ফিরে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
.
.
অনেক কিছুর জন্যই মনে থাকবে এবারের শ্রীলঙ্কা সফর। সবচেয়ে উজ্জ্বল—শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্টে জয়। সে গৌরবের সঙ্গে এক কাতারে না দাঁড়াতে পারলেও টেস্ট, ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও কাল শেষ হয়েছে ১-১ সমতায়। এই প্রথম কোনো পূর্ণাঙ্গ সফরের তিন সংস্করণের সিরিজেই অপরাজিত রইল বাংলাদেশ দল। মাঠের সাফল্যের মতো মাঠের বাইরেও আলোচনা আর বিতর্কের অভাব ছিল না এই সিরিজে

শততম টেস্টে জয়

১৬ মার্চ রাতটা বাংলাদেশের বড্ড দুশ্চিন্তায় কেটেছে। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের শেষটা যখন হলো সাকিব আল হাসানের পাগলাটে ব্যাটিংয়ে। কিন্তু পরের তিনটা দিন সে দুশ্চিন্তাকে বাড়াবাড়িই মনে হয়েছে। মিরাজের ব্যাট থেকে জয়সূচক রান এলেও শততম টেস্টে বাংলাদেশের জয়টা কিন্তু এনে দিয়েছেন এগারোজন মিলেই!
কলম্বো টেস্ট শুরুই হয়েছিল বাদ্যি-বাজনার মধ্যে। শততম টেস্ট খেলছে বাংলাদেশ, একটু শোরগোল না হলে কি চলে! এর আগে অন্য কোনো দলের এই মাইলফলক নিয়ে এত আওয়াজ ওঠেনি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই মাইলফলক রূপ নিল উৎসবে। অথচ আগের টেস্টেই কী অসহায় মনে হয়েছিল দলটাকে। কলম্বোর পি সারা ওভালে তারা নেমেছিল গল টেস্টের ২৫৯ রানের হারের হতাশা নিয়ে।
ইতিহাসে নাম লেখানো সেই পাঁচ দিনে কত কিছুরই না দেখা মিলল। তামিমের দুর্দান্ত ব্যাটিং, মুশফিকের শান্ত-ধীরস্থির অধিনায়কোচিত ইনিংস, টেস্টেও ম্যাচ জেতানো মোস্তাফিজের ফেরা, অভিষেকে জাত চেনানো মোসাদ্দেক, সাহসী ব্যাটিংয়ের ‘নতুন’ সাব্বির আর বলে-ব্যাটে সাকিবের দলকে টেনে নেওয়া—সবকিছুই গেঁথে গেল এক সুরে। এল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট জয়। কোনো পূর্ণ শক্তির বড় দলকে তাদেরই মাঠে হারানোর সাফল্যও এটাই প্রথম। আর তাতে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের অনন্য এক রেকর্ডে ভাগ বসাল বাংলাদেশ। শততম টেস্ট ও শততম ওয়ানডে—দুটোতেই জয় তো আর প্রতিদিনকার বিষয় নয়।

.
.

সাদার পর রঙিন
টেস্টের সাফল্য বাংলাদেশ দল টেনে নিয়েছে সীমিত ওভারেও। শততম টেস্ট জয়ের স্মৃতি তাজা থাকতে থাকতেই প্রথম ওয়ানডেতে দাপুটে জয়। তামিমের সেঞ্চুরিতে ৩২৪ রান। জয়ের জন্য যা যা করা দরকার ছিল, বোলিং-ফিল্ডিংয়েও বাংলাদেশ দলও ঠিক তা-ই করেছে। ম্যাচ জেতানোর দায়িত্ব বোলাররা সবাই ভাগাভাগি করে নিয়েছেন নিজেদের কাঁধে। ৯০ রানের জয়ে শুরু ওয়ানডে সিরিজ। বাংলাদেশ অবশ্য সিরিজ জিততে পারেনি তৃতীয় ম্যাচটা হেরে বসায়। টি-টোয়েন্টি সিরিজে শুরুটা শ্রীলঙ্কারই ছিল। কিন্তু কাল দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ আবারও দেখাল, এবার তারা হার মানতে যায়নি শ্রীলঙ্কায়। ৪৫ রানের জয়ে এই সিরিজও ড্র করেছে মাশরাফি বিন মুর্তজার দল। শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাশরাফি পেলেন সেরা উপহার।
মাহমুদউল্লাহকে নিয়ে নাটক
গল টেস্টে রান পাননি। তবে ভারতের বিপক্ষে আগের টেস্টেই করেছেন ফিফটি। তা ছাড়া অভিজ্ঞতা বলেও তো একটা কথা আছে। কলম্বো টেস্টের একাদশ থেকে মাহমুদউল্লাহকে বাদ দেওয়া নিয়ে তাই দুই রকম মত থাকাই স্বাভাবিক ছিল। তাই বলে তাঁকে স্কোয়াড থেকেই বাদ দিয়ে দিতে হবে! আলোচিত শ্রীলঙ্কা সফরে প্রথম আলোচিত ঘটনা দ্বিতীয় টেস্টের ১৫ জনের দল থেকে মাহমুদউল্লাহর বাদ পড়া। আরও বিস্ময়কর হলো, দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানিয়েছিলেন তিনি নাকি দেশেও ফিরে আসবেন। ওয়ানডে সিরিজের সময় আবার যাবেন। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ দলের সঙ্গে থেকে গেলেও শততম টেস্টের দল থেকে তাঁর বাদ পড়ার ঘটনা সিরিজজুড়েই ছিল আলোচনায়।

