ফিরে আসছেন মার্শাল!

কত দিন পর আবারও তাঁকে ঘিরে এমন ভিড়? কত দিন পর আবারও দাঁড়ালেন ক্যামেরা আর রেকর্ডারের সামনে!
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পড়ন্ত বিকেলটা কাল কেবলই মার্শাল আইয়ুবের হয়ে এল। ম্যাচ রেফারি বেলায়েত হোসেনের ম্যান অব দ্য ম্যাচ ঘোষণায় তাঁর নাম, নির্বাচক কমিটির এক সদস্যকে কাছে পেয়ে ঢাকা মহানগর দলের কর্মকর্তার খোঁচাতেও তিনি, ‘কী প্লেয়ারটাকে বাইরে রেখে দিলেন...’, আর সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়দের অভিনন্দনে সিক্ত হয়ে সাংবাদিকদের মধ্যমণি তো হলেনই।
প্রথম ইনিংসে ১০৭ রান, দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১৫। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ১০টি সেঞ্চুরি থাকলেও এক ম্যাচে দুই সেঞ্চুরি এই প্রথম। প্রায় একক কৃতিত্বে খুলনার সঙ্গে ড্র করার পর ম্যাচ শেষে ঢাকা মহানগরের মার্শাল সব আলো কেড়ে নেবেন, এটাই স্বাভাবিক ছিল। সঙ্গে অনিবার্যভাবে ফ্ল্যাশ ব্যাকে ভেসে উঠল কিছু খণ্ডচিত্রও।
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে টেস্ট দলে ডাক পেয়েছিলেন ২০১৩ শ্রীলঙ্কা সফরে। তবে টেস্ট অভিষেক ওই বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে। তাঁর ব্যাটিং দৃষ্টির জন্য প্রশান্তি, টেস্ট ম্যাচেও সেটির ঝলক দেখা গেছে। তবে দু-একবার ভালো শুরু করেও ইনিংসকে বড় করতে পারেননি। সর্বোচ্চ রান ৪১, তিন ম্যাচে মোট ১২৫ রান, মার্শালের টেস্ট ক্যারিয়ার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে এরপর থেকেই।
৬২টি প্রথম শ্রেিণর ম্যাচে ৩৬.৯৭ গড়ে ৩৪০২ রান নিয়ে পা ফেলেছিলেন টেস্টের আঙিনায়। দুটি ডাবল সেঞ্চুরিও ছিল। সেই মার্শাল টেস্টে কেন যথেষ্ট সুযোগ পাওয়ার আগেই হারিয়ে যেতে বসলেন, তা এক রহস্য। নির্বাচক হাবিবুল বাশার অবশ্য মানতে চাইলেন না মার্শাল হারিয়ে যাচ্ছেন, ‘ও হারিয়ে যায়নি। বরং আমাদের চিন্তাভাবনায় ভালোভাবেই আছে। টেস্টে খারাপ করার পর দুর্ভাগ্যজনকভাবে ঘরোয়া ক্রিকেটেও ফর্ম হারিয়ে ফেলাতেই মাঝখানে বিরতি পড়েছে।’
জাতীয় লিগে পর পর দুই সেঞ্চুরি সে বিরতিতে সহসাই ইতি টেনে দিচ্ছে, তা অবশ্য নয়। তবে নির্বাচকদের জন্য এটা একটা ভালো খবর তো বটেই। মাঠে বসে মার্শালের জোড়া সেঞ্চুরি দেখা হাবিবুল যেমন বললেন, ‘ওর প্রমাণ করার কিছু নেই। ঘরোয়া ক্রিকেটে অনেক রান করেছে ও। ওর মতো একজন রান পাচ্ছে, এটা আমাদের জন্য সুখবর। এ রকম খেলোয়াড় ব্যাকআপে থাকলে সেটা দলের জন্যই ভালো।’
জাতীয় দলে ফেরার তাড়া অবশ্য মার্শালেরও নেই। তা ছাড়া বাংলাদেশ দলের এখনকার চেহারাটাকে তিনি মনে করেন ‘ইতিহাসের সেরা।’ এই দলে ঢোকাটাকে সহজ কাজ মনে করার কোনো কারণ নেই। মার্শাল তা মনে করেনও না। তবে ফর্মের ভেলা ভাসিয়ে রাখতে পারলে টেস্ট খেলার সুযোগ আবারও আসবে, এই বিশ্বাস আছে। তাঁর ভাষায়, ‘নিজের জন্য খেলাটাই আগে। যত দিন ভালো পারফর্ম করব, তত দিনই ঘরোয়া ক্রিকেট এবং এর আশেপাশের খেলাগুলো খেলতে পারব।’ এই মুহূর্তে তাই সব চিন্তা জাতীয় লিগের সামনের ম্যাচগুলো নিয়ে, ‘এ দল বা জাতীয় দলে খেলা নিয়ে চিন্তা করছি না। লক্ষ্য ছিল জাতীয় লিগের শুরুটা যেন ভালো করতে পারি। সেটা করেছি। তবে আরও ভালো করতে হবে। সেদিকেই বেশি মনোযোগ দিচ্ছি।’
অভিষেক টেস্টের আগে বিসিএলে মধ্যাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে ২৮৯ রানের ইনিংস খেলেছিলেন। তারও এক ম্যাচ আগে সেঞ্চুরি। এক ম্যাচে দুই সেঞ্চুরি যেন মার্শালকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই সময়ে, ‘একজন ব্যাটসম্যান যদি রানে ফেরে, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে, তার আত্মবিশ্বাস বাড়বেই। আমারও মনে হচ্ছে দুই বছর আগের ফর্মটা বোধ হয় ফিরে আসছে।’
মার্শালের জন্য এটা সুখবর। সুখবর বাংলাদেশের ক্রিকেটের জন্যও।
জাতীয় লিগে জোড়া সেঞ্চুরি
| ম্যাচ | ভেন্যু | মৌসুম | ||
| ২১০ ও ১১০ | মিনহাজুল আবেদীন | চট্টগ্রাম-ঢাকা বিভাগ | ময়মনসিংহ | ২০০১-০২ |
| ১১৯* ও ১১০* | শাহীন হোসেন | বরিশাল-চট্টগ্রাম | চট্টগ্রাম | ২০০৪-০৫ |
| ১০৬ ও ১৫১ | জাভেদ ওমর | ঢাকা বিভাগ-বরিশাল | ধানমন্ডি | ২০০৫-০৬ |
| ১০৯ ও ১০০ | মিঠুন আলী | খুলনা-সিলেট | চট্টগ্রাম | ২০১১-১২ |
| ১৯২ ও ১১৩* | তামিম ইকবাল | চট্টগ্রাম-ঢাকা মহানগর | বগুড়া | ২০১২-১৩ |
| ১৬৬ ও ১২৭* | ইমরুল কায়েস | খুলনা-বরিশাল | বিকেএসপি | ২০১৪-১৫ |
| ১০৭ ও ১১৫* | মার্শাল আইয়ুব | ঢাকা মহানগর-খুলনা | মিরপুর | ২০১৫-১৬ |
** জাতীয় লিগের বাইরে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে জোড়া সেঞ্চুরি পেয়েছেন শুধু শাহরিয়ার হোসেন, ২০০০ সালে জাতীয় দলের হয়ে এমসিসির বিপক্ষে