ফিরেই তো এল বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দিনের শেষে

বাংলাদেশ ১ম ইনিংস: ৩০৫

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৭৭/৯

জন্মদিনে অনেক শুভেচ্ছাই পেয়ে থাকবেন। হয়তো উপহারও। কাল দিনের খেলা শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে জন্মদিনের কেক কাটা হলো। সেই কেকে সতীর্থরা মাখামাখি করে দিলেন তাঁর মুখ। জন্মদিনের সেরা উপহারটা অবশ্য নিজেই নিজেকে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। ডেভিড ওয়ার্নারের উইকেট!

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে তাঁর অধিনায়ক। সতীর্থদের মুখোমুখি লড়াইয়ে বাড়তি একটা ঝাঁজ থাকে। ওয়ার্নারের উইকেটটা এমনিতেও তাই মোস্তাফিজের জন্য একটু আলাদা হয়ে থাকত। এখানে তা আরও বিশেষ হয়ে থাকছে ম্যাচের প্রেক্ষাপটে উইকেটটির গুরুত্বের কারণে।

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের তালিকা করতে গেলে তাঁর নাম তাতে থাকবেই থাকবে। চার-ছয়ই যাঁর ব্যাটিংয়ের ভাষা, সেই ওয়ার্নার অস্ট্রেলিয়ার ক্রিকেটে এই টেস্টটির মহাতাৎপর্যের কথা ভেবে নিজেকে যেভাবে আমূল বদলে ফেললেন, তা চোখে না দেখলে কারও বিশ্বাস হওয়ার কথা নয়।

স্কোরবোর্ড যখন জানাবে, ৩৬২ মিনিটে ২৩৪ বল খেলে ওয়ার্নারের ১২৩ রান, কারও মনে হতেই পারে, কোথাও একটা ভুল হয়েছে। এর আগের ১৯টি টেস্ট সেঞ্চুরির কোনোটিতে ১৫৪ বলের বেশি লাগেনি। সেঞ্চুরি করতে ১৫০ বলের বেশিও লেগেছে ওই একবারই। এখানে সেই ওয়ার্নারের সেঞ্চুরি কিনা ২০৯ বলে! চার মাত্র ৫টি!

কেন এমন বদলে যাওয়া, সেটি অনুমান করা একটুও কঠিন নয়। অস্ট্রেলিয়ার কাছে এটি আর দশটা টেস্ট ম্যাচ নয়। চোখ রাঙাচ্ছে বাংলাদেশের কাছে সিরিজ হেরে যাওয়ার দুঃস্বপ্ন। যেটি এড়াতে নিজের সহজাত খেলা কেন, আরও অনেক কিছুই বিসর্জন দিতে প্রস্তুত ডেভিড ওয়ার্নার।

টেস্টের প্রথম দুই দিন আবহাওয়ার পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়ে রোদে ভেসেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ‘বাঘ এসেছে’, ‘বাঘ এসেছে’ বলতে বলতে কাল সত্যিই ‘বাঘ’ এল। খেলা শুরুর নির্ধারিত সময়ের একটু আগে শুরু হলো তুমুল বৃষ্টি। প্রথম সেশনের পুরোটাই যা ভাসিয়ে নিয়ে গেল। বেলা সোয়া একটায় শুরু হয়ে খেলা হতে পারল মাত্র ৫৪ ওভার। তাতেই প্রবল বিক্রমে ম্যাচে ফিরে এল বাংলাদেশ।

এরই মধ্যে অস্ট্রেলিয়ার লিড হয়ে গেছে ৭২। শেষ উইকেটে তা আরও একটু বাড়তেই পারে। ওয়ার্নার তো আশা করছেন, শেষ দুই ব্যাটসম্যান ও’কিফ আর লায়ন মিলে এটিকে ১০০-তে নিয়ে যাবেন। তাহলে বাংলাদেশ প্রবল বিক্রমে ম্যাচে ফিরল কোথায়?

