ফিরছেন অধিনায়ক ডি ভিলিয়ার্স

ফাফ ডু প্লেসি ভালোই করছিলেন। এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বের অভাবটা বুঝতেই দেননি। তবু অধিনায়কের পদ ছেড়ে দিতে হলো ডু প্লেসিকে। চোট কাটিয়ে ডি ভিলিয়ার্স যে ফিরেছেন দলে। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বিধ্বংসী এই ব্যাটসম্যান। চোট কাটিয়ে ১৫ সদস্যের দলে ফিরেছেন অলরাউন্ডার ক্রিস মরিস। আর প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি।
কনুইয়ের চোটের কারণে গত জুনের পর থেকে মাঠের বাইরে আছেন ডি ভিলিয়ার্স। তাঁর অনুপস্থিতিতে ডু প্লেসির নেতৃত্বে তিনটি সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে সেই তিনটি সিরিজেই দলকে জয় এনে দেন। ছয় মাসেরও বেশি সময় পর ডি ভিলিয়ার্সকে ফিরে পাওয়ায় অবশ্য খুশি দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির আহ্বায়ক লিন্ডা জোন্ডি, ‘একজন খেলোয়াড় আর নেতা হিসেবে এবিকে পাওয়াটা দারুণ।’
আগামী জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে দল গোছানোই মূল লক্ষ্য দক্ষিণ আফ্রিকার নির্বাচকদের। পোর্ট এলিজাবেথে আগামী শনিবার শুরু হতে যাওয়া সিরিজে তরুণ এনগিডিকে মূলত এ কারণেই দলে নেওয়া। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে ৬ ওভার বল করে ৬ উইকেট নিয়েছেন এনগিডি। তাঁর পারফরম্যান্সও মুগ্ধ করেছে জোন্ডিকে, ‘শুধু উইকেট নিয়ে আর দক্ষতা দিয়েই সে আমাদের মুগ্ধ করেনি। ম্যাচের প্রতিটা মুহূর্তে সে নিজেকে যেমন উজাড় করে দিয়ে খেলেছে, সেটাও আমাদের মনে ধরেছে।’ রয়টার্স।
দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারডিয়েন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসি, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, লুঙ্গি এনগিডি, অ্যানডিল ফেলুকোয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি।