ফিরেই ৯৪ এনামুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁধের চোট বিশ্বকাপ থেকে ছিটকে ফেলেছিল এনামুল হক বিজয়কে। দুই ম্যাচ খেলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড থেকে ফেরা জাতীয় দলের ওপেনার গত প্রায় দুমাস মাঠের বাইরেই ছিলেন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ ও পাকিস্তান সিরিজে তিনি নেই। অবশেষে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেই দলের হাল ধরতে হয়েছে এই ডানহাতি ব্যাটসম্যানকে। কাল বিসিএলের চার দিনের সংস্করণের উদ্বোধনী ম্যাচে এনামুলের ৯৪ রানেই বিপর্যয় এড়িয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
বিসিবি উত্তরাঞ্চলের মিডিয়াম পেসার আরিফুল হকের বোলিং তোপে ১৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে দক্ষিণাঞ্চল। দিন শেষে রান ৮ উইকেটে ২৫৫। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া এনামুল পঞ্চম উইকেটে নুরুল হাসানকে নিয়ে যোগ করেন ১৪২ রান। ৬ চার ও ১ ছয়ে ১৪৭ বলে ৭৮ রান করেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল। এনামুলের ২২৬ বলের ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা। এ দুজনের বাইরে বলার মতো রান পেয়েছেন শুধু জিয়াউর রহমান (৩৮) ও সোহাগ গাজী (অপরাজিত ২৪)।
প্রথম স্পেলে ইমরুল কায়েস (৯), সৈকত আলী (৩), মোহাম্মদ মিঠুন (০) ও তুষার ইমরানকে (১) ফেরানো আরিফুল তুলে নিয়েছেন জিয়া ও রাজ্জাকের উইকেট দুটিও। ২০ ওভারে ৪৮ রানে ৬ উইকেট-৩৮ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটিই তরুণ আরিফুলের সেরা বোলিং।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণাঞ্চল: ৯০ ওভারে ২৫৫/৮ (এনামুল ৯৪, নুরুল ৭৮, জিয়া ৩৮; আরিফুল ৬/৪৮, ফরহাদ ১/৪, সাকলাইন ১/২৬)।