ফিরেই আবুল হাসানের ধাক্কা
প্রথম ২ ওভার ভালোই করেছেন বোলিং। তৃতীয় ওভার থেকে ঘাড়ে খানিকটা অস্বস্তি। চতুর্থ বলটি করার পর নাড়াতেই পারছিলেন না ঘাড়। কোনোরকমে পঞ্চম বলটি করার পর ঘাড় একদম আটকে গেল। দেড় বছর পর মাঠে নেমেছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। কিন্তু আবুল হাসানের সেই রোমাঞ্চ ১৫ মিনিটেই রূপ নিল বিষাদে। মাঠ ছাড়লেন তখনই, পরে আর বোলিংই করতে পারেননি। অস্বস্তি নিয়েই পরে ব্যাটিংয়ে নেমেছিলেন দলের প্রয়োজনে। একটাই সান্ত্বনা, শেষ পর্যন্ত চোটটা গুরুতর হয়ে দেখা দেয়নি।
দল হারলেও দিন শেষে বরং দুশ্চিন্তামুক্তই হয়েছেন অভিষেক টেস্টে ১০ নম্বরে নেমে সেঞ্চুরির ইতিহাস গড়া পেসার, ‘খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম, আবার কিছু হলো নাকি! ফিজিও অবশ্য পরে বললেন যে অনেক দিন পর মাঠে নেমেছি বলে অমন হতে পারে। তখন ঘাড় একটুও নাড়াতে পারছিলাম না। এখন অনেকটাই ঠিক। ফিজিও বলেছেন পরের ম্যাচেই খেলতে পারব।’