স্কোর ১৫০ পার করান মূলত হাসান আলি আর উসমান কাদির। মাত্র ৪ বলে একটি করে চার-ছক্কায় ১০ রান করেন হাসান, ওদিকে ৬ বলে ১৮ রান করে দলের স্কোরকে ১৬২-তে নিয়ে যান কাদির। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল দিন কাটিয়েছেন নাথান এলিস। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়েছেন তিনি।
জবাব দিতে নেমে শুরুতেই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন ফিঞ্চ ও হেড। প্রথম দুই ওভারেই দুজন দুটি করে চার মেরে দলের স্কোর ২৮ করে ফেলেন। শাহীন শাহ আফ্রিদি আর হাসান আলির মার খাওয়া দেখে হারিস রউফের হাতে বল তুলে দেন বাবর আজম। অধিনায়ককে হতাশ করেননি এই গতিতারকা। নিজের দ্বিতীয় বলে হেডের কাছে ছক্কা খেলেও পরের বলেই উসমান কাদিরের হাতে ক্যাচ দেন এই বাঁহাতি। তার আগে অবশ্য ১৪ বলে ২৬ করা গিয়েছে তাঁর।
উইকেট হারিয়েও রানের গতি কমায়নি অস্ট্রেলিয়া। জশ ইংলিশ সঙ্গে ছিলেন, তবে মূল কাজটা করেছেন ফিঞ্চই। রান রেট কখনই হাতের নাগালের বাইরে যেতে দেননি। দুই ওভারের ব্যবধানে ইংলিশ আর লাবুশেনকে তুলে নিয়ে পাকিস্তান একটু-আধটু জয়ের আশা দেখা শুরু করলেও পরক্ষণেই সে আশাকে দুরাশায় পরিণত করেছেন মার্কাস স্টয়নিস। ৯ বলে ২৪ রানের ঝড়ো এক ইনিংস শেষে মোহাম্মদ ওয়াসিমের বলে যখন বোল্ড হলেন, ততক্ষণে হাতে থাকা বলের তুলনায় রানের সংখ্যা কমিয়ে এনেছে অস্ট্রেলিয়া। বাকি কাজটা ঠাণ্ডা মাথায় সেরেছেন ফিঞ্চ ও বেন ম্যাকডারমট।
আর তাতেই নিশ্চিত হয়েছে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষতটা এখনই শুকাচ্ছে না পাকিস্তানের।