ফিটনেসের গুরুত্ব জানতেন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৯ থেকে ২০১৩। ২৪ বছর। ফিট থেকে এই দীর্ঘ সময় তিনি কীভাবে টানা ক্রিকেট খেলে গেলেন অনেকের কাছে সেটি এক রহস্য।
সেই রহস্য ফাঁস করলেন শচীন টেন্ডুলকার। ক্রিকেট ‘রণাঙ্গনে’ সাফল্যের জন্য ফিটনেসের গুরুত্ব তিনি বুঝে গিয়েছিলেন সেই ছোটবেলাতেই। আর ক্রিকেটের মৌলিক জ্ঞান শেখানোর মতো ফিটনেসের গুরুত্বটাও তাঁকে শিখিয়েছিলেন কোচ রমাকান্ত আচরেকার। মাস্টার ব্যাটসম্যানের ভাষায়, ‘সফল হওয়ার জন্য ফিটনেসই আসল। শুরুর দিনগুলোতেই এটা আমাকে বুঝিয়েছিলেন আমার কোচ।’
গত বৃহস্পতিবার মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মুম্বাই, দিল্লি ও কলকাতা হাফ ম্যারাথনের শুভেচ্ছাদূত ঘোষণা করা হয় টেন্ডুলকারকে। সেখানেই ফিটনেসের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে টেন্ডুলকার যেন ফিরে গিয়েছিলেন তাঁর কৈশোরে, ‘তিনি (আচরেকার) আমার জন্য সবকিছুই উপভোগ্য করে তুলতেন। একটিবারের জন্যও কখনো আমার মনে হয়নি, এটা কেন করব আমি।’
নেটে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং করতেন টেন্ডুলকার। সন্ধ্যা ঘনিয়ে এলে উল্টো আচরেকারকেই মনে করিয়ে দিতে হতো এখন থামার সময়। টেন্ডুলকারের ভাষায়, ‘সন্ধ্যা ঘনিয়ে এলে থামিয়ে দিতেন কোচ—অনেক হয়েছে এবার থামো। এখন অন্ধকার। তোমরা আঘাত পেতে পারো। এভাবেই সেশনটার ইতি টানতেন তিনি। তখন এতই ক্লান্ত হয়ে পড়তাম যে, আর দৌড়ানোরও ক্ষমতা থাকত না। এভাবেই বুঝতে পেরেছিলাম আমি শক্তিশালী হয়ে উঠছি, সেটা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও।’
সেই অনুষ্ঠানে কথা বলার ফাঁকে এল তাঁকে নিয়ে নির্মিত তথ্যচিত্র শচীন: আ বিলিয়ন ড্রিমস প্রসঙ্গও। মুম্বাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ২০০ নটআউট তৈরি করছে এই তথ্যচিত্র। খোদ শচীন টেন্ডুলকার অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন ব্রিটিশ পরিচালক জেমস আরস্কিন। তো ব্যাটিং না অভিনয়, কোনটি বেশি কঠিন? টেন্ডুলকারের কাছে দ্বিতীয়টিই কঠিন, ‘অনেকগুলো বছর আমি যা করতে চেয়েছি সেটাই করেছি, ক্যামেরা সেটি নিয়েই সন্তুষ্ট ছিল। কিন্তু এখন আমাকে বলে দেওয়া হচ্ছে কী করতে হবে এবং তারপর সেটি ক্যামেরায় ধারণ করা হবে। এটা বেশ কঠিন। বিশ্বাস করুন, প্রথম কাজটিই (ব্যাটিং) সহজ।’
তথ্যচিত্রটির মুক্তির দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে বাংলা নববর্ষের প্রথম দিন মুক্তি পেয়েছে ট্রেলার। মুক্তির প্রথম পাঁচ ঘণ্টায় ইন্টারনেটে সেই ট্রেলার দেখেছেন ২০ লাখ দর্শক! আইবিএন।