ফিঞ্চের মতে আসল কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাহি সাম্যের গান...।
না, গানটা অনেক দিন ধরেই গাওয়া যাচ্ছে না ক্রিকেটে, বিশেষ করে সীমিত ওভারের ম্যাচে। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি রঙিন পোশাকের ক্রিকেটে বোলাররা যেন সৎছেলে। দিন দিনই বোলারদের ওপর বাড়ছে ব্যাটসম্যানদের খবরদারি। ব্যাটসম্যান-বোলার ভারসাম্যটা এখন পুরোপুরি ব্যাটসম্যানদের দিকে ঝুঁকে। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন দিন তিনেক আগে বললেন, আধুনিক সময়ের ভারী ব্যাটই মূল আসামি। কিন্তু এই ব্যাপারে রিচার্ডসনের সঙ্গে একমত নন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ান ওপেনার মনে করেন, ব্যাট-বলের ভারসাম্য নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ ৩০ গজি বৃত্তের বাইরে পঞ্চম ফিল্ডারের অনুপস্থিতি।
ফিঞ্চ অবশ্য ওপেনিং সঙ্গী ডেভিড ওয়ার্নারের ভারী ব্যাট নিয়ে রসিকতা করতেও ছাড়েনি। বলেছেন ওটার আকৃতি ‘হাস্যকর’। ওয়ার্নারের ব্যাট নিয়ে গবেষণা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। তবে ফিঞ্চ মনে করেন, যে আকারের ব্যাট দিয়েই খেলুন না কেন, বলকে সীমানাছাড়া করা কোনো ব্যাপারই না ওয়ার্নারের জন্য, ‘পুরো গ্রীষ্মেই ডেভি (ওয়ার্নার) যে আকারের ব্যাট দিয়ে খেলল, সত্যি বলতে সেটা কিছুটা হাস্যকরই ছিল। এতে ছক্কা মারা হয়তো সহজ হয়েছে, তবে আমরা জানি ছক্কা মারাটা তার কাছে কোনো ব্যাপারই না। এ মুহূর্তে সে টুথপিক দিয়েও ছয় মারতে পারে।’
বিস্ফোরক ব্যাটসম্যান, ফিঞ্চের নিজের নামের পাশেও বসে গেছে এই বিশেষণ। সেই অভিজ্ঞতা থেকেই ব্যাট-বলের ভারসাম্য টলে যাওয়ার আরও কিছু কারণ উল্লেখ করেছেন তিনি, ‘এর (ভারী ব্যাট) প্রভাব তো আছেই, দুই প্রান্তে দুই নতুন বলও বড় রকমের প্রভাব ফেলেছে। আগে রিভার্স সুইং ও ৫০ ওভারের পুরোনো নরম বলকে সীমানার ওপর দিয়ে উড়িয়ে মারাটা সহজ ছিল না। আর এখন ২৫ ওভারের পুরোনো বল বেশ শক্তই থাকে, উইকেটও থাকে ভালো। অস্ট্রেলিয়ার মতো দেশে উইকেটে গতিও থাকে বেশ।’
এরপরই সবচেয়ে বড় কারণটা ব্যাখ্যা করলেন ফিঞ্চ, ‘বৃত্তের বাইরে চারজন (ফিল্ডার)—আমি মনে করি এটাই সবচেয়ে বড় পার্থক্য গড়েছে। সবাই জানে এখন আর ফিল্ডারদের মাথার ওপর দিয়ে বাউন্ডারি মারতে হবে না। তারা মাঠের ফাঁকা জায়গা দিয়েই মারে। সবকিছু মিলিয়েই বলব ব্যাটই সবচেয়ে বড় কারণ নয়।’
২০১২ সালে ফিল্ডিং বাধ্যবাধকতার নতুন নিয়ম চালু হওয়ার পর ২৯৪টি ওয়ানডেতে ছয় হয়েছে ২১৮১টি। ঠিক এর আগের ২৯৪টি ওয়ানডেতে সংখ্যাটা ছিল ১৭২২। রানরেটও বেড়েছে চোখে পড়ার মতো, আগের ২৯৪ ম্যাচে ওভারপ্রতি রান উঠেছে ৫.০০ করে। বৃত্তের বাইরে চার ফিল্ডারের যুগে সেটি এখন ৫.২০। ক্রিকইনফো।