ফিরে আসার প্রতিজ্ঞা এলগারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিন এলগারের কথায় বারবারই এল আবহাওয়ার প্রসঙ্গ। সেটা স্বাভাবিকও। রোমাঞ্চকর সমাপ্তির সম্ভাবনা জাগিয়ে চট্টগ্রাম টেস্টটি ড্র হয়ে গেছে আবহাওয়ার কারণেই। বৃষ্টি বাধা না দিলে টেস্টটা দক্ষিণ আফ্রিকা জিততই, এমন নিশ্চয়তা অবশ্য ছিল না। সম্ভাবনা ছিল ফিফটি-ফিফটি। তবে টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষ দলটি জয়ের আশাই নিশ্চয়ই করেছিল।
চট্টগ্রামের হতাশা যেন এখনো সঙ্গী দক্ষিণ আফ্রিকান ওপেনার এলগারের। মিরপুরে কাল অনুশীলনের আগে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন সংবাদ সম্মেলনে। চট্টগ্রাম টেস্ট নিয়ে আক্ষেপ ঝরে পড়ল সেখানেই। সঙ্গে ঢাকা টেস্টে ফিরে আসার প্রতিজ্ঞাও, ‘প্রথম টেস্টে আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। তবে আশা করছি এবার ভালোভাবে ফিরে আসতে পারব। আমাদের অবশ্যই সে সামর্থ্য আছে।’
কিন্তু সেই সামর্থ্য যে অনূদিত হতে পারছে না টানা বৃষ্টিতে! আবহাওয়া নিয়ে ভাবতে ভাবতে খেলার ভাবনাগুলো কিছুতেই যেন এক জায়গায় আনা যাচ্ছে না। মনোযোগ ছুটে যাচ্ছে একটু পরপরই। এমনকি এলগারের ‘খেলার সময় খেলা, পড়ার সময় পড়া’র দর্শনও চিন্তাটা ঝাড়তে পারছে না মাথা থেকে, ‘যখন আপনি খেলার বাইরে থাকবেন তখন ক্রিকেট নিয়ে চিন্তা না করাই ভালো। আমি তাই করি। এটা খুবই গুরুত্বপূর্ণ। সারাক্ষণ খেলা নিয়ে ভাবা খুব বিরক্তিকর। সে কারণেই এত অলস সময় ভালো লাগছে না। এখন ঘুরেফিরেই খেলার চিন্তা মাথায় আসছে।’
অবশ্য বিকল্প যেহেতু নেই, ব্যাপারটাকে মেনে নেওয়াই একমাত্র উপায় মনে করছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার। সঙ্গে চেষ্টা করছেন এর একটা ইতিবাচক দিক বের করার। ধরুন, টানা বৃষ্টির পরও ৩০ জুলাই ঠিকই শুরু হয়ে গেল দ্বিতীয় টেস্ট। আগে ফিল্ডিং পেলে নতুন বলে কেমন জ্বলে উঠবেন ডেল স্টেইন-মরনে মরকেলরা? এলগারের চিন্তায় এখন সেই সুখকল্পনা।
দক্ষিণ আফ্রিকার বোলারদের যে বাংলাদেশের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে, সেটা এমনিতেই বিশ্বাস করেন এলগার। কন্ডিশনের কারণে সেই বিশ্বাস আরও দৃঢ় এখন, ‘২০ উইকেট পাওয়ার মতো বোলিং আক্রমণ তো আমাদের আছেই। আর বলটা যদি আমাদের কোর্টে থাকে, কন্ডিশন কাজে লাগানোর অভিজ্ঞতা অবশ্যই আমাদের বোলারদের আছে।’
এলগারের অবশ্য চট্টগ্রাম টেস্টের বোলিং নিয়েও কোনো অভিযোগ নেই। অতৃপ্তি শুধুই ব্যাটিং নিয়ে, ‘আমার মনে হয় ইনিংসে আমরা ছন্দটাই হারিয়ে ফেলেছিলাম। এক উইকেট হারিয়েও খুব ভালো অবস্থায় ছিলাম। কিন্তু আমার আর ডু প্লেসির উইকেট দুটি খুব দ্রুতই পড়ে গেল।’ ওই জায়গা থেকে বড় জুটি গড়ে ইনিংসটা নতুন করে শুরু করা সহজ ছিল না বলে মনে করেন এলগার। এর জন্য কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের বোলারদেরও, ‘বাংলাদেশ খুবই ভালো বল করেছে এবং আমাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে।’
কিন্তু ক্রিকেটে এ রকম বাজে সময়, বাজে দিন আসতেই পারে। সেখান থেকে ফিরে আসতে পারাটাই তো বড় দলের পরিচয়! এলগারও বলছিলেন, ‘খেলাটা এ রকমই। পরিকল্পনা অনুযায়ী সব সময় কাজ করতে পারবেন না আপনি। বাংলাদেশের খেলোয়াড়দের সুযোগ কাজে লাগানোর কৃতিত্ব দিতেই হবে।’
তবে ঢাকা টেস্টে সে রকম পরিস্থিতি আর চান না এলগার। ভুল শুধরে এই টেস্ট থেকে তুলে নিতে চান এমন কোনো অর্জন, দেশে ফেরার বিমানে যা দলের মধ্যে ছড়িয়ে দেবে সুখানুভূতি। বিশ্বসেরা টেস্ট দলের একজন হিসেবে এটুকু তো চাইতেই পারেন ডিন এলগার।