তামিম-মাহমুদউল্লাহর যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ স্থিতধী ইনিংস খেললেন তামিম ইকবাল। ছবি: এএফপি
দারুণ স্থিতধী ইনিংস খেললেন তামিম ইকবাল। ছবি: এএফপি

সময়টা একেবারেই ভালো কাটছিল না তামিম ইকবালের। আজ খুলনায় এসে নিজেকে একটু অন্যভাবেই চেনাচ্ছেন তিনি। দারুণ স্থিতধী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে দিচ্ছেন নির্ভরতা। সঙ্গে মাহমুদইল্লাহও কম যান না। এই দুই ব্যাটসম্যানের যুগলবন্দীতে খুলনা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বেশ শক্ত অবস্থানেই আছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭৩ রান। তামিম অপরাজিত আছেন ৬৭ রানে, মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৫৬ রান। ওই ৫৬ রানেই পানিয়াঙ্গারার বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন মাহমুদউল্লাহ।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শামসুর রহমানের উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশ শুরুর ধাক্কা সামলে ওঠে এসেছে তামিম ও মুমিনুলের একটা ভালো জুটির ওপর ভর করে। মুমিনুল অবশ্য দলীয় ৭৮ রানে ফিরেছেন ব্যক্তিগত ৩৫ রানে। এই মুহূর্তে তামিম দারুণ ইনিংসে স্বপ্ন দেখাচ্ছেন বড় সংগ্রহেরই। তাঁর সঙ্গে আছেন সাকিব আল হাসান।
তামিমের খরা কাটান এই ইনিংসটি সেজেছে দারুণ ধৈর্যশীল ব্যাটিংয়ের পরশে। ২২৪ বল খেলে মাত্র ৬টি চারে খেলা এই ইনিংস প্রমাণ করেছে বড় একটি ইনিংস খেলার জন্য তামিমের ভেতরকার আকাঙ্খাটা কত তীব্র।
মাহমুদউল্লাহ আরও একটি ফিফটি তুলেছেন ৫টি চারে সাজানো ইনিংসে। তাঁর ইনিংস​টিও গড়ে উঠেছে ১১৮ বলে।
জিম্বাবুয়ের পক্ষে একটি করে উইকেট তুলে নিয়েছেন এলটন চিগুম্বুরা ও তিনাশে পানিয়াঙ্গারা। ডিআরএসের কল্যাণে চিগুম্বুরা সকালে এলবির ফাঁদে ফেলেছিলেন শামসুর রহমানকে। পানিয়াঙ্গারা নিজের বলে নিজেই দারুণ এক ক্যাচ নিয়ে শেষ করে দেন মুমিনুলের সম্ভাবনাময় ইনিংস।