ফিরলই তো! কালকের খণ্ডিত দিনটি তো পুরোই বাংলাদেশের। হাতে ৮ উইকেট নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া ইনিংসটাকে এমন করতে চেয়েছিল, যাতে এই ম্যাচে আর ব্যাটিং করতে না হয়। সেটির প্রশ্নই আর উঠছে না। জিততে হলে চতুর্থ ইনিংসে রান তাড়া করার চ্যালেঞ্জে জেতা ছাড়া আর কোনো পথ নেই।

বাংলাদেশ সর্বোচ্চ কী চেয়েছিল? অধিনায়ক মুশফিকুর রহিম আগের দিনই বলেছিলেন, অস্ট্রেলিয়ার লিডটা ৭০ রানের মধ্যে রাখতে পারলেই তিনি খুশি। আজ অস্ট্রেলিয়ার শেষ জুটিটা গলার কাঁটা হয়ে না দাঁড়ালে সেই লক্ষ্য তো প্রায় পূরণই হয়ে যাচ্ছে।

এতে বড় অবদান দুই বন্ধু মোস্তাফিজ ও মিরাজের। দুজনেরই ৩টি করে উইকেট। মিরাজের ৩টিই এদিন। মোস্তাফিজ আগের দিনই একটি উইকেট নিয়ে রেখেছিলেন। সেই উইকেটটি যত না নিজের কৃতিত্বে, তার চেয়ে বেশি রেনশর ভুল আর মুশফিকের দুর্দান্ত এক ক্যাচে। কালকের মোস্তাফিজ স্বরূপে উদ্ভাসিত। ৮৪ রানে ৩ উইকেট, তবে শুধু এ দিনের বোলিংটা আলাদা করে নিলে সেটি দেখাবে ১০-২-৩৯-২। শ্রীলঙ্কায় ওই একটা স্পেল বাদ দিলে কাঁধে অস্ত্রোপচারের পর থেকে নিজের ছায়া হয়েই আছেন। কালকের বোলিংয়ের পর অবশ্য ‘আছেন’-এর বদলে ‘ছিলেন’ লেখা উচিত। অস্ট্রেলিয়ার পরের ইনিংসে স্পিনারদের সঙ্গে মোস্তাফিজের কাছেও এখন বড় কিছু চাইতেই পারে বাংলাদেশ।

পরের কথা পরে। কাল যা হলো, তাতে দুটি উইকেটকে একটু আলাদা করে নিতে পারেন। ওয়ার্নারের মতোই তাৎপর্যময় হ্যান্ডসকম্বের উইকেটটাও। এই দুজনের জুটিটাই তো ম্যাচ থেকে বের করে দিচ্ছিল বাংলাদেশকে। সেটি ভেঙেছে সাকিবের দুর্দান্ত ফিল্ডিংয়ে। ৯৯ রানে থাকা ওয়ার্নারের সেঞ্চুরির জন্য একটু বেশিই ব্যাকুল হয়ে পড়েছিলেন। ওয়ার্নার ফিরিয়ে দেওয়ার পর তাঁকে আর ক্রিজে ফিরতে দেয়নি স্টাম্প ভেঙে দেওয়া সাকিবের সরাসরি থ্রো।

এটি যদি বাংলাদেশের ফিল্ডিংয়ের উজ্জ্বলতম অধ্যায় হয়, অন্ধকার অধ্যায়ও আছে। ক্যাচ ফেলার অভ্যাসটা যে যাচ্ছেই না! সেসবও একেবারে সহজ সহজ ক্যাচ। কাল যা ফেললেন সৌম্য ও মিরাজ। মিরাজ গালিতে, সৌম্য স্লিপে। এখন যে অবস্থায় দাঁড়িয়ে এই টেস্ট, তাতে বাংলাদেশের জন্য মহা এক দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে এই ক্যাচিং।

একটি-দুটি ভুলই যে এখন বদলে দিতে পারে ম্যাচের দৃশ্যপট।