ফিরে দেখা

২১-২৫ অক্টোবর ২০০৩
বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঢাকা
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অন্য ৮টি দেশের সঙ্গে তত দিনে টেস্ট খেলা হয়ে গেছে বাংলাদেশের। বাকি ছিল ইংল্যান্ড। বাংলাদেশের সেই প্রতীক্ষিত সিরিজটা এল ২০০৩ সালের অক্টোবরে। কিন্তু ঢাকায় টস জেতা ছাড়া আর কিছুই বাংলাদেশের পক্ষে যায়নি। প্রথম ইনিংসে ৭২ রানে ৫ উইকেট চলে যাওয়ার পর খালেদ মাসুদের ফিফটিতে কোনোরকমে ২০৩ করে অলআউট। মার্কাস ট্রেসকোথিকের সেঞ্চুরিতে ৯২ রানের লিড নিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে হান্নান সরকার আর হাবিবুল বাশার ফিফটি পেলেও স্টিভ হার্মিসন আর ম্যাথু হগার্ড মিলে বাংলাদেশকে থামিয়ে দিলেন ২৫৫ রানেই। অধিনায়ক মাইকেল ভনের অপরাজিত ৮১ রানের ইনিংসে ম্যাচ জিততেও খুব একটা কষ্ট করতে হয়নি ইংল্যান্ডকে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০৩ (মাসুদ ৫১; হার্মিসন ৫/৩৫, হগার্ড ৩/৫৫) ও ২৫৫ (হান্নান ৫৯, হাবিবুল ৫৮; হার্মিসন ৪/৪৪, হগার্ড ৪/৪৮)।
ইংল্যান্ড: ২৯৫ (ট্রেসকোথিক ১১৩, থর্প ৬৪; মাশরাফি ৩/৪১, রফিক ৩/৮৪) ও ১৬৪/৩ (ভন ৮১*; রফিক ২/৫৭)।
ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভ হার্মিসন।
২৯ অক্টোবর-১ নভেম্বর ২০০৩
এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের পরও ইংল্যান্ডকে ৩২৬ রানের কমে আটকানো গেল না। কিন্তু ইংল্যান্ডের যেখানে প্রথম ইনিংসেই চার ফিফটি, বাংলাদেশের প্রথম ইনিংসে কোনো ফিফটিই হলো না! রিচার্ড জনসন প্রায় একাই বাংলাদেশের প্রথম ইনিংস শেষ করে দিলেন ১৫২ রানে। ১৭৪ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে আরও ২৯৩ রান যোগ করল ইংল্যান্ড। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থেকে আউট হলেন নাসের হুসেইন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে আরও দৈন্যদশা। এবার ১৩৮ রানেই শেষ। আবারও কোনো ফিফটি নেই, আবারও ঘাতক রিচার্ড জনসন। দুর্দান্ত বোলিং করতে থাকা মাশরাফি ফলো থ্রুতে হাঁটুতে চোট পেয়ে ছিটকে পড়লেন মাঠের বাইরে। ফিরতে ফিরতে প্রায় ১৪ মাস।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৩২৬ (হুসেইন ৭৬, ট্রেসকোথিক ৬০, ক্লার্ক ৫৫, ভন ৫৪; মাশরাফি ৪/৬০) ও ২৯৩/৫ ডি. (হুসেইন ৯৫, থর্প ৫৪; রফিক ৩/১০৬)।
বাংলাদেশ: ১৫২ (রাজিন ৩২; জনসন ৫/৪৯) ও ১৩৮ (মাহমুদ ৩৩; জনসন ৪/৪৪)।
ফল: ইংল্যান্ড ৩২৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রিচার্ড জনসন।
২৬-২৮ মে ২০০৫
লর্ডস, লন্ডন
‘ক্রিকেট তীর্থে’ বাংলাদেশের অভিষেকটা হলো ভুলে যাওয়ার মতো। ভুলে যাওয়ার মতো টেস্ট অভিষেক হলো মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেনেরও। ইংলিশ গ্রীষ্মের শুরুতে সিমিং কন্ডিশনে স্টিভ হার্মিসন, ম্যাথু হগার্ড ও অ্যান্ড্রু ফ্লিনটফের তোপে পড়ে প্রথম ইনিংসে ১০৮ রানেই অলআউট। জাভেদ ওমরের ২২ রান দলের হয়ে সর্বোচ্চ! জবাব দিতে গিয়ে মার্কাস ট্রেসকোথিক ও মাইকেল ভনের সেঞ্চুরিতে ৫২৮ রানের পাহাড় ইংল্যান্ডের। আবারও ইংল্যান্ডকে ব্যাট করতে নামাতে হলে অন্তত ৪২০ করতে হতো বাংলাদেশকে। হাবিবুল বাশারের দল করল মাত্র ১৫৯, সর্বোচ্চ খালেদ মাসুদের ৪৪!
