
অস্ট্রেলিয়ায় ক্রিকেট মানে বাংলাদেশের জন্য সব দিক দিয়েই চ্যালেঞ্জ। ব্যাটিং-বোলিং এমনকি ফিল্ডিংয়েও। বলতে পারেন, অস্ট্রেলিয়ার উইকেট আর জল-হাওয়া না হয় ব্যাটিং-বোলিংকে এদিক-সেদিক করে দেয়। কিন্তু ফিল্ডিংয়ে সমস্যাটা কী? ও রকম মখমলের মতো মসৃণ মাঠেই তো বরং ফিল্ডিং করে মজা!
কতটা ‘মজা’ সেটা আসলে ক্রিকেটাররাই টের পান। বিশ্বের যেকোনো মাঠের তুলনায় অস্ট্রেলিয়ার মাঠগুলো তুলনামূলকভাবে এমনই বড় যে, ব্যাটসম্যানরা অনেক সময় দৌড়েই চার রান নিয়ে নেন। দারুণ ডাইভে সীমানাদড়ির আগেই বল থামিয়ে দিয়েও সব সময় লাভ হয় না ফিল্ডারদের। বিশ্বকাপের ছয়টা গ্রুপ ম্যাচের চারটিই বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ায়। বোলিং-ব্যাটিংয়ের মতো ২০১৫ বিশ্বকাপে ফিল্ডিংয়েও তাই বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দাঁড়িয়ে কাল বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলও মানলেন কথাটা। তবে অস্ট্রেলিয়ান ‘কন্ডিশনে’ও ফিল্ডিংটাকে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য খুব বড় কোনো সমস্যা মনে করছেন না এই ব্রিটিশ, ‘এটা ঠিক যে মাঠগুলো একটু বড়। তবে আমাদের এখানেও অনেক বড় বড় মাঠ আছে, কাজেই এটা সমস্যা নয়।’ প্রতিপক্ষের ব্যাটসম্যানরা দৌড়েই অনেক রান নিয়ে নেবে, বাউন্ডারি সীমানায় ফিল্ডারদের ব্যস্ত সময় কাটবে, এসব মেনেও হ্যালসল আছেন চমকের আশায়, ‘সাম্প্রতিক ফিল্ডিং পারফরম্যান্স দেখে মনে হচ্ছে, বিশেষ করে সাব্বির রহমানের মতো কারও অন্তর্ভুক্তি দলের ফিল্ডিংয়ে অনেক বড় পরিবর্তন আনবে। আমার আশা, অন্তত ফিল্ডিংয়ের দিক দিয়ে বিশ্বকাপে আমরা মাথা উঁচু করেই থাকতে পারব। হয়তো কিছু মানুষকে চমকেও দেব।’
হ্যালসলের কথা মনে করিয়ে দিচ্ছে ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের কথা। প্রথম ম্যাচে ভারত আর সুপার এইটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দেওয়া ওই বিশ্বকাপে বাংলাদেশ দলের চমক ছিল ফিল্ডিংয়েও। ২০০৭-এর মতো অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে দৈত্য-বধ বাংলাদেশ দল করতে পারবে কি না সেটি পরের ব্যাপার, তবে ফিল্ডিংয়ে যে বিশেষ কিছু হবেই, সে ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী মনে হলো হ্যালসলকে। তাঁর আত্মবিশ্বাসের কারণ দলের সবার সম্মিলিত প্রচেষ্টা, ‘তামিমের মতো সিনিয়র খেলোয়াড়েরা এখন ডাইভ দিচ্ছে। দুজন মিলে বল তাড়া করছে, ডাইভ দেওয়ার জন্য প্রস্তুত থাকছে, অনেক সময় ব্যথাও পাচ্ছে। সাকিবের প্রভাবটাও একটা ভালো দিক।’ এই প্রসঙ্গে আবার টেনে এনেছেন সাব্বিরকে, ‘সাব্বিরের মতো দু-একজন বিদ্যুৎগতির ফিল্ডারের অন্তর্ভুক্তি যেভাবে ব্যাপারটা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, তা বিস্ময়কর। আশা করছি, অস্ট্রেলিয়ায় তারা বিশেষ কিছু করে দেখাবে।’
মাশরাফি বিন মুর্তজার দৃষ্টিতে বাংলাদেশ দলের সেরা ফিল্ডার সাকিব। সাব্বিরকে তো ‘বিশেষজ্ঞ’ ফিল্ডারও বলা যায়। অন্য যাঁদের দলে আসার পেছনে ফিল্ডিংটাও সব সময় বড় কারণ হয়ে থাকে, নাসির হোসেন তাঁদের অন্যতম। হ্যালসলও আলাদা করেই বললেন নাসিরের কথা, ‘ত্রিশ গজের ভেতরে সে অসাধারণ। তার পক্ষে বিশেষ কিছু করা সম্ভব। এই দলটার এটাই সবচেয়ে চমকপ্রদ দিক—এমন সব খেলোয়াড় আছে যারা মাঠে দারুণ কিছু করে দেখাতে পারে। নাসির তো ওয়েস্ট ইন্ডিজেও তা দেখিয়েছে।’
সাকিব-নাসির-সাব্বিরের মতো ফিল্ডার হওয়া হয়তো সম্ভব সবার পক্ষেই। সে জন্য সবকিছুর আগে প্রয়োজন পরিশ্রম করার মানসিকতা। এ ছাড়া ভালো ফিল্ডার হওয়ার আরেকটা সূত্রও বাতলে দিয়েছেন ফিল্ডিং কোচ, ‘দায়িত্বটা থাকবে সুনির্দিষ্ট, যেন মাঠে যে যে জায়গায় দাঁড়াবে সে অনুযায়ী অনুশীলন করতে পারে। প্রতিটি ব্যাটসম্যান এবং বোলারের ক্ষেত্রে কে কোথায় দাঁড়াবে, সেটা তারা জানবে। আপনি আপনার কাজ নিয়ে যতটা খুশি থাকবেন, আত্মবিশ্বাস ততই বাড়বে।’ অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্লিপ ক্যাচিংটাও হতে পারে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের অনুশীলনে সেদিকেও দৃষ্টি রাখবেন হ্যালসল।
একজন ক্রিকেটারের জন্য জাতীয় দলের হয়ে খেলাটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। সেটা যদি হয় বিশ্বকাপে, তাহলে তো কথাই নেই। ফিল্ডিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। যত বড় মঞ্চ, তত বেশি থাকবে জান বাজি রেখে ঝাঁপিয়ে পড়ার প্রতিজ্ঞা। কাজেই দেশের হয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া কোনো খেলোয়াড়কে অনুপ্রাণিত করার কাজটা অন্তত কোচদের নয় বলেই মানেন রিচার্ড হ্যালসল। আর যদি এই পর্যায়ে আসা কোনো খেলোয়াড়কে উদ্বুদ্ধ করতে কাজ করতে হয় কোচকে, তাহলে ওই খেলোয়াড়ের জন্য শুধু সমবেদনাই বরাদ্দ রাখতে পারেন ইংল্যান্ড দলের সাবেক এই সহকারী কোচ, ‘এই পর্যায়ে আসা একজন খেলোয়াড়কে যদি আপনার অনুপ্রাণিত করতে হয়, তার মানে আমরা হয়তো সঠিক খেলোয়াড়দের বেছে নিইনি।’