ফিরছেন গ্রায়েম স্মিথ?
অবসর জীবনটা মন্দ কাটছে না। কিন্তু ভারতের মাটিতে টেস্ট সিরিজে নিজ দেশের অসহায় আত্মসমর্পণ নতুন করে ভাবাচ্ছে গ্রায়েম স্মিথকে। এতটাই যে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক অবসর ভেঙে ফিরে আসার কথাও ভাবছেন!
আরব আমিরাতে মাস্টার্স চ্যাম্পিয়নস লিগের নিলাম উপলক্ষে দুবাইয়ে আসা স্মিথের কথাতেই আছে ফেরার ইঙ্গিত। বয়স মাত্র ৩৪। ফিটনেসও ধরে রেখেছেন বেশ। ইউনিস-মিসবাহরা তাঁর চেয়ে বেশি বয়সেও দারুণ খেলছেন। তা দেখেই কি না স্মিথ বললেন, ‘এই মাস্টার্স ক্রিকেট যে আমার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মঞ্চ হয়ে উঠবে না, সেটা কে বলতে পারে?’
ভারত সফরে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার ভরাডুবিই অবসরের সিদ্ধান্তটিকে নিয়ে আবার ভাবাচ্ছে স্মিথকে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরব কি না, সেটা নিয়ে আমাকে প্রায়ই প্রশ্ন করা হয়। এমন প্রশ্ন ভাবনায় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে যখন আপনি দেখছেন আপনার দল বাজে খেলছে এবং আপনার দলটিকে সাহায্য করার ক্ষমতা আছে।’
গত বছর অবসরটা যে একেবারে দ্বিধাহীনভাবে নিয়েছেন, তাও মনে হচ্ছে না স্মিথের কথা শুনে, ‘এখন ৩৪ চলছে, ৩৩ বছর বয়সে অবসর নিয়েছি। সব সময়ই প্রশ্নটা ছিল—আরও তিন-চার বছর খেলে যেতে পারি কি না। আমি জানি, আমি পারি। কিন্তু এও ঠিক, আমার শেষের শুরু হয়ে গিয়েছিল।’
স্মিথ বললেন দক্ষিণ আফ্রিকার ব্যর্থতা নিয়েও। তাঁর মতে, উইকেট কঠিন ছিল খেলার জন্য। কিন্তু উইকেটের চেয়ে দক্ষিণ আফ্রিকার ভরাডুবির বেশি দায় মানসিক চাপের। পিটিআই।