ফিরে এলেন সৌম্য

টেস্ট ম্যাচে ৮৬ রান বড় কিছু নয়। ৫০ যেমন ফিফটি, ৮৬-এর মর্যাদাও ফিফটি। কিন্তু সৌম্য সরকারের কালকের ফিফটি অর্থবহ। ৮৬ রানের এই ইনিংস জানান দিচ্ছে, সৌম্য সরকার ফিরে এসেছেন। বাংলাদেশের ব্যাটিংয়ে হঠাৎ সৃষ্ট একটা গহ্বর তাতে ভরাট হলো।
নিউজিল্যান্ডে এসে ক্রাইস্টচার্চের প্রথম ওয়ানডেতে আউট হয়েছেন কোনো রান না করেই। নেপিয়ারের প্রথম টি-টোয়েন্টিতেও তা–ই। মাউন্ট মঙ্গানুইয়ের পরের দুটি টি-টোয়েন্টিতে ৩৯ ও ৪২ রানের ইনিংস খেলে আভাস দিয়েছিলেন ফর্মে ফেরার। হ্যাগলি ওভালে কাল যেন সেটাই পূর্ণতা পেল।
ইমরুল কায়েস চোটে পড়ায় তামিম ইকবালের ওপেনিং–সঙ্গী হয়েছেন তিনি। কিন্তু দলের ৭ রানে আউট হয়ে গিয়ে তামিম নিজেই তাঁকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না। সৌম্য তবু একা হয়ে পড়েননি। সাকিব আল হাসানের সঙ্গে ১২৭ রানের জুটিতে বাংলাদেশের ইনিংস টেনে নিয়ে গেছেন তিনিই।
তামিম ইকবাল টেস্টের আগে বলেছিলেন, সৌম্য সরকারের কাছ থেকে আরোপিত কিছু চান না তিনি। চান সৌম্যের নিজের খেলাটাই। সৌম্যও সেভাবেই খেললেন। তাঁর ভাষায়, ‘চিন্তা ছিল ইতিবাচক খেলা। তামিম ভাইও তা–ই বলেছেন। সকালে উইকেট দেখে সংশয়ে ছিলাম। কেমন না কেমন হয়। তবে কিছুক্ষণ খেলার পর মনে হলো কষ্ট করলে শট খেলা যাবে। আমি বল বুঝে খেলার চেষ্টা করেছি।’
এ নিয়ে চতুর্থ টেস্ট খেলছেন সৌম্য। ফিফটি পেলেন কালই প্রথম। তবে যেভাবে খেলছিলেন ফিফটিতেই তাঁর থেমে যাওয়ার কথা ছিল না। সেঞ্চুরি না পাওয়াটা দুর্ভাগ্যজনকই। কিন্তু কী করবেন? ট্রেন্ট বোল্টের ওই বলটা যে উইকেটে পড়েই একটু থেমে গেল! বল প্রত্যাশিত গতিতে না আসায় সৌম্যের ব্যাট দ্বিধাগ্রস্ত। ড্রাইভ করতে গিয়ে কাভারে ক্যাচ।
দিন শেষে আফসোস করলেন, ‘নিজেকে প্রমাণ করার বড় সুযোগ ছিল। যতটুকু সম্ভব ছিল আমি তার শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। আমি যদি ইনিংসটা আরও বড় করতে পারতাম...এভাবে চলে না এসে যদি আরও একটু কষ্ট করতাম, হয়তো দলের জন্য সেটা আরও ভালো হতো। আমি যদি থাকতাম স্কোরবোর্ডে আরও বেশি রান থাকত।’
ফর্মে থাকলে যেকোনো সংস্করণের ক্রিকেটেই প্রথম পছন্দ হবেন সৌম্য। কিন্তু ফর্ম হারানোর পর সামর্থ্য প্রমাণের একটা তো সুযোগ দরকার ছিল। ইমরুলের চোট সুযোগটা এনে দিল এবং সেটা দুহাত ভরেই নিলেন।
সংবাদ সম্মেলনে আসার আগে ড্রেসিংরুমে কামরুল ইসলামের সঙ্গে কথা হচ্ছিল সৌম্যের। কামরুল—বোলার হয়েও অনেক স্বীকৃত ব্যাটসম্যানকেই যিনি লজ্জায় ফেলে দিলেন কাল। ১০ নম্বরে নেমে ৬৩ বল খেলেছেন। কিউই পেসারদের বাউন্সার সামলেছেন। লেগের দিকে পাঁজর উচ্চতায় করা যে বলগুলো এই সিরিজে বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য ‘প্রাণঘাতী’ হচ্ছে, ওয়াগানার-বোল্টদের সেসব ডেলিভারি সবচেয়ে ভালো সামলালেন তিনিই। সৌম্য তাঁকে মজা করে বলছিলেন, ‘আমি তাঁকে বলেছি, রাব্বী ভাই (কামরুল) নন-স্ট্রাইকে কোনো ব্যাটসম্যান থাকলে সে তো এক শ মেরে দিত! তুমি যেভাবে ৬০-৭০ বল খেলে ২ রান করেছ, সঙ্গে একজন ব্যাটসম্যান থাকলে বড় ইনিংস খেলে ফেলত।’
আজ সকাল থেকেই শুরু হবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ব্যাটিং। বৃষ্টির সম্ভাবনা থাকায় বাংলাদেশের বোলাররা কিছুটা বাড়তি সুবিধার আশা করতেই পারেন। সৌম্যও সে রকম আশার কথাই জানালেন সংবাদ সম্মেলনে, ‘আমাদের কাল (আজ) একটাই লক্ষ্য ওদের যত দ্রুত সম্ভব অলআউট করে দেওয়া।’