ফিরে আসুক জয়ের গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি কোনো কোনো দলের পয়েন্ট কমাচ্ছে। পুরো খেলা হলে যে দল হারত, তার অবশ্য খেলাটি না হওয়ায় লাভই হয়। ২ পয়েন্ট হারানোর ব্যথাটা লাঘব হয় না খেলেই মুফতে ১ পয়েন্ট পেয়ে। বেশি পয়েন্ট পেয়ে যারা ওপরে অবস্থান করছে, তাদের জন্যও যে পয়েন্ট ভাগাভাগি খুব স্বস্তিদায়ক, তা নয়। তাদের প্রতিযোগিতা তো বেশি জয়ী হওয়া, পয়েন্টে ওপরে থাকা বা সমান থাকাদের সঙ্গে। বৃষ্টির কবলে পড়ে ১ পয়েন্ট হারানো তাদের ক্ষেত্রেও পিছিয়ে যাওয়াই, যদি সমান থাকা অন্যরা বৃষ্টির কবলে না পড়ে পুরো ২ পয়েন্ট পেতে থাকে।

১৩ জুন আরও একটি উল্লেখযোগ্য খেলা বৃষ্টিতে ধুয়ে গেল। ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের ভারত-নিউজিল্যান্ডের এই খেলাতে উভয়ের ১ পয়েন্ট করে প্রাপ্তি ঘটল বটে, কিন্তু যে পয়েন্টটি খোয়া গেল, তা ডিঙিয়ে লাভবান হতে পারবে বৃষ্টির কবলে না–পড়া দলগুলো।

তো পয়েন্ট ভাগাভাগির ব্যাপারটি যেমনই হোক, মেনে নিতে হচ্ছে আইসিসির বেঁধে দেওয়া নিয়মে পড়ে। হয়তো সেসব বাকি খেলাগুলোতে ভালো করতে থাকলে পুষিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অন্যদের জেতা-হারার গুনাগুনতিতে গিয়ে। কিন্তু বাতিল হওয়া খেলাগুলোর অন্য ক্ষতিগুলো কখনোই আর পূরণ হতে পারবে না। যেমন, দলগুলোর এবং খেলোয়াড়দের সম্ভাব্য নানাবিধ রেকর্ডপ্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া, কেউ কেউ হয়তো সেঞ্চুরি করে পরবর্তী খেলার জন্য উজ্জীবিত হতে পারত, বোলাররা হয়তো ভালো বোলিং করে বেশি উইকেট পাওয়ার রেকর্ড করতে পারত, কেউ হয়তো আগের খেলাগুলোতে জ্বলে উঠতে পারেনি, অতএব পরের খেলাটিতে (বাতিল হওয়া) নিজেকে শোধরানোর প্রমাণ রাখতে পারত—ইত্যাদি কত রকমের দিকে অপূরণীয় ক্ষতি স্বীকার করে নিতে হয়।

আসলে বৃষ্টির কারণে খেলা চুলেমূলে বাতিল করার নিয়মটা না থাকলেই ভালো হতো বলে আমার মনে হয়। বাতিল খেলার জন্য অন্য কোনো দিন ধার্য করার নিয়ম থাকলে বিশ্বময় ক্রিকেটপ্রেমীরা আনন্দিত থাকতে পারত।

ক্ষতিটা জয়-পরাজয় উভয় স্বাদপ্রাপ্ত আমাদের টিমকেই পোহাতে হচ্ছে বেশি। ১১ জুনের খেলায় শ্রীলঙ্কাকে হারানোর অবস্থাটি আমাদের দলটির ছিলই। খেলা হলে আর জয়ের ঘটনাটি ঘটলে দলের সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারটা সুগম হতো অনেকটাই। হয়তো তামিম বড় স্কোর করত, নতুনেরা নিজেদের দলে অপরিহার্যতার প্রমাণ দিত। আক্ষেপটা থেকেই যাবে চিরকাল।

তবে যা হয়নি তা অন্তত মাঠে ভুলে গিয়ে ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজকে ধরতে পারার যথাযথ প্ল্যান নিয়েই খেলতে হবে। সেদিন জয় ছাড়া বৃষ্টিকে ১ পয়েন্টের উপায় ভাবলেও লাভ হবে না।