‘ফিট’ মাহমুদউল্লাহর চাওয়া খুঁতহীন ব্যাটিং

Shamsul Haque Tanku
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারফরম্যান্সের নিশ্চয়তা নেই। তবে একটা জিনিস কিন্তু ঠিকই নিয়ন্ত্রণ করতে পারেন একজন ক্রিকেটার। সেটি হচ্ছে ব্যক্তিগত ফিটনেস। একজন ইচ্ছা করলেই ফিটনেসের উন্নতি ঘটাতে পারেন। ফিট থেকে নিজেকে নিয়ে যেতে পারেন অন্য উচ্চতায়। দুর্দান্ত ফিটনেস মানেই মাঠে ভালো পারফরম্যান্সের দিকে অনেকটাই এগিয়ে যাওয়া।

মাহমুদউল্লাহ ঠিক এ নীতিতেই বিশ্বাসী। আর সে কারণেই ৩৫ বছর বয়সে এসেও তিনি বাংলাদেশের ফিট ক্রিকেটারদের মধ্যেও অন্যতম সেরা। মাঝখানে চোট তাঁকে ভুগিয়েছে। নিয়মিত বোলিং করতে পারেননি।

কিন্তু এখন ফিটনেসে উন্নতি করে নিজেকে প্রস্তুত করেছেন বোলিংয়ের জন্য। দলের প্রয়োজনে তাঁর এখন নিয়মিত বোলিং করতে কোনো সমস্যা নেই।

দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার তিনি। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংল স্টেডিয়ামে মাহমুদউল্লাহ মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের।

নিজের ফিটনেস নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ। পরশু শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে।
ছবি: প্রথম আলো

নিজের ফিটনেস নিয়েও তাঁর কণ্ঠে ঝরেছে সন্তুষ্টি। বলেছেন বোলিংয়ের বিষয়টিও, ‘আমার মনে হয়, আমি আমার ক্যারিয়ারের সেরা ফিটনেসের মধ্যে আছি। এটা নিয়ে গত দু–তিন বছর কাজ করেছি। ফিট থাকার চেষ্টা করেছি। দৌড়ানো, জিম—সবই করছি। এর মধ্যে চোটও পেয়েছিলেন দু–একবার। সে জন্য ফিটনেস নিয়ে আমার কাজও একটু বেশি। আমি চেষ্টা করে যাচ্ছি।’

ফিটনেসের উন্নতি ঘটিয়েই বোলিং শুরু করেছেন তিনি, ‘আলহামদুলিল্লাহ, আমি এখন বোলিংয়ে ফিরেছি। দলের যখন দরকার হবে, তখন বোলিং করতে প্রস্তুত।’

ব্যাটিংয়ে সব সময়ই দলের বড় ভরসার নাম মাহমুদউল্লাহ। মাঝখানে ফর্মটা একটু নড়বড়ে হয়ে উঠলেও আবারও নিজেকে ফিরে পেয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুটি ম্যাচেই দলের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান তাঁর, ‘আমি ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করার চেষ্টা করি। এখন আলহামদুলিল্লাহ, বেশ ভালো অনুভব করছি। সঠিক সময়ে দলের জন্য অবদান রাখাটা জরুরি, ৬ নম্বরে যেহেতু ব্যাটিং করছি। ইনশা আল্লাহ, আগামীকালও (তৃতীয় ওয়ানডে) সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব।’

ব্যাটিংয়ে মুশফিকের সঙ্গে জুটি ভালোই জমে মাহমুদউল্লাহর।
ছবি: প্রথম আলো

মাহমুদউল্লাহ প্রথম দুই ম্যাচে রান পেলেও আউট হয়েছেন বাজে সময়ে। দলের রানের গতি বাড়াতে গিয়েই ফেরার এ ব্যাপার ভালো লাগছে না মাহমুদউল্লাহর নিজেরও। তৃতীয় ম্যাচে তাই নিজের খুঁতগুলো সারিয়ে আরও জ্বলজ্বলে করতে চান নিজের পারফরম্যান্স, ‘আমার মনে হয়, ব্যাটিংটা ভালো হওয়া উচিত। আমাদের সেরা ব্যাটিং এখনো করতে পারিনি। আশা করি, কালকের ম্যাচে করতে পারব।’