
১৮ বলে দরকার ২৫ রান, নিউজিল্যান্ডের হাতে আছে ৪ উইকেট। রুদ্ধশ্বাস সমাপ্তির অপেক্ষায় নেলসনের নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা চতুর্থ ওয়ানডে। কিন্তু আগুনে ব্যাটিংয়ে সব উত্তেজনায় জল ঢেলে দিলেন লুক রনকি। থিসারা পেরেরার করা ৪৮তম ওভার থেকে ২৪ রান তুলেই ম্যাচ শেষ করে দিলেন কিউই উইকেটকিপার ব্যাটসম্যান। পরের ওভারের প্রথম বলে ড্যানিয়েল ভেট্টোরির বাউন্ডারিতে ১১ বল হাতে রেখেই ২৭৭ রানের লক্ষ্য পেরিয়ে যায় নিউজিল্যান্ড। ৪ উইকেটের এই জয়ে ৭-ম্যাচ সিরিজে স্বাগতিকেরা এখন ২-১-এ এগিয়ে।
রনকি সমাপ্তি টেনেছেন, তবে কাল স্যাক্সটন ওভালে নিউজিল্যান্ডের নায়ক কেন উইলিয়ামসন। দুই ম্যাচের বিশ্রাম শেষে দলে ফিরেই দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর পঞ্চম ওভারেই উইকেটে আসা উইলিয়ামসন ১০৭ বলে করেছেন ১০৩ রান। ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন উইলিয়ামসনেরই (৩টি)। উইলিয়ামসনকে ভালোই সঙ্গ দিয়েছেন গ্রান্ট এলিয়ট (৫৮ বলে ৪৪) ও মাত্রই ডি ভিলিয়ার্সের কাছে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড খোয়ানো কোরি অ্যান্ডারসন (৪৪ বলে ৪৭)। শেষে ঝড় তোলা রনকি অপরাজিত ছিলেন ১৫ বলে ৩২ রান করে।
এর আগে শ্রীলঙ্কার ২৭৬ রানের ইনিংসটা পুরোপুরিই দুই ‘বুড়ো’ সাঙ্গাকারা ও জয়াবর্ধনেময়। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি মাহেলা জয়াবর্ধনে। ৭৬ রান করার পথে সনাৎ জয়াসুরিয়াকে টপকে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন কুমার সাঙ্গাকারা।
সিরিজের পঞ্চম ওয়ানডে ২৩ জানুয়ারি ডানেডিনে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪৯.৩ ওভারে ২৭৬ (করুনারত্নে ৫, দিলশান ৪৪, সাঙ্গাকারা ৭৬, জয়াবর্ধনে ৯৪, ম্যাথুস ০, থিরিমান্নে ১৯, পেরেরা ৫, মেন্ডিস ১২, কুলাসেকারা ৪, সেনানায়েকে ১*, হেরাথ ০; সাউদি ৩/৫৯, মিলনে ২/২৮, ম্যাকলেনাহান ২/৫৮, অ্যান্ডারসন ১/১৯, এলিয়ট ০/১৯, ভেট্টোরি ০/৪১, উইলিয়ামসন ১/৫০)।
নিউজিল্যান্ড: ৪৮.১ ওভারে ২৮০/৬ (গাপটিল ২০, ম্যাককালাম ১১, উইলিয়ামসন ১০৩, টেলর ৮, এলিয়ট ৪৪, অ্যান্ডারসন ৪৭, রনকি ৩২*, ভেট্টোরি ৭*; কুলাসেকারা ১/৫১, ম্যাথুস ১/১৬, হেরাথ ১/৩৯, পেরেরা ১/৫৮, সেনানায়েকে ০/৫৭, মেন্ডিস ১/৪০, দিলশান ০/১৮)।
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কেন উইলিয়ামসন।