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১০৮ (জাভেদ ২২; হগার্ড ৪/৪২) ও ১৫৯ (মাসুদ ৪৪; জোনস ৩/২৯, ফ্লিনটফ ৩/৪৪)।
ইংল্যান্ড: ৫২৮/৩ ডি. (ট্রেসকোথিক ১৯৪, ভন ১২০, স্ট্রাউস ৬৯, বেল ৬৫*; মাশরাফি ২/১০৭)।
ফল: ইংল্যান্ড ইনিংস ও ২৬১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মার্কাস ট্রেসকোথিক।
৩-৫ জুন ২০০৫
চেস্টার-লি-স্ট্রিট, ডারহাম
লর্ডসে আগের টেস্টের চেয়ে এখানে হারের ব্যবধান কম। তার মানে কিছুটা ‘উন্নতি’ বলাই তো যায়। আসলেই ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসটা দারুণ খেলল বাংলাদেশ। আফতাব আহমেদের ৮২ বলে অপরাজিত ৮২ ও জাভেদ ওমরের ৭১ রানের সঙ্গে হাবিবুল বাশারের ৬৩ মিলিয়ে ৩১৬ রান। কিন্তু প্রথম ইনিংসে ১০৪ রানে অলআউট হয়ে যাওয়াটাই ডোবাল। জাভেদ আর খালেদ মাসুদ ছাড়া প্রথম ইনিংসে আর কেউ দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি। প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে আরও ৫টি উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দেন ম্যাথু হগার্ড। বাংলাদেশের বড় দ্বিতীয় ইনিংসের কল্যাণে কোনোমতে তৃতীয় দিনের মুখ দেখল ওই টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১০৪ (জাভেদ ৩৭; হার্মিসন ৫/৩৮, হগার্ড ৩/২৪) ও ৩১৬ (আফতাব ৮২*, জাভেদ ৭১, হাবিবুল ৬৩; হগার্ড ৫/৭৩, ফ্লিনটফ ৩/৫৮)।
ইংল্যান্ড: ৪৪৭/৩ ডি. (ট্রেসকোথিক ১৫১, বেল ১৬২*, থর্প ৬৬*)।
ফল: ইংল্যান্ড ইনিংস ও ২৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ম্যাথু হগার্ড।
২০-২৪ মার্চ ২০১০
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে চমকেই দিয়েছিল বাংলাদেশ। শুরুতেই ঝড় তুলেছিলেন তামিম। কিন্তু তাঁর মতো মাহমুদউল্লাহ, নাঈম ও শফিউলও হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরি বানাতে পারেননি। নইলে বাংলাদেশের স্কোরটা ৪১৯–এর চেয়েও বেশি হতো। বাংলাদেশের কেউ যেটি পারেননি সেটিই করলেন ইয়ান বেল। তাঁর সেঞ্চুরির সঙ্গে ব্রেসনানের ৯১ রান মিলিয়ে প্রথম ইনিংসে ৭৭ রানের লিড পেল ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি না পাওয়া সাকিব দ্বিতীয় ইনিংসে আউট হলেন সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে। সঙ্গে তামিমের আরও একটি ফিফটিতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৮৫। তারপরও অবশ্য কুকের সেঞ্চুরিতে খুব সহজেই ২০৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪১৯ (তামিম ৮৫, মাহমুদউল্লাহ ৫৯, নাঈম ৫৯*, শফিউল ৫৩; সোয়ান ৪/১১৪) ও ২৮৫ (সাকিব ৯৬, তামিম ৫২; ট্রেডওয়েল ৪/৮২)।
ইংল্যান্ড: ৪৯৬ (বেল ১৩৮, ব্রেসনান ৯১, ট্রট ৬৪, প্রায়র ৬২; সাকিব ৪/১২৪, রাজ্জাক ৩/১৩২) ও ২০৯/১ (কুক ১০৯*, পিটারসেন ৭৪*)।
ফল: ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।
২৭-৩১ মে ২০১০
লর্ডস, লন্ডন
