ফিফটি করে ফিরলেন ইমরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ দারুণ খেলছিলেন ইমরুল। ছবি: শামসুল হক
বেশ দারুণ খেলছিলেন ইমরুল। ছবি: শামসুল হক

টেস্ট প্রথম সেশনটা সব সময় গুরুত্বপূর্ণ। সে হিসেবে বাংলাদেশের জন্য খুলনা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা কেটেছে ভালোই। ৩০ ওভারে কোনো ১ উইকেটে বাংলাদেশ তুলেছে ৬০ রান। তবে আরও ভালো হতেই পারত। লাঞ্চের মাত্র তিন ওভার আগে ফিরেছেন তামিম ইকবাল। ভেঙেছে ৫২ রানের উদ্বোধনী জুটি। পাকিস্তানের বিপক্ষে রেকর্ড বইয়ে গত কিছু দিন ধরেই নতুন অনেক কিছু যোগ করছে বাংলাদেশ। এটাও যেমন টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি।

পাকিস্তানের বিপক্ষে কখনোই নির্বিঘ্নে প্রথম দিনের প্রথম সেশন পার করতে পারেনি বাংলাদেশ। আগের লড়াইগুলোয় প্রতিবারই প্রথম সেশন একটি, দুটি, এমনকি পাঁচ উইকেট হারিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। এই প্রথম পাকিস্তানকে কোনো উইকেট না দিয়ে প্রথম সেশন শেষ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
২০তম ওভারে জুলফিকার বাবরের বলে ব্যাকওয়ার্ড শর্ট লেগে হাফিজের হাতে জীবন পেয়েছিলেন তামিম। কিন্তু ফিরে পাওয়া জীবনটা খুব বেশি কাজে লাগাতে পারলেন না আগের চার ইনিংসে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি করা তামিম। সাত ওভার পরই ইয়াসির শাহর বলে আজহার আলীর হাতে ধরা পড়লেন বাঁহাতি ওপেনার। ফেরার আগে সংগ্রহ ২৫ রান। টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি পাননি। তবে টানা তিন টেস্টে সেঞ্চুরির সুযোগ এখনো আছে তামিমের, দ্বিতীয় ইনিংস তো রইলই।
এর আগে আটবার মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রতিবার হারলেও, এত দিন একটি জায়গায় ছিল সমতা। দুই দল টসে জিতেছিল চারবার করে। আজ টসে জিতে সেখানে ‘এগিয়ে’ গেল বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে একটি অলিখিত ‘নিয়ম’ হয়ে দাঁড়িয়েছে, প্রতিবারই প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। আজও তা-ই।
প্রথম ব্যাট করতে নেমে বেশ ধীরলয়েই শুরু করেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম-ইমরুল কায়েস। জুনায়েদ খানের করা প্রথম ওভারের তৃতীয় বলটা আলতোভাবে ছুঁয়েছিল ইমরুলের প্যাড। বলটা ছিল পিচিং আউটসাইড, তা ছাড়া অফস্টাম্পও মিস করত। এর পরও রিভিউ চাইল পাকিস্তান। কাজ হয়নি।
আজ বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হয়ে গেল সৌম্য সরকার ও পেসার মোহাম্মদ শহীদের। এ দলে ফিরেছেন শুভাগত হোম। সৌম্য ও শুভকে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার বিবেচনায়। সে হিসেবে বাংলাদেশ দল খেলছে আট ব্যাটসম্যান নিয়ে।
ওদিকে পাকিস্তান দলে আজ টেস্ট অভিষেক হলো সামি আসলামের। ওয়ানডে, টি-টোয়েন্টিতে নিদারুণ ব্যর্থ সাঈদ আজমলকে নেয়নি পাকিস্তান।