.
.

‘তাসট্রিক’
দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সও আলো ছড়িয়েছে শ্রীলঙ্কা সফরে। তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তাসকিন আহমেদের হ্যাটট্রিক। ইনিংসের শেষ তিন বলে আসেলা গুনারত্নে, সুরাঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপকে ফিরিয়ে ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে ডানা মেলেন তাসকিন। বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হলেও মুছে যায়নি তাসকিনের অর্জন। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে হ্যাটট্রিক করা পঞ্চম বোলার হিসেবে রেকর্ড বইয়ে উঠে গেছে তাঁর নাম।
সভাপতি ‘বচন’
বাংলাদেশের ক্রিকেটের সব বিষয়েই বিসিবি সভাপতি নাজমুল হাসানের কিছু না-কিছু বলার থাকে। সেটি বেশির ভাগ সময়ই জন্ম দেয় বিতর্কের। তবে সবচেয়ে বড় বিতর্কটা বোধ হয় এবারই হয়ে গেল। সফরের মধ্যে কেউ দলে ঢুকলে বা দল থেকে বাদ পড়লে সে সিদ্ধান্ত নেওয়ার কথা টিম ম্যানেজমেন্টের। বড়জোর নির্বাচকদের সম্পৃক্ততা থাকতে পারে। কিন্তু দ্বিতীয় টেস্টের দল থেকে মাহমুদউল্লাহ বাদ পড়ার পর সবাইকে অবাক করে সভাপতি জানালেন, এই সিদ্ধান্ত নাকি তাঁর! টেস্ট সিরিজের পর দেশে ফিরে আসা মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য শ্রীলঙ্কায় ফিরিয়ে নেওয়া নিয়েও বলেছেন একই কথা। অথচ দল নির্বাচনে যেন বোর্ড সভাপতির হস্তক্ষেপ করতে না হয়, সে জন্যই চালু হয়েছিল দ্বিস্তরবিশিষ্ট নির্বাচনপ্রক্রিয়া।

.
.

এক অধ্যায়ের সমাপ্তি
গুঞ্জন একটা ছিলই, ঘোষণাটা আসতে পারে যেকোনো মুহূর্তে। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণটা কখনোই তাঁর পছন্দ ছিল না, তবু দলের প্রয়োজনেই খেলে যাচ্ছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু ৪ এপ্রিল প্রথম টি-টোয়েন্টিতে টসের পর মাশরাফি যখন জানালেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাঁর শেষ সিরিজ; বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই। বছর দুয়েক ধরে সীমিত ওভারে বাংলাদেশের জয়যাত্রা ছিল মাশরাফির নেতৃত্বেই। অধিনায়ক অবশ্য জানিয়েছেন দলের কথা চিন্তা করেই সরে দাঁড়াচ্ছেন। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ও অধিনায়ককে প্রস্তুত হওয়ার সময় দিতেই বর্তমান অধিনায়কের এমন চমক জাগানো সিদ্ধান্ত। তবে সে সিদ্ধান্ত মাশরাফি নিজে নিয়েছেন নাকি তাঁকে নিতে বাধ্য করা হয়েছে, সেটা নিয়েই আছে প্রশ্ন।