৯৪ বলে সেঞ্চুরি করলেন তামিম, ১৯৯০ সালে আজহারউদ্দিনের ৮৭ বলে সেঞ্চুরির পর যেটি ছিল লর্ডসে দ্রুততম টেস্ট সেঞ্চুরি। লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলার স্বপ্নের কথা তামিম বলে গিয়েছিলেন দেশ থেকেই। প্রথম ইনিংসে ৫৫ রানে আউট হয়ে যাওয়ায় সেটা হয়নি, হলো দ্বিতীয় ইনিংসে। এর আগেই ৫০৫ রানে অলআউট হয়ে যাওয়া ইংল্যান্ডের ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলেছেন শাহাদাত হোসেন। ফলো অনে পড়ে তামিমের বিধ্বংসী সেঞ্চুরিতেই ইংল্যান্ডকে শেষ পর্যন্ত জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য দিতে পেরেছিল বাংলাদেশ। জোনাথন ট্রটের ক্যারিয়ার–সেরা ২২৬ রানের ইনিংসটাও ওই টেস্টের প্রথম ইনিংসে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০৫ (ট্রট ২২৬, স্ট্রাউস ৮৩; শাহাদাত ৫/৯৮) ও ১৬৩/২ (স্ট্রাউস ৮২*)।
বাংলাদেশ: ২৮২ (জুনায়েদ ৫৮, তামিম ৫৫; অ্যান্ডারসন ৪/৭৮, ফিন ৪/১০০) ও ৩৮২ (তামিম ১০৩, ইমরুল ৭৫, জুনায়েদ ৭৪; ফিন ৫/৮৭, ব্রেসনান ৩/৯৩)।
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন ফিন।
৪-৬ জুন ২০১০
ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার
আবারও তামিম, আবারও চোখধাঁধানো সব শটে ঝোড়ো সেঞ্চুরি (১০০ বলে)। কিন্তু সঙ্গী হিসেবে কেউ দীর্ঘ সময় দাঁড়াতে না পারায় ইংল্যান্ডের ৪১৯ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ থেমে গেল ২১৬ রানেই। এরই মধ্যে অবশ্য ৫ উইকেট নিয়ে বল হাতে আলো ছড়ালেন সাকিব। ফলো অনে পড়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটা হলো ভুলে যাওয়ার মতো, ১২৩ রানেই অলআউট! প্রথম ইনিংসে বাংলাদেশকে ভুগিয়েছিলেন গ্রায়েম সোয়ান ও আজমল শেহজাদ, দ্বিতীয় ইনিংসে ধসিয়ে দিলেন দুই পেসার অ্যান্ডারসন আর ফিন। দুই টেস্টের ওই সিরিজে দুই দলের হয়ে সবচেয়ে বেশি রান ছিল তামিমের (২৬৮)। ফিনের পাশাপাশি তাই তিনিও সিরিজ-সেরা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪১৯ (বেল ১২৮, প্রায়র ৯৩; সাকিব ৫/১২১)।
বাংলাদেশ: ২১৬ (তামিম ১০৮; সোয়ান ৫/৭৬, শেহজাদ ৩/৪৫) ও ১২৩ (ফিন ৫/৪২, অ্যান্ডারসন ৩/১৬)।
ফল: ইংল্যান্ড ইনিংস ও ৮০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইয়ান বেল।

১২-১৬ মার্চ ২০১০
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
অ্যালিস্টার কুক আর পল কলিংউডের বড় দুটি সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৯৯ রানের পাহাড় দাঁড় করিয়েছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিকের ব্যাটে বাংলাদেশও স্বপ্ন দেখছিল। শেষ দিকে মুশফিক কাউকে সঙ্গী হিসেবে পেলে হয়তো ২৯৬ নয়, রানটা আরও বাড়ত। ইংল্যান্ড ৭ উইকেটে ২০৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণার পর জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৩। ১১০ রানের ৫ উইকেট চলে যাওয়ার পর জুনায়েদ সিদ্দিক আর মুশফিকুর রহিম গড়লেন ১৬৭ রানের জুটি। জুনায়েদ সেঞ্চুরি পেলেও মুশফিক ফিরলেন ৫ রান দূরে থেকে। দুজনই গ্রায়েম সোয়ানের শিকার। জিম লেকারের পর ইংল্যান্ডের প্রথম অফ স্পিনার হিসেবে সোয়ানের ম্যাচে ১০ উইকেটই গড়ে দিল টেস্টের ভাগ্য।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫৯৯/৬ ডি. (কুক ১৭৩, কলিংউড ১৪৫, পিটারসেন ৯৯, বেল ৮৪) ও ২০৯/৭ ডি. (সাকিব ৪/৬২)।
বাংলাদেশ: ২৯৬ (তামিম ৮৬, মুশফিক ৭৯, মাহমুদউল্লাহ ৫১; সোয়ান ৫/৯০) ও ৩৩১ (জুনায়েদ ১০৬, মুশফিক ৯৫; সোয়ান ৫/১২৭, ব্রেসনান ৩/৬৩)।
ফল: ইংল্যান্ড ১৮১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: গ্রায়েম সোয়ান।
গ্রন্থনা: কামরুল হাসান