ফিরলেন আল আমিন

আফগানিস্তান সিরিজের দলে বিস্ময় ছিল আল আমিন হোসেনের বাদ পড়ার ঘটনা। তবে ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের ১৪ জনের দলে জায়গা পেয়েছেন এই পেসার। দলে নেই আফগানিস্তান সিরিজের স্কোয়াডে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
তাইজুলের বাদ পড়ার ব্যাখ্যা দিয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘মোশাররফ হোসেন অনেক দিন পর দলে ফিরেই ভালো খেলেছে। সে জন্যই তাকে সুযোগ দেওয়া। তা ছাড়া তাইজুলকে আমরা টেস্টের জন্যই বেশি ভাবি।’ আল আমিনের অন্তর্ভুক্তি সম্পর্কে তাঁর বক্তব্য, ‘ও সব সময়ই আমাদের বিবেচনায় আছে।’ যদিও ফিল্ডিং ও ফিটনেস ভালো নয় বলে আফগানিস্তান সিরিজের দলে নেওয়া হয়নি তাঁকে।
গত পরশু শেষ হওয়া আফগানিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডের দলে থাকা পেসার রুবেল হোসেনকেও রাখা হয়নি ১৪ জনের দলে।
প্রথম দুই ওয়ানডের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।