ফিরেই জিতলেন মালিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলিং অ্যাকশনটা একই রকম আছে। চুলও। তবু তাঁকে দেখেই বিস্ময় জাগে—এ কোন লাসিথ মালিঙ্গা! বড়সড় একটা ভুঁড়ি নিয়ে দৌড়াচ্ছেন, বলের গতিও কমে গেছে অনেক। এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার প্রভাব তাহলে ভালোই পড়েছে শ্রীলঙ্কান ফাস্ট বোলারের ওপর!
গত বছরের ফেব্রুয়ারির পর কালই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মালিঙ্গা। তাঁর ফেরার দিনে জয় নিয়েই মাঠ ছেড়েছে লঙ্কানরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মেলবোর্নে অস্ট্রেলিয়া হেরেছে ৫ উইকেটে। অস্ট্রেলিয়ার ১৬৮ রান উপুল থারাঙ্গার দল পেরিয়েছে শেষ ওভারের নাটকীয়তায়।
শেষ ওভারে ৬ রান—সেখান থেকে জয়ের জন্য শ্রীলঙ্কার সমীকরণটা দাঁড়ায় ১ বলে ১। শেষ বলে দুর্দান্ত কাভার ড্রাইভে চার মেরে দলকে জেতান চামারা কাপুগেদারা। লঙ্কানদের জয়ের ভিত্তি অবশ্য গড়ে দিয়েছিলেন দিলশান মুনাবীরা (২৯ বলে ৪৪) ও আসেলা গুনারত্নে (৩৭ বলে ৫২ রান)। অস্ট্রেলিয়ার হয়ে রান যা করার করেছেন প্রথম তিন ব্যাটসম্যানই—অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৪৩), কালই ৩৬ বছর ২২৮ দিন বয়সে অভিষিক্ত মাইকেল ক্লিঙ্গার (৩৮) ও ট্রাভিস হেড (৩১)। স্টার স্পোর্টস।