ফিরে আসবে সেই কোণঠাসা বাঘ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯২ সালের বিশ্বকাপ। প্রথম পাঁচ ম্যাচে জয় একটি, জিম্বাবুয়ের সঙ্গে। তারপর টানা পাঁচ জয়ে ইতিহাস। ইমরান খান আর তাঁর কোণঠাসা বাঘ, পাকিস্তানের ক্রিকেটে দুটো নামই কিংবদন্তি! এরপর থেকে দেয়ালে পিঠ ঠেকে গেলেই পাকিস্তান প্রেরণা খোঁজে সেই কোণঠাসা বাঘের স্মৃতি থেকে।
কালের পরিক্রমায় আরেকটি বিশ্বকাপ, সেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। আবারও প্রায় ৪০ বছর বয়সী অধিনায়ক, আবারও শুরুতেই এলোমেলো পাকিস্তান। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হার, জয় শুধু জিম্বাবুয়ে ও আমিরাতের সঙ্গে। সেই পাকিস্তানই হারিয়ে দিল ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে! সামনে আয়ারল্যান্ড, তাদের হারালেই নিশ্চিত কোয়ার্টার ফাইনাল। তবে কি ফিরে আসবে সেই কোণঠাসা বাঘ!
অথচ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে সমালোচনার তিরে ক্ষতবিক্ষত হয়েছিলেন এই দলের খেলোয়াড়েরাই। অধিনায়ক মিসবাহ-উল-হককে বলা হলো স্বার্থপর ও ভীরু! জুনাইদ খান, উমর গুল, সাঈদ আজমলের অনুপস্থিতিতে ‘অনভিজ্ঞ’ এক বোলিং লাইনআপ নিয়েও উঠল প্রশ্ন। অথচ মিসবাহই এখন অন্যতম নায়ক, আর সেই ‘অখ্যাত’ বোলিং লাইনআপই ২৩১ রানের পুঁজি নিয়ে (ডি-এল পদ্ধতিতে) প্রতিপক্ষকে আটকে দিল ২০২ রানের মধ্যেই। এ বিশ্বকাপের সবচেয়ে কম পুঁজি নিয়ে জেতা দল এখন পাকিস্তান।
জয়টি প্রয়োজন ছিল। আর পাকিস্তান দলে বোধ হয় প্রয়োজন ছিল একজন সরফরাজ আহমেদের। ফর্মে থাকলেও বিশ্বকাপে আগের চার ম্যাচে সুযোগ পাননি। সুযোগ পেয়ে যা করলেন, সদ্ব্যবহার বললেও কম বলা হয়। ওপেনিংয়ে নেমে সমানসংখ্যক বলে ৪৯ রান। তারপর উইকেটের পেছনে ছয়টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন (এমনটি প্রথম করেছিলেন গিলক্রিস্ট, তারপর সরফরাজ বাদে করেছেন আরও পাঁচজন)। এমন খেলোয়াড়কেও মাঠের বাইরে রাখতে পারে পাকিস্তানের মতো দলই!
আর সরফরাজে জয় দেখা পাকিস্তান প্রেরণা খুঁজছে ’৯২ থেকেই। কোচ ওয়াকার ইউনিস বলছেন, ড্রেসিংরুমে ফিরে আসছে আত্মবিশ্বাস। দলের বাইরে থাকা স্পিনার সাঈদ আজমলও জয়টিকে দেখছেন বড় করে, ‘জয়টা প্রয়োজন ছিল। এখন অন্য দলগুলো বার্তা পাবে, পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার কিছু নেই।’
যাদের প্রেরণায় ‘কোণঠাসা আহত বাঘ’, তাদের হালকাভাবে নেওয়ার ঝুঁকিটা নিশ্চয়ই নেবে না কেউ! টাইমস অব ইন্ডিয়া, ক্রিকইনফো।