ফিফা নির্বাচনের নয়কাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিক্লিষ্ট ফিফার আগামীর ভার কার হাতে উঠবে, সেটি জানা যাবে আগামীকাল। ফিফার ইতিহাসে সবচেয়ে আলোচিত এই নির্বাচনে ৯টি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে ইএসপিএন
প্রার্থী কারা?
শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা: বাহরাইন রাজপরিবারের সদস্য সালমান এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি। ফিফার নির্বাহী কমিটিরও সদস্য এই ৫০ বছর বয়সী।
জিয়ান্নি ইনফান্তিনো: উয়েফা মহাসচিব। ২০০০ সাল থেকে ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থাটির সঙ্গে আছেন।
টোকিও সেক্সওয়েল: দক্ষিণ আফ্রিকার ধনাঢ্য ব্যবসায়ী। বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় রোবেন আইল্যান্ডে নেলসন ম্যান্ডেলার সঙ্গে কারাবন্দী ছিলেন।
জেরোম শ্যাম্পেন: ফিফার সাবেক উপমহাসচিব। ফ্রান্সের কূটনীতিবিদ হয়েও কাজ করেছেন।
প্রিন্স আলী বিন আল-হুসেইন: জর্ডান রাজপরিবারের সদস্য। গত বছর মে মাসে ফিফা নির্বাচনে সভাপতি পদে সেপ ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন।

ফেবারিট কে?
নির্বাচনটি শেষ পর্যন্ত শেখ সালমান ও ইনফান্তিনোর দ্বিপক্ষীয় লড়াই হতে পারে।

নির্বাচন কীভাবে হবে?
ফিফার ২০৯ সদস্যের মধ্যে ২০৭টি দেশের (কুয়েত ও ইন্দোনেশিয়া সাময়িক নিষিদ্ধ) উপস্থিতিতে হবে এই গোপন ভোট। প্রতিটি ফুটবল ফেডারেশন একটি করে ভোট দিতে পারবে। প্রথম রাউন্ডে যদি কোনো প্রার্থী দু-তৃতীয়াংশ বা ১৩৮ ভোট পায়, তবে তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে। যদি তেমন সংখ্যাগরিষ্ঠতা কেউ না পান, তবে পরের রাউন্ডগুলোয় এগিয়ে থাকা প্রার্থীই জয়ী হবেন।
ভোট কখন হবে?
জুরিখে অনুষ্ঠেয় নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি। তবে ফিফার বিশেষ সভার ১২টি আলোচ্যসূচির ১১তম বিষয় ভোট। বিশ্ব ফুটবলের কর্মকর্তারা স্থানীয় সময় ৯টা থেকে আসতে শুরু করবেন। ভোট শুরু হতে পারে বিকেলে।

সভাপতি নির্বাচন ছাড়া আর কী হবে
ফিফাকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সভায় আনা কিছু সংশোধনী প্রস্তাবেও ভোট দেবেন সদস্যরা।

ভোটের জোট
ফিফার ছয় ফেডারেশনের মধ্যে ৫৪ সদস্যের আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এবং ৪৬ সদস্যের এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) শেখ সালমানের প্রতি তাদের সমর্থন জানিয়ে দিয়েছে। ৫৩ সদস্যের ইউরোপিয়ান ফুটবল ইউনিয়নের (উয়েফা) বেশির ভাগই ইনফান্তিনোকে সমর্থন দিচ্ছে। ১০ সদস্যের দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনও (কনমেবল) ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। ৩৫ সদস্যের ক্যারিবীয় ও মধ্য আমেরিকান অঞ্চলের ফুটবল কনফেডারেশন (কনক্যাকাফ) ইএসপিএনকে জানিয়েছে, তাদের সমর্থনও ইনফান্তিনোই পাচ্ছেন। তবে ১১ সদস্যের ওশেনিয়া এখনো কোনো প্রার্থীর প্রতি সমর্থন জানায়নি।
জোটবদ্ধ ভোট কি হয়?
কনফেডারেশন জোটবদ্ধভাবে ভোট দিতে পারে না, প্রতিটি সদস্যদেশ ভোট দেয় আলাদাভাবে। (ইনফান্তিনো ও শেখ সালমান ছাড়া) বাকি তিন প্রার্থীর সুযোগও এখানেই। উদাহরণ হিসেবে বলা যায়, এএফসির সদস্যদের মধ্যে পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশনের ১৩টি সদস্যদেশ প্রিন্স আলীকে সমর্থন দিচ্ছে। তিনি ওই অঞ্চলের ফুটবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি।

একজন প্রার্থী কতগুলো ভোট পেতে পারেন?
প্রথম রাউন্ডে শেখ সালমান ৯০-এর মতো ভোট পেতে পারেন, ইনফান্তিনো ৮০, প্রিন্স আলী ২৫-৩০-এর মতো এবং অন্যরা ৫-এর চেয়েও কম। তার মানে কোনো প্রার্থীই প্রথম রাউন্ডে দু-তৃতীয়াংশ ভোট হয়তো পাচ্ছেন না। দ্বিতীয় রাউন্ডে ভোটের সংখ্যাগরিষ্ঠতাই নির্ধারণ করতে পারে কে নির্বাচিত হবেন।

কে হবেন সবচেয়ে বড় প্রভাবক?
প্রিন্স আলী। শেখ সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়। গত এপ্রিলে আলীকে সরিয়েই ফিফা নির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন সালমান। আফ্রিকা ও এশিয়ার ফুটবল কনফেডারেশনের মধ্যে গত মাসে যে সহযোগিতা চুক্তি হয়েছে, সেটিকে জড়িয়ে সালমানের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন আলী। ২০১১ সালে বাহরাইনে গণতন্ত্রের দাবিতে লড়াইকে দমিয়ে রাখতে সালমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ভোটের প্রথম রাউন্ডে বাহরাইনি যুবরাজ বাদ পড়ে গেলে তাঁর সমর্থকদের ভোটগুলো ইনফান্তিনোর দিকে যেতে পারে। এ ছাড়া ওশেনিয়ার ১১টি ভোটও পার্থক্য গড়ে দিতে পারে।