৬৮ ম্যাচের ৬৫ ইনিংসে ৫১.২৫ গড়ে ২৮১৯ রান। কয়েক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন জোনাথন ট্রট, তাঁর ওয়ানডে ক্যারিয়ারটাকে অবশ্য ঝলমলেই দেখায়। ব্যাটিং গড়টা ট্রটকে জায়গা দিয়েছে ওয়ানডে ইতিহাসের খুব সংক্ষিপ্ত এক তালিকায়। ৫০ ওভারের ক্রিকেটে ৫০ ছাড়ানো ব্যাটিং গড় মাত্র সাত ব্যাটসম্যানের (কমপক্ষে ২০ ইনিংস)। ইংলিশ ব্যাটসম্যান আছেন সেই তালিকার সাত নম্বরে। ৩৩ ম্যাচের ৩২ ইনিংসে ৬৭.০০ গড়ে ১৫৪১ রান নিয়ে হল্যান্ডের রায়ান টেন ডেসকাটে সবার ওপরে। দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের অধিকারে পরের দুটি স্থান। আমলা ৫৫.২৬ গড়ে ৫৬৯২ রান ও ডি ভিলিয়ার্স ৫৩.৬৫ গড়ে করেছেন ৭৯৪১ রান। অস্ট্রেলিয়ার ‘ফিনিশার’ মাইকেল বেভান ক্যারিয়ার শেষ করেছেন ৫৩.৫৮ গড়ে ৬৯১২ রান করে। ভারতের এম এস ধোনি (৫২.৪৬) ও বিরাট কোহলি (৫১.৪৭) আছেন পাঁচ ও ছয়ে।