ফিরেই সাকিবের বোলিং জাদু

ব্যাটিংয়ের তো সুযোগই পাচ্ছিলেন না, বল হাতেও ঝলক দেখানো যাচ্ছিল না। ওয়ানডে সিরিজের পর সাকিব আল হাসানের ব্যাট হেসে উঠলেও বোলিংটা ঠিক মন মতো হয়নি। টেস্ট সিরিজে ৩২৫ রান দিয়ে ২ উইকেট! ১৬২.৫০ গড়-সাকিবের ক্যারিয়ারেরই সবচেয়ে বাজে বোলিং।
তবে ছন্দটা ফিরে পেতে একদমই সময় নিলেন না। আইপিএলে ফিরতেই বোলিংয়ের জাদু দেখালেন। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ইকোনমি ৫.৫০। মুম্বাইয়ের প্রথম তিন উইকেটের দুটোই সাকিবের। কলকাতার সেরা বোলারও তিনি।
তৃতীয় ওভারেই সাকিবকে আক্রমণে আনেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। ৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সাকিব। উদ্দেশ্য-জমে ওঠা ওপেনিং জুটিটা ভাঙা। দ্বিতীয় ওভারেই অধিনায়কের চাওয়া পূরণ করে দিয়ে মিডউইকেটে পার্থিব প্যাটেলকে মনীষ পাণ্ডের ক্যাচ বানান। নিজের তৃতীয় আর ইনিংসের সপ্তম ওভারে আম্বাতি রাইডুকে ফেরান মাত্র ২ রানে।
টানা তিন ওভার করানোর পর সাকিবের একটি ওভার জমিয়ে রাখেন গম্ভীর। ১৪তম ওভারে আবার আক্রমণে ফেরেন। এবার উইকেট না পেলেও একটি বাউন্ডারিও খাননি। সব মিলিয়ে সাকিবের বলে মাত্র তিনটি চার হয়েছে। সাকিব ডট বল করেছেন ১২টি, মানে কিনা দুই ওভার!
অবশ্য ৪ উইকেটে ১৭১ রান তুলে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয় মুম্বাই। হার্দিক পাণ্ডে ৩১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন। চাওলা, নারাইন, রাসেল প্রত্যেকে ওভার পিছু ৯-এর বেশি রান দিয়েছেন। উমেশ যাদব তো ৩ ওভারে দিয়েছেন ৩৭ রান। সাকিব আজ বোলিংয়ে বাঁধ না তুললে আরও বিপদ হতো কলকাতার। পরে ব্যাট হাতে তিনটি চারে ১৫ বলে ২৩ রান করে অবদান রাখার চেষ্টা করেছেন। ইউসুফ পাঠানের ৩৭ বলে ৫২ রানের ইনিংসটা জয়ের প্রান্তেও নিয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কলকাতা ম্যাচটা হেরে যায় ৫ রানে।
এই পরাজয়েও অবশ্য ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল কলকাতা। তবে ১৪ পয়েন্ট নিয়ে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে হায়দরাবাদ, রাজস্থান আর মুম্বাই। শনিবার রাজস্থানের বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলবে কলকাতা।