ফিরে গেল ইসিবির প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের সফর শেষ করে কাল সন্ধ্যায় ফিরে গেছে ইসিবির তিন সদস্যের প্রতিনিধিদল। যাওয়ার আগে সকালে দলটি পরিদর্শন করেছে ফতুল্লা স্টেডিয়াম। ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফর অনেকাংশেই নির্ভর করছে ইসিবির কাছে বাংলাদেশের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে প্রতিনিধিদলের দেওয়া প্রতিবেদনের ওপর। ইসিবি অবশ্য মতামত নেবে খেলোয়াড়দেরও।
ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন ছাড়াও প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। পরশু চট্টগ্রামে গিয়ে পরিদর্শন করেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এমএ আজিজ স্টেডিয়াম ও হোটেল র্যাডিসন ব্লু। এ ছাড়া সফরের প্রথম দিনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন প্রতিনিধিদলের সদস্যরা। দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড দলের।
প্রতিনিধিদলে ছিলেন ইসিবির ক্রিকেট পরিচালনা পরিচালক জন কার, ইসিবির নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসন এবং পেশাদার ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী ডেভিড ল্যাথারডেল।