ফিটনেসে আরও উন্নতি
পরশু ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচটা নিশ্চয়ই দেখে থাকবেন মাশরাফি-সাকিবরা। শুধু দর্শক হিসেবে নয়, খেলাটা তাঁদের দেখার কথা বিশ্লেষণী চোখেই। ইংলিশ ব্যাটসম্যান-বোলাররা কে কেমন করেন—সেটি দেখতে যে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ইংল্যান্ডের ম্যাচগুলোয় সূক্ষ্ম নজর রাখতে বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে! ইংল্যান্ডের চলমান সিরিজ তো আছেই, কোচ দেখছেন তাদের পুরোনো ভিডিওগুলোও।
রেকর্ড ৪৪৪ রানের পাহাড় গড়ার দিনে পাকিস্তানি বোলারদের যেভাবে তুলাধোনা করেছেন ইংলিশ ব্যাটসম্যানরা, তা দেখে নিজেদের করণীয় নিয়ে ভাবতে শুরু করেছেন মাশরাফিরা। খুব বেশি দূরে না থাকলেও ইংল্যান্ড সিরিজ নিয়ে এখনো নির্দিষ্ট রণপরিকল্পনা ঠিক করেনি বাংলাদেশ। অনুশীলনে মৌলিক বিষয়গুলো নিয়েই কাজ হচ্ছে।
অক্টোবরের ইংল্যান্ড সিরিজের আগে অবশ্য আচমকাই চলে এসেছে আফগানিস্তান সিরিজ। ইংল্যান্ড সিরিজ সামনে রেখে শুরু হয়েছিল কন্ডিশনিং ক্যাম্প, খেলোয়াড়দের ভাবনায় তাই ইংল্যান্ডই থেকে গেছে। অবশ্য ইংল্যান্ড কিংবা আফগানিস্তান—কোনো দলকে নিয়েই এখনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা দাঁড় করায়নি বাংলাদেশ দল।
তবে ফিটনেসে উন্নতি আনার কাজটা হয়েছে অসাধারণ। গত ২০ জুলাই জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার পর কাল আবারও হয়েছে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা। ক্যাম্পের প্রথম দিনেই ব্লিপ টেস্টে দারুণ ফলাফল করেছিলেন বেশির ভাগ খেলোয়াড়। কাল তাঁরা ছাড়িয়ে গেলেন নিজেদেরও। এবারও সাব্বির রহমানই সবচেয়ে এগিয়ে, করেছেন ১৩.১। প্রথম দিনেও তিনিই করেছিলেন সর্বোচ্চ ১২.৬। ‘শারীরিকভাবে ও রানিংয়ে আপনি যত শক্ত হবেন, এই টেস্টে তত ভালো করতে পারবেন। ব্লিপ টেস্টের কষ্টটা অনেকে করতে পারে না। একটা পর্যায়ে দুর্বল হয়ে যায়। আমি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করি’—ব্লিপ টেস্টে নিয়মিত ভালো করার রহস্য বলছিলেন সাব্বির।
ফিটনেসে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে দলের সবারই। প্রথম দিনে ফলাফলের গড় যেখানে ছিল ১০.৫, দেড় মাসের ব্যবধানে সেটি ১১.৫! বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই নাকি ব্লিপ টেস্টে এত ভালো আগে কখনো করেননি খেলোয়াড়েরা! শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে এর উপকারী দিকটা আবারও মনে করিয়ে দিলেন অলরাউন্ডার নাসির হোসেন, ‘সামনে আমাদের এমন ফিটনেস ক্যাম্প করার সুযোগ থাকবে না। অনেক খেলা আছে। এটা না হলে সিরিজের মাঝে অনেকের চোটে পড়ার শঙ্কা থাকে। ফিটনেস ক্যাম্প করে আমাদের তাই অনেক উপকার হয়েছে।’
ক্যাম্প শুরুর সময় ব্লিপ টেস্টে ১০.৬ তুলতে পেরেছিলেন নাসির। কাল তা ১১.৩! নাসিরকে ‘অমনোযোগী ছাত্রের’ তালিকায় ফেলে দেওয়া চণ্ডিকা হাথুরুসিংহের তাতে খুশিই হওয়ার কথা।