ফিরে আসছেন সোহাগ

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হওয়ার আগেই সোহাগ গাজী ফিরে আসবেন দেশে—এটি নিশ্চিতই ছিল। তবে কখন আসবেন, নিশ্চিত ছিল না। ডান হাতি অফ স্পিনারের সুযোগ ছিল সেন্ট ভিনসেন্টে প্রথম টেস্ট খেলা। তবে সোহাগের ভবিষ্যতের দিক তাকিয়েই টিম ম্যানেজমেন্ট সেটি চাচ্ছে না। ফলে টেস্ট দলে না থাকা মাশরাফি, তাসকিন, রাজ্জাকদের সঙ্গেই দেশে ফিরছেন সোহাগ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সোহাগের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে ম্যাচ অফিসিয়ালরা। আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে পরীক্ষা করাতে হবে এ অফ স্পিনারকে। আইসিসি বলে দিয়েছে ১৯ সেপ্টেম্বর কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে পরীক্ষা করাতে হবে সোহাগকে।
চাইলে সোহাগকে আরও কিছুদিন ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে রাখা যেত। সে ক্ষেত্রে ব্রিটিশ ভিসা নিতে যেতে হবে বারবাডোজে। সেটা যথেষ্ট ঝামেলার ও সময়সাপেক্ষ ব্যাপার। ১৯ সেপ্টেম্বর পরীক্ষা করাতে হলে দেশে ফিরেই ভিসা নিতে হবে সোহাগকে। ব্রিটিশ ভিসাপ্রাপ্তির সাম্প্রতিক দীর্ঘসূত্রতা ও ঝামেলা বিবেচনা করে বিসিবি দ্রুত দেশে ফিরিয়ে আনছে সোহাগকে। তাঁর স্থলে দলে ঠাঁই পেতে যাচ্ছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। তাইজুল এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে চলে গেছেন।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, ‘আমরা প্রথম টেস্টে তাকে খেলাতে চেয়েছিলাম। এরপর ব্রিটিশ ভিসার জন্য আবেদন করতে দেশে ফিরে আসত। তবে ভিসার জন্য অনেক সময় লেগে যাবে। এ কারণে বোর্ড কোনো ঝুঁকি নিতে চাইনি। সে (সোহাগ) দুই-এক দিনের মধ্যে ওয়ানডে খেলোয়াড়দের সঙ্গে দেশে ফিরে আসবে।’