৬৯ রানে পিছিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদউল্লাহও পারলেন না ইনিংসটাকে বড় করতে । ছবি: শামসুল হক
মাহমুদউল্লাহও পারলেন না ইনিংসটাকে বড় করতে । ছবি: শামসুল হক

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট আজ ব্যাটসম্যানদের পক্ষে যে কথা বলেছে, সেটা জোর গলায় বলা যাবে না। কিন্তু তৃতীয় উইকেট তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ সব প্রতিকূলতাকে পেছনে ফেলে যে দারুণ একটা জুটি গড়েছিলেন, বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা বলতে এটিই। এই দুজনের ৮৯ রানের জুটিই দক্ষিণ আফ্রিকার সংগ্রহকে ছুঁয়ে ফেলার পথে অনেক দূর হাঁটিয়েছে বাংলাদেশকে। কিন্তু পঞ্চাশের ইনিংসকে বড় করতে পারার ব্যাপারে তামিম-মাহমুদউল্লাহর ব্যর্থতা আর শেষ বিকেলে বৃষ্টির উৎপাত এখনো প্রতিপক্ষের চেয়ে ৬৯ রানে পিছিয়ে রাখছে বাংলাদেশকে। বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় দিন শেষে মুশফিক-বাহিনীর সংগ্রহ ৪ উইকেটে ১৭৯।
তামিম ইকবাল আজ তাঁর পুরো ইনিংসটিই খেলেছেন স্বভাব-বিরুদ্ধ ঢংয়ে। ১২৯ বল মোকাবিলা করে ৫৭ রান করাটা নিশ্চয়ই তাঁর নিজের ব্যাটিংয়ের সঙ্গে যায় না। কিন্তু তারপরেও পরিস্থিতি আর প্রতিপক্ষের বোলিং শক্তিকে মাথায় রেখে তাঁর এই খোলসে ঢুকে যাওয়াটা প্রশংসার দাবি রাখছেই। তামিমের ইনিংসটির প্রশংসায় আরও উচ্চকণ্ঠ হওয়া যেত, যদি তিনি তাঁর এই ইনিংসটিকে আরও বড় করতে পারতেন। একই ধরনের কথা প্রযোজ্য মাহমুদউল্লাহর ক্ষেত্রেও। তবে একটি ক্ষেত্রে মাহমুদউল্লাহ আলাদা প্রশংসা পাচ্ছেনই। মাত্র ৫৫ রানে ইমরুল কায়েস আর মুমিনুল হককে হারিয়ে দল যখন চাপে, এই মাহমুদউল্লাহই পাল্টা আক্রমণে গিয়ে সেই চাপ থেকে অনেকটাই বের করে নিয়ে এসেছিলেন দলকে।
দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে ভয় ছিল স্টেইন-মরকেল আর ফিল্যান্ডারকে নিয়ে। কিন্তু আজ বাংলাদেশের পতন হওয়া চারটি উইকেটের তিনটিই তুলে নিয়েছেন তিন অখ্যাত বোলার—ফন জিল, সাইমন হারমার ও ডিন এলগার। কেবল মাহমুদউল্লাহই হয়েছেন ভারনন ফিল্যান্ডারের শিকার।
চট্টগ্রামের উইকেট ব্যাট করাটা খুব একটা সহজ ছিল না—এ কথা আগেই তুলে ধরা হয়েছে। উইকেটের টার্ন আর বাউন্স দারুণভাবেই ব্যবহার করেন প্রোটিয়া স্পিনাররা। কিন্তু কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও বাংলাদেশের ব্যাটসম্যানদের লড়াই চালিয়ে যাওয়ার বিষয়টি কিন্তু ইতিবাচক বার্তাই দিয়ে যাচ্ছে। ব্যাটসম্যানদের দৃঢ়তায় প্রতিপক্ষের বোলাররা মাথায় চেপে বসতে পারেননি—আজ দ্বিতীয় দিনে বাংলাদেশের সাফল্য এটিই।
তৃতীয় সেশনটা মাঠে গড়িয়েছে মাত্র ৪২ মিনিট। এ সময় অধিনায়ক মুশফিকুর রহিম শক্ত হাতেই হাল ধরে ছিলেন দলের। তিনি অপরাজিত আছেন ১৬ রানে। মাহমুদউল্লাহর বিদায়ের পর উইকেটে আসা সাকিব অবশ্য রানের খাতাটাই খুলতে পেরেছেন কেবল। বৃষ্টি অবশ্য এই জুটির আর পরীক্ষা নিতে দেয়নি।
দিনের শুরুটা কিন্তু খুব একটা খারাপ ছিল না বাংলাদেশের। প্রথম দিনের শেষ বিকেলে তোলা ৭ রানের সঙ্গে আজ দ্বিতীয় দিন সকালে দুই উদ্বোধনী ব্যাটসম্যান যোগ করেছিলেন আরও ৩৯ রান। কিন্তু ফন জিলের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন ২৬ রান করা ইমরুল কায়েস। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে হারমারের বলে বোল্ড হন মুমিনুল হক।
হঠাৎই ২ উইকেট হারিয়ে ফেলায় দল যখন চাপে ঠিক সেই মুহূর্তে মাহমুদউল্লাহ আর তামিম ইকবালের ৮৯ রানের যুগলবন্দী প্রোটিয়াদের চোখে চোখ রেখে লড়াইয়ের ক্ষেত্রটা প্রস্তুত করে দেয় অনেকটাই।