ফিল্ডিং নিয়ে ফিল্ডার সাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির
সাব্বির

এশিয়ান গেমসের আগে সেভাবে সাব্বির রহমানকে দেখা হয়নি চন্ডিকা হাথুরুসিংহের। এশিয়াডে দেখলেন এবং মুগ্ধ হলেন। কুয়েতের বিপক্ষে ১৮ বলে ৩৫ করেছিলেন সাব্বির। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত টসে হারা ম্যাচে ৬ রানে ৩ উইকেট পড়ার পর নেমে অপরাজিত ছিলেন ২৫ বলে ২৭ রানে। তবে শুধু রান করাই নয়, বাংলাদেশের কোচের ভালো লাগার কারণ ছিল সাব্বিরের মানসিকতা ও শরীরী ভাষা। অনুশীলনে ও ম্যাটে মাঠে দারুণ চনমনে। মানসিকতা ও খেলার ধরনে ইতিবাচক। আর ফিল্ডিং দুর্দান্ত।
ঘরোয়া ক্রিকেট বছর ছয়েক ধরে খেলছেন সাব্বির। সম্ভাবনাময়দের তালিকায় নামও অনেক দিন ধরে। প্রতিভার প্রতিফলন মাঠে মাঝেমধ্যে পড়লেও ধারাবাহিকতা ততটা ছিল না বলে পরবর্তী ধাপটায় ওঠা হয়ে উঠছিল না। তবে গত মৌসুমে ভালো করেছেন। এ বছরই শ্রীলঙ্কা সিরিজ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ৫টি ম্যাচ খেলা হয়েছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলতে এই টি-টোয়েন্টি ম্যাচগুলোই। নানাজনের পড়তি ফর্ম আর নিজের এগিয়ে চলা মিলিয়ে আসছে জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলে থাকার আশা করতে পারেন। টেস্ট দল থেকে এখনো যোজন যোজন দূর। তার পরও একটা জায়গায় সাব্বির দেশের সেরাদের একজন। অনেকের মতে সেরাই—ফিল্ডিং!
ফিটনেস তাঁর দুর্দান্ত। গত পরশু বিপ টেস্টেও বাকি সবার চেয়ে ভালো করেছেন। ভালো ফিল্ডার হতে হলে ফিটনেস ভালো হতেই হবে। তবে ভালো ফিটনেস থাকলেই সবাই ভালো ফিল্ডার নন। সাব্বিরের ক্ষেত্রে এই দুটি মিলেছে এক বিন্দুতে। মাঠের যেকোনো জায়গায় দুর্দান্ত, রিফ্লেক্স দারুণ। দীর্ঘমেয়াদি নিয়োগ পাওয়ার পর নতুন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের প্রথম কোচিং সেশন ছিল কালই। কালকের দিনটিতে ফিল্ডিং নিয়ে কথা বলার জন্য সাব্বিরের চেয়ে আদর্শ আর কে হতে পারতেন!
আগের দিন ফিল্ডিং কোচ বলেছিলেন, ফিল্ডিংয়ে উন্নতি নির্ভর করে অনেকটাই ক্রিকেটারদের নিজেদের ওপর। সাব্বিরের কণ্ঠেও একই কথা, ‘ফিল্ডিং ও ফিটনেস একেবারে নিজের ওপর। শুধু দলের অনুশীলন নয়, নিজেও বাড়তি কাজ না করলে ফিটনেস-ফিল্ডিংয়ে উন্নতি বেশি করা যায় না। যখন দলের অনুশীলন থাকে না, আমি তখনো নিজের মতো করে ফিল্ডিং নিয়ে কাজ করি। বিশ্রামের দিনগুলোতেও কাজ করি। অনেক সময় ব্যাটে-বলে ভালো না করলেও ফিল্ডিংয়ে কিছু রান সেভ করে দলে অবদান রাখা যায়।’
বাংলাদেশের অনেকেই যেখানে ডাইভিং-স্লাইডিংয়ে অভ্যস্ত নয়, সাব্বির সেখানে দারুণ স্বচ্ছন্দ। সাব্বিরের মতে, ডাইভ দিতে পারা না-পারার ব্যাপারটি অনেকটা মানসিকতার ওপর নির্ভর করে, ‘ডাইভিংটা নিজের ওপর। সবাই যদি মানসিকভাবে প্রস্তুত থাকে ডাইভ দিতে, তাহলেই ব্যাপারটি খুব সহজ। আবার কেউ না দিতে চাইলে তাকে জোর করে ডাইভ দেওয়ানো সম্ভব নয়। অনেকে চোটের ভয়ে ডাইভ দিতে চায় না। কিন্তু টেকনিক্যালি ঠিক থাকলে ডাইভ কোনো ব্যাপার নয়।’
ফিল্ডিংয়ের একটা জায়গায় তিনি বাংলাদেশের প্রায় সবার চেয়েই চোখে পড়ার মতো ব্যবধানে এগিয়ে—থ্রোয়িং। সেটির রহস্যটাও জানালেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার, ‘কাঁধের জোর বাড়ানোর জন্য আমি নিয়মিত কিছু কাজ চলি। হয়তো এ জন্যই থ্রোয়ে গতি থাকে ভালো। আমার হাতও ছোটবেলা থেকে ভালো।’
সাব্বির যা বললেন, কোনোটিই ঠিক মহাকাশবিজ্ঞান নয়। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই জানা কাজগুলোই করেন কজন!