ফিরলেন মালিক ও সামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের দুই ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ সামিও। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে এই দুই ক্রিকেটারের জায়গা পাওয়াটাকে চমকই বলতে হবে।
সাঈদ আজমলের না-থাকাটাকে কি তা বলা যায়? হয়তো না। বোলিং অ্যাকশন পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে। প্রথম দুটি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টিতে এমনই নিষ্প্রভ হয়ে ছিলেন যে, টেস্ট সিরিজে দর্শক হয়েই থাকতে হয়েছে তাঁকে।
সাবেক অধিনায়ক শোয়েব মালিক সর্বশেষ পাকিস্তান দলে খেলেছিলেন বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ৩৪ বছর বয়সী ফাস্ট বোলার সামি ফিরলেন ২০১২ সালের শ্রীলঙ্কা সফরের পর। দুজনই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো করার পুরস্কার পেলেন। ঘরোয়া টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন নুমান আনোয়ার ও ইমাদ ওয়াসিম। ১৯ বছরের তরুণ নুমান ওপেনিং ব্যাটসম্যান। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ইমাদ স্পিনিং অলরাউন্ডার। ফিরেছেন বিশ্বকাপের পর বাদ পড়া ব্যাটসম্যান উমর আকমলও।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২২ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ ২৪ মে। এএফপি, ক্রিকইনফো।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল
শহীদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, নুমান আনোয়ার, শোয়েব মালিক, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, আনোয়ার আলী, হাম্মাদ আজম, ইমাদ ওয়াসিম, বিলওয়াল ভাট্টি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ সামি।