ফিফা খেলে স্লেজিং শিখছেন পূজারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ পূজারা-রাহানে ছবিঃ এএফপি
ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ পূজারা-রাহানে ছবিঃ এএফপি

মাঠে চেতেশ্বর পূজারার ব্যাট যেন অপারেশন থিয়েটারের ছুরি। ধৈর্য ও টেকনিকের মিশেলে প্রতিপক্ষের মানসিক শক্তি চিরে ফেলতে তিনি সিদ্ধহস্ত। কিন্তু এই পূজারাকে কালেভদ্রেও স্লেজিং করতে দেখেছেন? জবাব আসবে, পূজারা হাল ক্রিকেটে নিপাট ভদ্রলোকদের একজন, কোন দুঃখে স্লেজিং করবেন! কিন্তু নিপাট ভদ্রলোক হলে যে এ যুগে চলে না। এক-আধটু হলেও গলাবাজি করতে হয়। সেটাই শিখছেন পূজারা। আর এ ব্যাপারে তাঁকে সাহায্য করছে ফিফা ভিডিও গেমস!

তিন টেস্টের সিরিজ খেলতে ভারতীয় দল এখন শ্রীলঙ্কায়। পাল্লেকেলেতে আগামী শনিবার শেষ টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে সফরকারী দল, যারা ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। কলম্বোয় অনুশীলনের ফাঁকে বিসিসিআই টিভির জন্য একে অপরের সাক্ষাৎকার নেন পূজারা ও অজিঙ্কা রাহানে। সেই সাক্ষাৎকারেই পূজারা জানিয়েছেন, বোলাররা সাহায্য পেলে তিনি স্লেজিংয়ের বিপক্ষে নন। নিজের স্লেজিং শেখা সমন্ধেও জানালেন ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান, ‘ফিফা গেমস খেলার সময় প্রচুর হইচই করি। ইদানীং দেখবেন, আমি মাঠেও অনেক শব্দ করি। আসলে আমি স্লেজিং শিখছি। নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানকে স্লেজিং করার দরকার পড়লে করব, যদি এটা বোলারদের সাহায্য করে।’

কলম্বো টেস্টে ভারতীয় ইনিংসে চতুর্থ উইকেটে পূজারা-রাহানের ২১৭ রানের জুটিতে ভর করে জয়ের সংগ্রহ পেয়ে যায় ভারত। টেস্ট ফরম্যাটে ভারতীয় ব্যাটিং অর্ডারের এ দুই দিকপাল সাক্ষাৎকারে কথা বলেছেন তাঁদের মানসিকতা নিয়েও। রাহানে যেমন জানালেন, লোকে তাঁকে বেশ গম্ভীর মনে করলেও আসলে তিনি সে রকম নন। রাহানের সরস মন্তব্য, ‘লোকে যতটা গম্ভীর মনে করে, ততটা নই। আমিও কথা বলতে ভালোবাসি, স্ত্রীর সঙ্গে প্রচুর কথা বলি।’

মাঠে পূজারা-রাহানের স্লেজিংয়ের কায়দা বাকিদের চেয়ে ভিন্ন। বেশ শান্ত থেকে কাজটি সারেন তাঁরা। রাহানের মতে, টেস্টে ফিল্ডিংয়ে নেমে তারা এভাবেই নিজেদের সেরাটা বের করে আনেন, ‘ছোটবেলা থেকেই আমি বেশ চুপচাপ। সেটা হয়তো আমার পারিবারিক পটভূমির জন্য। মাঠে কিন্তু চুপচাপ থাকা অনেক কাজে দেয়, বিশেষ করে টেস্টে।’